২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমাতানো অনুষ্ঠানে পর্দা উঠলো বিশ্বকাপের

রেগে তারকা জিমি ক্লিফ যখন সুরের মূর্ছণায় আচ্ছন্ন করে এ সত্য জানানোর চেষ্টা করছেন তার অনেক আগে থেকেই পৃথিবীটা অনেক সুন্দর মনে হতে শুরু করেছে সবার কাছে। ১৬ টি দলের ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে ব্রায়ান লারা তার শপথ পাঠের এক পর্যায়ে “পৃথিবীর সেরা আয়োজন” উপভোগের আহ্বান জানালেন, মনেই হয়নি সেই আহ্বানেও বাতুলতা থাকতে পারে। জ্যামাইকার ট্রেলনি স্টেডিয়ামে সোমবার এক কথায় চোখ জুড়ানো, মন মাতানো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই পর্দা উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ --- এর। ১৩ মার্চ থেকে ২৮ এপ্রিল --- ৪৭ দিনে ৫১ ম্যাচের এই ক্রিকেট মহাযজ্ঞ নিশ্চয়ই আরো ---- আরো মুগ্ধতা ছড়াবে ক্রিকেটপিপাসু কোটি মানুষের মনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 04:16 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রায় পৌনে তিন ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রায় দু হাজার ক্যারিবীয় সঙ্গীত ও নৃত্যশিল্পী। সর্বশেষ আসরের সঙ্গে যোগসূত্র বোঝাতে সে আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকার ড্রামাররাও মুগ্ধ করেছেন তাদের “ক্রিকেট, চমৎকার ক্রিকেট” পরিবেশনায়। জ্যামাইকা। সঙ্গীত -- পিপাসু মানুষ মাত্রেরই জানা, এ হচ্ছে বব মার্লির দেশ। সেখানে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে আর মার্লি থাকবেন না তা কী হয়! এ অপূর্ণতা রেখে সমস্ত আয়োজনকে মাটি করার ঝুঁকি নেননি আয়োজকরা। বড় পর্দায় ভেসে উঠেছে মার্লির মুখ। রেগে --- সম্রাটের প্রতীকি উপস্থিতিতে তার কালোত্তীর্ন গানগুলো গেয়ে শোনান এক সময় তার পেছনে দাঁড়িয়ে গলা মেলাতেন  এমন শিল্পীদের দল “ আই থ্রি"।

শুধু বব মার্লি নয়, ক্যারিবীয় বর্ণময় সংস্কৃতির প্রায় সব অনুষঙ্গের প্রদর্শনীই ছিল সংক্ষিপ্ত এ আয়োজনে। শ্যাগি আর ফে অ্যান লিয়নস সদলবলে গেয়ে শুনিয়েছেন বিশ্বকাপ সঙ্গীত। এমনকি ক্যারিবীয় দীপপূঞ্জ জুড়ে, বিশেষ করে ত্রিনিদান ও টোবাগো আর গায়ানায় যে অসংখ্য ভারতীয় বংশোদ্ভুতের বাস, তাদের কথা ভেবে হিন্দি ছবির জনপ্রিয় গান  “ইয়ে দেস রঙ্গিলা” পর্যন্ত পরিবেশন করা হয়েছে অনুষ্ঠানে।

সব মিলিয়ে সার্থক মনে করার মতো এ আয়োজন বিশ্বকাপের ১৬ টি দেশের খেলোয়াড় --- কর্মকর্তা এবং আইসিসির কর্মকর্তারাও সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন এ আয়োজন। ক্রিকেটও ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। ছোট্ট শিশুর হাত ধরে হাবিবুল বাশার যখন বাংলাদেশ দলকে নিয়ে অনুষ্ঠানের দর্শক হতে মাঠে ঢুকছেন সেই মুহুর্তে ক্রিকেট ব্যাট নিয়ে মহাব্যস্ত  বিশ্বকাপের মাস্কট ‘ মেলো’। রণপা’দের সত্যিকারের বোলার --- ব্যাটসম্যানের মতো কল্পিত  ক্রিকেট খেলাার পারফরম্যান্স তো ছিল রীতিমতো বিস্ময়কর।

এমন অনুষ্ঠানের অপরিহার্য আনুষ্ঠানিকতা হিসেবে আইসিসি সভাপতি, আয়োজক কমিটির প্রধান, জ্যামাইকার প্রধানমন্ত্রীর বক্তব্যও ছিল। আনুষ্ঠানিকতার অংশ হতে হাজির ছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সও। ক্যালিপসো ক্রিকেটের স্বর্ণযুগের এই মহাতারকার মুখেই ঘোষিত হয়েছে বিশ্বকাপ ২০০৭ ---এর উদ্বোধন।