শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বব উলমারকে
কে আর কেনো? উদঘাটনের বাকি এটুকুই। বব উলমার যে খুন হয়েছেন এ নিয়ে আর কোনো দ্বিধায় নেই জ্যামাইকার পুলিশ। বৃহস্পতিবার কিংস্টনের প্যাগাসাস হোটেলে এক সংবাদ সম্মেলনে তারা সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের কোচ হত্যাকাণ্ডের শিকার। লিখিত বিবৃতিতে পুলিশ বলেছে, “উলমারকে শ্বাসরোধ করে মারা হয়েছে”। এখন তারা তদন্তে নামছে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও এতে কারা জড়িত তা খুঁজে বের করতে।
জ্যামাইকা পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ডস শুরু থেকেই এই তদন্তের দায়িত্বে রয়েছেন। সংবাদ সম্মেলনে বলেছেন শিগগিরই খুনী বা খুনীদের পাকড়াও করতে যাচ্ছেন তারা, “বব বিশালদেহী মানুষ। তাকে মারতে তাই শক্তি দরকার। আশা করছি শিগগিরই খুনীরা ধরা পড়বে। তাদের ধরতে আমরা নিজেদের সামর্থ্যরে শেষ বিন্দুটাও উজাড় করে দেব।”
বিশ্বকাপের রোমাঞ্চকর আবহে ঝুপ করে একটা কালো আঁধার নামিয়ে দিয়েছে উলমারের এই হত্যাকাণ্ড। রোববার হোটেলে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছেন উলমার মারা গেছেন। তার ঘণ্টাকয়েক আগে আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে বিশ্বকাপ থেকে।
এ হত্যাকাণ্ডে বাজিকররা জড়িত বলেই গুঞ্জন গোটা ক্যারিবিয়ানে। শিল্ডস অবশ্য উড়িয়ে দেননি সম্ভাবনাটা। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেছেন, “আপনার যা কিছুই শুনেছেন, সবই আমরা তদন্তের আওতায় রেখেছি।” উলমারকে কেনো খুন করা হয়েছে, সেটা বের করতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্র“তিই মিলেছে তার তরফে।
গুঞ্জন আরো আছে। উলমার একটা বই লিখছিলেন। কি নিয়ে সেটা কেউ জানে না। কথিত আছে অপঘাতের শিকার সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে ও ক্রিকেটের গড়াপেটা এমনকি পাকিস্তান দলের ভেতরের চাঞ্চল্যকর সব তথ্যে ঠাসা হচ্ছিল এই লেখনী।
শিল্ডস এ নিয়ে কিছু বলেননি। শুধু জানিয়েছেন খুনীর সংখ্যা এক বা একাধিক হতে পারে। তবে এও বলেছেন যে উলমারের ঘরে জোর করে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
পুলিশ অবশ্য হোটেলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ জব্দ করেছে। তারা অপেক্ষা করছে উলমারের শরীরে বিষের আলামত পাওয়া যায় কিনা জানতে। টক্সিকোলজি পরীক্ষার পাশাপাশি তার শরীরের টিস্যুও পাঠানো হয়েছে অপরাধ গবেষণাগারে। জ্যামাইকান পুলিশ একাই আপাতত তদন্ত সামলাচ্ছে। তবে মেট্রোপলিটান পুলিশ এবং দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গেও তারা যোগাযোগ রেখেছে বলেছে জানিয়েছেন শিল্ডস।
পাকিস্তান দল বৃহস্পতিবার কিংস্টন থেকে মন্টেগো বে উড়ে গেছে। সেখানে নেমেই ঘটনার এই চাঞ্চল্যকর মোড় সম্পর্কে জেনেছে তারা। এবং একই সঙ্গে উদ্বিগ্নও। পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার পারভেজ মীর বলেছেন, “শোকের পাশাপাশি আমাদের উদ্বিগ্ন হওয়ারও যথেষ্টই কারণ আছে। পাকিস্তান জাতীয় দলের কোচ খুন হয়েছেন, ব্যাপারটা হাল্কাচালে নেওয়ার অবকাশ কোথায়! আমরা খুবই উদ্বিগ্ন।”
এদিকে আইসিসি এক বিবৃতিতে উলমারের হত্যাকাণ্ডের ঘটনায় সন্তাপ জানিয়ে বলেছে, এ ঘটনায় বিশ্বকাপ বন্ধ হবে না। বরং তদন্তে তারা সহায়তা করবে।
