২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা চাপের মুখে ভেঙ্গে পড়ি না : গ্রায়েম স্মিথ

‘চোকার’ÑÑÑ শব্দটা শুনলেই ক্রিকেটানুরাগীদের মানসপটে ভেসে ওঠে একটি দলের ছবি। দলটির নাম দক্ষিণ আফ্রিকা। অন্য সময় ‘চোকার’ বা চাপের মুখে ভেঙ্গে পড়ার অভিযোগ তাদের যত শুনতে হয়, বিশ্বকাপের সময় কলঙ্কটা তাড়া করে তার চেয়ে অনেক বেশি! কারণ একটাই। বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে এঁটেও ব্যর্থ হওয়ার দুঃসহ যন্ত্রণা সবচেয়ে বেশি পেতে হয়েছে তাদেরকেই। তবে লজ্জাজনক উপমা সঙ্গে নিয়ে এবারের ক্রিকেট ‘মহাযজ্ঞ’ শুরু করতে নারাজ গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বরং অতীতের সব ব্যর্থতার সঙ্গে সঙ্গে এই উপাধিও মুছে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দক্ষিণ আফ্রিকার ঘাড়ে চেপে বসা এই তকমা স্টিভ ওয়াহর মস্তিষ্কপ্রসূত। ’৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে তার তুলে দেয়া এক সহজ ক্যাচ হার্শেল গিবস ফেলে দেয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ বা চাপের মুখে ভেঙ্গে পড়া দল বলেছিলেন স্টিভ ওয়াহই। সেই ম্যাচে গিবসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি সেমিফাইনালেও পৌঁছে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চার দিন পর সেমিফাইনালে আবার দু দল মুখোমুখি এবং সেই ম্যাচটিও দক্ষিণ আফ্রিকানদের চাপের মুখে ভেঙ্গে পড়ার আরেকটি উদাহরণ। জয়ের জন্য তিন বলে এক রান প্রয়োজন-----এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে রান আউট হয়ে গিয়েছিলেন শেষ ব্যাটসম্যান অ্যালান ডোনাল্ড। ম্যাচটা ‘টাই’ হলেও সুপার সিক্সে জয় পাওয়ার সুবাদে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ফাইনালে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পর অর্থাৎ ২০০৩ সালে ঘরের মাঠে আরেক কেলেঙ্কারি। ডাকওয়ার্থ------লুইস পদ্ধতিতে ভুল হিসাবের মাশুল দিয়ে গ্র“প ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ‘টাই’ করেও সুপার সিক্সের আগেই বিদায় নিতে হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।

এবারো তাই তাদের গায়ে সেই তকমা। তবে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে অপ্রিয় শব্দটা শুনেই গ্রায়েম স্মিথের একেবারে তেলে----বেগুনে জ্বলে ওঠার মতো অবস্থা! স্টিভ ওয়াহর নাম উল্লেখ না করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক প্রতিবাদ করেছেন এভাবে,“চোকার (চাপের মুখে ভেঙ্গে পড়ার) তকমাটা ঝেড়ে ফেলার জন্য সব সময়ই কষ্ট করতে হয়েছে। এটা দিয়েছিলেন এক জন ব্যক্তি। তবে আমাদের দল চাপের মুখে ভালো পারফর্ম করছে এখন। কঠিন পরিস্থিতিতে, যখন আমাদের নিয়ে কেউ কোনো আশা করেনি তখনো আমরা জিতেছি। শব্দটা (চোকার) শুনলে এখন হাসিই পায় আমার ।”

কঠিন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা যে এখন কত ভয়ঙ্কর দল, তার প্রমাণ তো অস্ট্রেলিয়াই পেয়েছে। ঠিক এক বছর আগে, ২০০৬ সালের ১২ মার্চ অস্ট্রেলিয়ার ৪৩৪ রান অবিশ্বাস্যভাবে পেরিয়ে গিয়েছিল স্মিথের দল, পেয়েছিল এক উইকেটের অবিস্মরণীয় জয়। এক বছর পর সেটাই বোধহয় দক্ষিণ আফ্রিকানদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা!