২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লারার ডোয়াইন স্মিথ-বন্দনা, ইনজামাম দুষলেন ব্যাটসম্যানদের

বছর তিনেক আগে কেপটাউনে অভিষেক টেস্টে দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে আর্বিভাব। কিন্তু ব্যাটের সেই প্রতিশ্র“তি পরবর্তীতে আর ধরে রাখতে পারেননি ডোয়াইন স্মিথ। বাজে ফর্মের মাশুল দিয়ে কখনো দল থেকে বাদ পড়েছেন, কখনো বা ফিরলেও প্রথম একাদশে হয়ে পড়েছেন অনিয়মিত। অথচ স্রোতের প্রতিকূলে চলা সেই স্মিথই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক। মঙ্গলবার তার অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ৫৪ রানের জয় পেয়ে ব্রায়ান লারাও মেতে উঠেছেন স্মিথ---বন্দনায়। অন্যদিকে পরাজয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা পাকিস্তান অধিনায়ক ইনজামাম--উল হক দলের ব্যাটসম্যানদের ওপর ভীষণ ক্ষুব্ধ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রথমে ১৫ বলে দুটি ছক্কাসহ ৩২ রান, তারপর বল হাতে ইনজামাম ও ইউসুফ সহ তিনটি উইকেটÑÑÑ ওয়েস্ট ইন্ডিজের জয়ের পেছনে স্মিথের অবদানই যে সবচেয়ে বেশি, তা আর বলার অপেক্ষা রাখে না। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার লড়াইয়েও তাই তার তেমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচ শেষে স্মিথের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লারা,“আজ (মঙ্গলবার) ডোয়াইন সত্যিই খুব ভালো খেলেছে। সে ব্যাট করতে নামার আগে আমি নিজেই তাকে বলেছিলাম যে ২২৫ রান করতে পারলেই আমরা সন্তুষ্ট থাকবো। কিন্তু সে ১৫ বলে ৩০ --- এরও বেশি রান করেছে, মাঠের বাইরে বল পাঠিয়েছে। তার এই ব্যাটিং দারুণ উপকারে এসেছে আমাদের।”

এই ‘ক্যামিও’ ইনিংস দেখে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আনন্দিত, আর বল হাতে স্মিথের রুদ্ররূপ দেখে অভিভূত। সে কথাও জানিয়েছেন নিজের মুখেই,“প্রথম দিকের ওভারগুলোতে ওদের রান রেট ভালো মতোই আটকে দিয়েছিলাম আমরা। তার পর ড্যারেন পাওয়েলের পর সে যখন বল করতে এলো, তাকে নিয়ে কিছুটা আশঙ্কাই কাজ করছিল আমাদের মধ্যে। কিন্তু ডোয়াইন এসে দুর্দান্ত বল করলো। এবং ওদের দুই সেরা ব্যাটসম্যান ইনজামাম ও মোহাম্মদ ইউসুফের উইকেট পেল।”

লারা যখন জয়ের সব কৃতিত্ব স্মিথকে দিতে আগ্রহী তখন ইনজামাম ব্যাটসম্যানদের ব্যর্থতায় ক্ষুব্ধ, হতাশ। ২৪১ রান তাড়া করতে নেমে ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারানো কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তান অধিনায়ক,“আমাদের এই রান করা উচিৎ ছিল। আমার মতে ২৪২ অর্জনযোগ্য স্কোর। ইউসুফের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল ঠিকই, কিন্তু শুরুতে দ্রুতই তিনটি উইকেট হারিয়ে ফেলেছি আমরা। শেষের দিকে আরো বেশি উইকেট থাকলে হয়তো আরো ভালো করতে পারতাম।”  টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া কারো কারো ভুল মনে হতে পারে, তবে ইনজামাম মনে করেন সিদ্ধান্তটা ঠিকই ছিল,“ টসে জিতে ফিল্ডিং নেয়াটা ঠিকই ছিল। বোলাররা তো  ভালোই করেছে।  কিন্তু আমরা ঠিক মতো রান তাড়া করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও ভাল লাইন---লেংথে বল করেছে। মিডল অর্ডার খুবই অভিজ্ঞ বলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আরো দায়িত্ব নেয়া উচিৎ ছিল আমাদের।”