বিশ্বকাপকে কেন্দ্র করে বলিউডের আয়োজন
বলিউড তারকা এবং ক্রিকেট দুটো বিষয়েই ভারতীয়দের দুর্বলতা প্রবল। এবং দুটোকে একপাত্রে তুলে দিলে সেটা যে তাদের জন্য মহার্কষক একটা বিষয়ে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। সে চেষ্টাই এবার প্রবল হয়ে উঠেছে চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে। বেশ কটি চলচ্চিত্র নির্মিত হয়েছে সম্প্রতি যার কেন্দ্রীয় বা পার্শ্ব বিষয় হিসেবে রয়েছে ক্রিকেট।
তবে বলিউডের সাথে ক্রিকেটের স¤পর্ক এবারেই হলো তা নয়। সম্পর্কটা বেশ পুরোনোই বলতে গেলে। বেশ কিছু ক্রিকেট তারকা বলিউডের খাতায় নাম লিখিয়েছেন আগেই। সৈয়দ কিরমানি থেকে শুরু করে অনেকেই এসেছে এ জগতে। অজয় জাদেজা তো মুম্বাইয়ের জলহাওয়ায় এতোটাই মাখামাখি হয়ে গেছেন যে তার খেলোয়াড় নাকি পারফরমার কোন পরিচিতিটা আগে হবে সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ‘খেল’ ছবিতে অভিনয় করেছেন তিনি মনপ্রাণ ঢেলে। বিনোদ কাম্বলিও অভিনয় করেছেন ‘অনর্থ’,সলিল আঙ্কোলা ‘চুরা লিয়া হ্যায় তুমনে’। এমনকি কপিল দেব এবং সুনীল গাভাস্কারের মতো ক্রিকেট তারকাদেরও দেখা গেছে রুপালী পর্দায় (‘ইকবাল’ ও ‘মালামাল’)।
ক্রিকেট তারকাদের সম্মানেও বলিউড এগিয়ে এসেছে।
১৬ মার্চ মুক্তি পাচ্ছে মিলন লুথরিয়ার হ্যাট্রিক। এবারের বিশ্বকাপকে মাথায় রেখেই যে এই ছবির পরিকল্পনা এঁটেছিলেন মিলন তা তিনি বিলকুল স্বীকার করেন। বলেছেন নিজেই , “বিশ্বকাপকে সামনে রেখে গত এপ্রিলেই এই ছবির পরিকল্পনা করি। রজত অরোরার মাথাতেই পয়লা আইডিয়াটা আসে। আইডিয়াটা আমার পছন্দ হয়। এটা যে শুধু ক্রিকেটকে ব্যবহার করার জন্যই করেছি তা নয়। ছবিটা করার পিছনে আমাদের সুনিদ্দিষ্ট ভাবনা চিন্তাও ছিল। তবে ছবিটা মার্কেটিংয়ের ক্ষেত্রে সময়টা যে আমাদের অনুকূল হবে সেটাই আমাদের উদ্ধুদ্ধ করেছে বেশি।” ছবিতে ক্রিকেটের প্রেক্ষাপটে তিন যুগলের জীবনের কিছু মোচড় উঠে আসে। এতে অভিনয় করেছেন নানা পাটেকর, কুনাল কাপুর, ড্যানি, রিমি সেন ও পরেশ রাওয়াল।
এরপরে বলা যায় ‘সে সালাম ইন্ডিয়া’ ছবির কথা। প্রামাণ্যচিত্র নির্মাতা সুভাষ কাপুরের পয়লা ছবি এটি। ভারতের বড় বড় শহর থেকে দুরে প্রত্যন্ত সুবিধাবঞ্চিত এলাকা থেকে আজকাল অনেক ক্রিকেট তারকা উঠে আসছেন। ক্রিকেটের এই চলমান ধারাটিকেই তিনি তুলে ধরেছেন তার ছবিতে। কাপুর বলেন, “ লক্ষ্য করলে দেখবেন এবার ওয়েস্ট ইন্ডিজে গেছে যে ভারতীয় দল তাদের ১৪ জনের ৯ জনই উঠে এসেছে ছোট শহর থেকে। সে কারণে আমি ভাবলাম বিশ্বকাপের সময় এ বিষয়টিকে নিয়ে যদি ছবি করি তাহলে সেটা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে। আর এখন তো সবাই ক্রিকেট সম্পর্কে জানতে চায়। ফলে এ ছবিটা বাজার পাবে বলে আমার বিশ্বাস।” কাপুরের ছবির কাহিনী গড়ে উঠেছে এক প্রভাবশালী স্কুল টিমের কোচকে ঘিরে। ছবিতে উল্লেখযোগ্য ভুমিকায় অভিনয় করেছেন সঞ্জয় সুরী, সন্ধ্যা মৃদুল ও মিলিন্দ সোমান।
অরিন্দম মিত্র পরিচালিত ‘শুন্য’ ছবিটি মূলত টিএস এলিয়টের ‘মার্ডার ইন দি ক্যাথেড্রাল’ এর একটি আধুনিক ভাষ্য। এ ছবিতে ক্রিকেটকে পরিচালক ব্যবহার করেছেন শক্তিশালী একটি রুপক হিসেবে। ছবিতে অভিনয় করেছেন কে কে মেনন, নাসিরুদ্দিন শাহ, সতীশ কৌশিক, সীমা বিশ্বাস, টিউলিপ যোশী ও নিনাদ কামট।
এছাড়া রয়েছে আরো দুটি ছবি -- বোম্বে টু গোয়া ও মীরাবাঈ নট আউট। বোম্বে টু গোয়া হাসির ছবি। রিমেক। এর আদি ছবিতে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছেন অরুনা ইরানী। ছবির পরিচালক রাজ পেন্ডুরকার। অভিনেতারা অধিকাংশই কমেডিয়ান -- রাজু শ্রীবস্তব, আহসান কোরেশী, তিনু আনন্দ, জয়দীপ ও আসরানী। মজার ব্যাপার এই ছবিতে ভারতীয় ক্রিকেট টিমের সব তারকাকেই দেখা যাবে। তবে না, আসল ক্রিকেটার নয়, বাজেটে কুলোবে না বলে ক্রিকেট তারকাদের সাথে চেহারায় মিল আছে এমন পাত্রপাত্রী ব্যবহার করা হয়েছে ছবিতে।
‘মীরাবাঈ নট আউট’ ছবিটি পরিচালিনা করেছেন চন্দ্রকান্ত কুলকার্নি। এতে অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটের আইটেম গার্ল মন্দিরা বেদী। অনিল কুম্বলে কে নিয়ে মন্দিরার অবসেশনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির কাহিনী। মজার ব্যাপার ‘হ্যাট্রিক’ ছবিতেও উইকেট কীপার ধোনিকে নিয়ে রিমি সেনের অবসেশনকে ঘিরেই বিস্তারিত হয়েছে কাহিনী।
