২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে হাবিবুলের জয়

সৌরভ গাঙ্গুলী বললেন, বাংলাদেশের খবর সব ভালো তো! আজকে তো খুবই ভালো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 10:59 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শুনে সৌরভ হেসে দিলেন। আজ (মানে শনিবার সন্ধ্যায়) বাংলাদেশের খবর তো ভালো হবেই। এটা সৌরভও জানেন। ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়দের আর খোঁজ নেই। সাংবাদিকরা অপেক্ষায়, রাজ্যের ক্ষোভ আর রাগ নিয়ে, এখন তার সামনে পড়ার ভয়েই কিনা ওরা সব হোটেলে যার যার রুমে খিল দিয়ে বসে। তবু সৌরভ নেমেছিলেন এবং নেমে বোধহয় মনে হলো, না নামলেই ভালো করতেন। সৌরভ গাঙ্গুলী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, অথচ লবীর ভিড় বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারকে কেন্দ্র করে। সৌরভ সৌরভ ছড়িয়ে যাচ্ছেন, নাকি থাকছেন সেদিকে মনযোগ দেয়ার লোকই নেই। সৌরভ অবশ্য বিব্রত ভাব এড়াতে এগিয়ে এসে হাবিবুল বাশারের পিঠ চাপড়ে দিলেন। এবং হাবিবুল বাশার সেই সম্ভাষনের জবাবে এমন অভিজাত ভঙ্গিতে মাথা নাড়লেন যেন এই পাওয়াটা নতুন কিছু নয়। আহামরি ব্যাপার বলেও আর মনে হয় না তার।

ম্যাচ শেষের হাবিবুলের গল্প আরেকটু বলি। ম্যাচের হাবিবুল অবশ্য খুব বেশি পয়েন্ট পাবেন না। বিশ্বকাপে আগের দুুটো ইনিংস ছিল শুন্য, পরশু প্রথম রান করলেন এবং এক রানই। তারপর যেভাবে মারতে গিয়ে আউট হলেন সেটা বাংলাদেশের জয়ে চাঁদের কলংক। কিন্তু এরপরের মঞ্চ পুরোপুরি তারই। সংবাদ সম্মেলনে যে হাবিবুল এলেন তিনি যেন আর বাংলাদেশ নামের সমস্যাসংকুল এক দেশের প্রতিনিধি নন, নন তিনি ছোট দলের ছোট অধিনায়ক, তার শরীরে তখন যুদ্ধজেতা সেনাপতির পৌরুষ, মুখে লেগে থাকা স্মিত হাসিটি তৃপ্তি,গৌরব, সার্থকতা সবকিছুর মিলিত এমন এক রং যাতে পুরো প্রেস কনফারেন্স হল রঙ্গীন। আর সাংবাদিকরা সব ঠিক প্রশ্নকর্তা নন, তার সেনানীদের বীরত্বে মুগ্ধ এক ঝাঁক মানুষ। তারা বীরত্বগাঁথাটা আরও ভালো করে শুনে মন ভরাতে চান। নিজেদের ভরিয়ে নিতে চান যুদ্ধ জেতার অনু -- পরমানু সাফল্যের বিস্তারিত বিবরনে।

এই লোক এবং তার অনুসারিরা ভারতের বিশ্বকাপ স্বপ্নে ছাই ছিটিয়ে দিয়েছে। কাজেই ভারতীয় মিডিয়ার সুরে আগে থাকার কথা রাগ। কিন্তু রাগের চেয়ে অনেক বেশি কৌতুহল। এই জয়ের পর বাংলাদেশ কতোটা ভাসছে ওরা জানতে চান সেটা। ব্যাট হাতে পারেননি, কিন্তু ওদের কৌতুহল নিয়ে খেললেন হাবিবুল। একজনের প্রশ্ন,‘আচ্ছা এই জয়ের পর তোমরা নিশ্চয়ই আত্মহারা? কী করছে খেলোয়াড়রা এখন।’ হাবিবুল হাসতে হাসতে বললেন,‘আমি তো ড্রেসিং রুম ছাড়ার আগেও দেখলাম ওরা লাফাচ্ছে। ওদের লাফালাফি বন্ধ হচ্ছে না কিছুতেই।’ পাল্টা প্রশ্ন,‘এখন পরিকল্পনা কী! কীভাবে উদযাপন হবে? হাবিবুল আবার খেলেন,‘আজ ফ্রি। যার যা ইচ্ছা তাই করতে পারবে।’ বিদেশী সাংবাদিকরা তরুণদের যে কোনো কিছু করার লাইসেন্স দেয়া মানেই একটা বিশেষ ব্যাপার বোঝেন। কাজেই আবার প্রশ্ন,‘মানে কতোটা পর্যন্ত তারা স্বাধীন? সর্বোচ্চ কী করতে পারবে?’ ‘যতোটা ইচ্ছা। আজ কোনো কিছুতেই বাধা নেই।’ হাবিবুল পুরো ঘরকে এমন হাসিয়ে দিলেন যে দেয়ালগুলোও যেন কেঁপে উঠল।

একটু আগে এই ঘরে, এই জায়গায় বসেই রাহুল দ্রাবিড় খোঁচায় খোঁচায় বিদ্ধ হয়ে গেছেন। এক পর্যায়ে বলছিলেন, ‘আমরা যদি আর ৩০ রান করতে পারতাম তাহলে হয়তো ম্যাচটা জিতেই যেতাম।’ বাংলাদেশ অধিনায়ককে কে যেন প্রসঙ্গটা মনে করিয়ে জানতে চাইলেন তারও কী তা -- ই মনে হয়। হাবিবুলের উত্তর পুরো ভারতের ক্রিকেট ঐতিহ্যের প্রাসাদটাকে কাঁপিয়ে দেয়ার মতো,‘যখনই আপনি কোনো ওয়ানডে ম্যাচ হারবেন তখনই মনে হবে ৩০ --- ৪০ রান হলে জিততে পারতাম।’ দ্রাবিড়ের চেহারাটা খুব মনে হচ্ছিল। কয়েক বছর আগেও বাংলাদেশের ক্রিকেটারদের কাছেই যিনি ছিলেন স্বপ্নের নায়ক, সেই তাকে তো একরকম পরিহাসই করা হলো। এবং তাতে কোনো অভদ্রতা নেই। ক্রিকেটীয় ভদ্রতা আর কূটনীতির মিশেলে হাবিবুল যেন বারবার জানিয়ে দিলেন, মাঠের বাংলাদেশের মতো বাইরের বাংলাদেশও এখন আভিজাত্যের দিকে। এই জয়টাকে অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের ওপরে রাখা উচিত কিনা সেরকম একটা প্রশ্নও ছিল তার কাছে। এর আগে দ্রাবিড়ের কাছে প্রশ্ন ছিল, এটাই খেলোয়াড় এবং অধিনায়ক হিসাবে তার সবচেয়ে বড় পরাজয় কিনা? দ্রাবিড় কুটনৈতিক কায়দায় উত্তর দিলেন,‘এটা তো অবশ্যই ওপরের দিকের তালিকায় থাকবে। কিন্তু আমি বলতে পারবো গ্র“প পর্যায় শেষ হওয়ার পর। যদি আমরা গ্র“প পেরোতে না পারি, তাহলে হয়তো তা -- ই মনে হবে। আর না হলে মনে হবে, এটা একটা খারাপ দিন ছিল। ভুলে গিয়ে নতুন করে শুরু করব।’

দ্রাবিড় তার তুলনায় কত অভিজ্ঞ, কত বিশাল ব্যক্তিত্ব; তবু প্রায় একইরকম প্রশ্নে হাবিবুলের উত্তরটাও দ্রাবিড়ের মতোই পরিণত মানসিকতার,‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা ছিল বিশাল ব্যাপার। কিন্তু এই জয়টা যেহেতু বিশ্বকাপ ম্যাচের, কাজেই এর মানে তো অন্যরকম। এতে আমাদের পরের রাউন্ডে যাওয়ার পথ খুলেছে এবং এই জয়টা আসলে আমাদের বিশ্বাসেরও ফসল।’ সেই বিশ্বাসটা কী করে এসেছিল? ‘গত এক বছরের পারফরম্যান্সে। যদিও আমরা বড় দলের সঙ্গে তেমন একটা খেলিনি, কিন্তু আমাদের পারফরম্যান্স ছিল খুব ভালো। তারপর নিউজিল্যান্ডের সঙ্গে জয়ের পর আমাদের মনে হচ্ছিল, আমরা যে কাউকেই চ্যালেঞ্জ করতে পারব।’ দ্রাবিড়ও মেনে নিচ্ছেন, এখন বাংলাদেশের পক্ষে যে কাউকেই চ্যালেঞ্জ করা সম্ভব,‘ওরা অনেক উন্নতি করেছে। আজ শুরুতে উইকেটের একটু সহায়তা ছিল, কিন্তু ওদের বোলাররা বিশেষত মাশরাফি অসাধারণ বল করেছে। তারপর স্পিনাররাও আমাদের ঘুরে দাঁড়াতে দেয়নি।’

 যে উইকেটে শুরুতে পেসারদের এমন ভীতিকর মনে হলো, সেখানে আগে ব্যাট করার সিদ্ধান্তটা কি ভুল নয়? দ্রাবিড় সরাসরি কিছু বলতে চাইবেন না স্বাভাবিক, ঘুরিয়ে ফিরিয়ে যা বললেন তার অর্থ হলো, দেখে মনে হয়েছিল এটা পুরোপুরি ব্যাটিং উইকেট এবং অবশ্যই ভালো ব্যাট করা সম্ভব ছিল। কাজেই পুরো দায় উইকেটের নয়। তা তিনি দেবেন কী করে! উইকেটের ওপর দায় দিলে যে নিজের কাঁধে দায় চাপে। এখানে হাবিবুলের বক্তব্য সোজাসাপ্টা এবং তার পুরো প্রেস কনফারেন্স পারফরম্যান্সের মতোই দারুণ,‘ইট ওয়াজ এ গুড টস টু লুজ।’

কাজেই! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনটাকে সাংবাদিকতার ভাষায় বলা হয় প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া সাধারণত ক্রিয়ানুপাতিকই হওয়ার কথা। কিন্তু এমন কখনো হয় না। এদিন যেমন হলো। হাবিবুল দ্রাবিড়কে মাঠ থেকে বেরিয়ে আরেকবার হারালেন। আর বিশ্ব মিডিয়া জানলো বাংলাদেশের ক্রিকেটেই শুধু নয়, বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও ওদের খোরাক আছে বিস্তর।