২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিসেবে অস্ট্রেলিয়াই এগিয়ে, তবে...

দৌড় প্রতিযোগীতায় কচ্ছপ না খরগোশ জেতে? গল্পে এখনো কচ্ছপেরই জয়জয়কার। কারণ, গতিতে পিছিয়েও হিসেবে এগিয়ে কচ্ছপ। সেই হিসেবে অস্ট্রেলিয়াও এগিয়ে আর দক্ষিণ আফ্রিকা? এখনো যোজন যোজন দূর! হ্যাঁ, র‌্যাংকিংয়ে ক্যাঙ্গারুদের সেরার আসনটা দখলে নেওয়ার পরও। তারপরও হালে দু --- দলের দ্বৈরথে সম্ভাবনার পাল্লা কোনোদিকেই খুব বেশি হেলে থাকে না। তাই তো সব ম্যাচেই থাকে সেয়ানে -- সেয়ানে লড়াইয়ের আমেজ। শনিবার ওয়ার্নার পার্কেও সে আমেজ থাকবেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

না, গল্পের খরগোশ -- কচ্ছপকে টেনে আনলেও ক্রিকেটের দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া কোনো বিচারেই খরগোশের মতো নিরীহ বা কচ্ছপের মতো মাথা -- গোটানো ভীরু -- কাপুরুষ নয়। প্রাণী জগতে তাদের সমতুল্য যদি খুঁজতেই হয় তবে নাম আসবে শৌর্য্যে, বীর্যে এক না হলেও, বেশ কাছের বাঘ -- সিংহের। তা এক বনে দুই বাঘ হয়তো থাকতে পারে না, তবে যদি এক সিংহ থাকে তাহলে বাঘদের থাকতে হয় লেজ গুটিয়ে। হুঙ্কার থাকে, তবে সিংহের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর অহঙ্কারটা বাঘদের কখনোই নাকি থাকেনা। যেন মরা হাতি লাখ টাকার মতো বুড়ো সিংহেরও সবসময়ই আলাদা কদর। সে সবসময় বনের রাজাই। রাজবংশীয়। বার্ধক্য শৌর্যে থাবা বসাতে পারে, কিন্তু বংশমর্যাদায়? সে তো চিরস্থায়ী। বনে তো সমাজসংস্কারকদের আবির্ভাব ঘটে না, বিপ্লব --- বিদ্রোহের খবরও কোনোদিন ছাপা হয়নি কাগজে!!!

ক্রিকেটের বাঘ দক্ষিণ আফ্রিকা অবশ্য বিপ্লবের সুফল ঘরে তুলতে শুরু করেছে। ক্রিকেটে একটা নীরব বিপ্লব তো হচ্ছেই। অস্ট্রেলিয়া দলের দেহের খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ -- প্রত্যঙ্গ বয়সের ভারে, চোটের প্রভাবে কাহিল। ওয়ার্ন,মার্টিন,ল্যাঙ্গার,সাইমন্ডস,ব্রেট লি, ম্যাকগ্রা ..... তালিকাটা বড় হতে হতে যেন এগার জনের দল হতে চলেছে। তবু চলছিল ভালোই। কিন্তু সিবি সিরিজের শেষদিকে গিয়ে হঠাৎ ছন্দপতন এবং নিউজিল্যান্ডে চ্যাপেল --- হ্যাডলি সিরিজে একেবারে ভরাডুবি। ব্ল্যাক ক্যাপদের হাতে চুনকাম হওয়া সিরিজে পন্টিংরা না -- ইবা খেললেন, তাতে  তো টানা দুবার তিনশ’র  বেশি রান করেও  হেরে যাওয়ার লজ্জা  কমেনা!

অস্ট্রেলিয়ার সুখের ঘরে যখন এই অসুখের জ্বালা তখনই টানা সাফল্যের পুরস্কার হিসেবে ওয়ানডে র‌্যাংকিং ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিংহাসনচ্যুত করার গৌরব অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার ওয়ার্নার পার্কের লড়াইটা তাই বর্তমান ও সাবেক সেরাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখা এবং পুনরুদ্ধারেরও।

এ লড়াইয়ে কে জিততে পারে? সম্ভাবনায় সব দিক থেকেই এখনো কিন্তু অস্ট্রেলিয়াই এগিয়ে। রেকর্ড দেখবেন? এ পর্যন্ত ৬৫ ওয়ানডেতে মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৩৪টিতে আর দক্ষিণ আফ্রিকা ২৮টিতে। বাকি তিন ম্যাচ টাই। তিন টাইয়ের একট্ িতো ঐতিহাসিক ঘটনা। ’৯৯ বিশ্বকাপ সেমিফাইনালের সেই স্মৃতি কি ভোলার মতো?

বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়ে একটিতেও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ’৯২ বিশ্বকাপে তারা বৃষ্টি আইনের নির্মমতায় কাটা পড়েছিল। ১ বলে ২২ রানের সেই প্রহসন শেষে প্রোটিয়ারা হেরেছিল ১৩ রানে। সেটাকে যদি দুর্ভাগ্য বলেন, ’৯৯ বিশ্বকাপের দুটো ম্যাচকে কী বলবেন? সুপার সিক্সে স্টিভ ওয়াহ গিবসের দেয়া সুযোগ লুফে নিয়ে করলেন অসাধারণ এক হার না মানা সেঞ্চুরি, পরিনামে ম্যাচ ৫ উইকেটে হেরে গেল হানসি ক্রনিয়ের দল। সেমি ফাইনালেও নিশ্চিত জয় হাতছাড়া হলো স্কোর সমান রেখে অ্যালান ডোনাল্ড রান আউট হয়ে যাওয়ায়। সেই টাইয়ের পরই বিশ্বকাপে আবার দুদল মুখোমুখি। হিসেব চুকানোর একটা ভাবনা তো গ্রায়েম স্মিথের মাথায় থাকবেই।

 স্মিথ অধিনায়ক হওয়ার পর থেকে দু দলের লড়াইয়ে কিছুটা যেন ভারসাম্য এসেছে। ৯ ম্যাচে ৫ হারের বিপরীতে দ্িক্ষণ আফ্রিকার ৪টি জয় তারই প্রমান। তার মানে এই নয় যে পন্টিং দায়ীত্ব নিয়ে অস্ট্রেলিয়াকে পেছন দিকে ঠেলছেন। তার নেতৃত্বে ১৪ ম্যাচের দশটিতে জিতেছে অস্ট্রেলিয়া, হেরেছে ৩টিতে আর একটি হয়েছে টাই। সুতরাং এখানেও আশার আলো নেই দক্ষিণ আফ্রিকার জন্য। এমনকি দু দলের সর্বশেষ ৩০ টি ম্যাচের হিসেব ধরবেন, তাতেও অস্ট্রেলিয়া ২০ --- ৯ --- এ এগিয়ে।

তাহলে? অস্ট্রেলিয়ার রেকর্ডে কি আরেকটি জয় লেখা হবেই? উত্তরটা ভুলেও শুধু ‘হ্যাঁ’ ধরে নেবেন না, পাশে ‘না’ -- ও লিখে রাখুন। ম্যাচ শেষে না হয় যে কোনো এক জায়গায় টিক চিহ্ন দিয়ে নেবেন! নিজেদের সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪৩৪ রান তাড়া করে ১ উইকেটে ম্যাচ জিতেছিল! ঠিক আগের ম্যাচটি আবার অস্ট্রেলিয়া জিতেছিল ১ উইকেটে।  যত পরিবর্তনের ঢেউই লাগুক, ওয়ার্নার পার্কে তেমন আরেকটা ম্যাচ যে জন্ম নেবে না তা কে বলবে!!