সহ-অধিনায়কত্ব হারালেন ফ্লিনটফ
রোববার কানাডার সঙ্গে ম্যাচের ঠিক আগে ইংল্যান্ডের প্রথম একাদশ দেখে বেশ চমকেই গেছেন সবাই। ইংলিশদের প্রিয় ‘ফ্রেডি’র নাম নেই সেখানে! না, কোনো চোট হানা দেয়নি অ্যান্ড্রু ফ্লিনটফের শরীরে। কানাডার বিপক্ষে তিনি বাদ পড়েছেন শৃঙ্খলাভঙ্গের অপরাধে। শাস্তিটা অবশ্য এই এক ম্যাচেই সীমাবদ্ধ নয়। ইংল্যান্ড দল বিশ্বকাপে সহ অধিনায়ক হিসাবে ফ্লিনটফকে না রাখারও সিদ্ধান্ত নিয়েছে। তার মানে, মাইকেল ভন কোনো কারণে খেলতে না পারলেও এবারের বিশ্বকাপে অধিনায়কত্ব দেয়া হবে না ২০০৫ -- এ ইংলিশদের অ্যাশেজ জয়ের নায়ককে।
এত বড় শাস্তির পেছনের কারণটা অবশ্য হেলাফেলা করার মতো নয়। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর নাইটক্লাবে গিয়েছিলেন ফ্লিনটফ। সেখানে আকণ্ঠ মদ্যপান করে হৈ --- হল্লা করেছেন গভীর রাত পর্যন্ত। তার সঙ্গে ছিলেন ৫ সতীর্থ। অবশ্য জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, জন লুইস, পল নিক্সন ও লিয়াম প্লাঙ্কেটের শাস্তি জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু সিনিয়র বলেই হয়তো খড়গ নেমে এসেছে ফ্লিনটফের ঘাড়ে।
অবশ্য শাস্তি নিয়ে ফ্লিনটফ কোনো উচ্চবাচ্য করেননি। বরং এমন কান্ড ঘটিয়ে ভীষণ লজ্জিত তিনি। শাস্তি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুশোচনাই ফুটে উঠেছে তার কণ্ঠে, “আমি জানি যে শুক্রবার রাতে যা করেছি তা সম্পূর্ণ ভুল। এই ঘটনার সমস্ত দায়িত্ব নিজের ঘাড়েই আমি নিচ্ছি। এই দায়িত্বজ্ঞানহীনতার কোনো অজুহাত হতে পারে না। আমি ভালো মতোই জানি যে কাজটা করা ঠিক হয়নি। শাস্তিটা মাথা পেতেই নিচ্ছি। সতীর্থ ও ইংল্যান্ড সমর্থকদের কাছে দুঃখ প্রকাশও করছি। এবং সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে টুর্নামেন্টের বাকি অংশে নিজের ১১০ ভাগ ঢেলে দেবো আমি।”
মদ্যপান করে বেসামাল হওয়ার কীর্তি (!) ফ্লিনটফের অবশ্য এটাই প্রথম নয়। তাই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে টিভি ধারাভাষ্যকার নাসের হুসেইন শুক্রবারের ঘটনাটার জন্য ফ্লিনটফকে এক হাত নিতে ছাড়েননি,“এই গল্পের একটা ইতিহাস আছে। এমন ঘটনা তো এই প্রথম ঘটলো না। অস্ট্রেলিয়াতে অতিরিক্ত মদ্যপানের জন্য তিন/চার বার সতর্কতা জারি হয়েছিল তার ওপরে। এই গরমে রাত তিনটা পর্যন্ত বাইরে কাটিয়ে মদ পান করা কি পরের ম্যাচের প্রস্তুতির সবচেয়ে ভালো উপায়?”
ইয়ান বোথাম অবশ্য ফ্লিনটফের এই শাস্তিতে বেশ ক্ষুব্ধ। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের মতে,“ প্রতিক্রিয়াটা বেশ তীব্রই হয়েছে। ২০০৫ -- এ আমরা অ্যাশেজ জেতার পর কেউ কি কোনো অভিযোগ করেছিল? কেউ কেউ ক্লান্ত হয়ে রাত সাড়ে দশটার সময় বিছানায় যায়, কেউ আবার বাইরে গিয়ে মদ পান করতেই বেশি পছন্দ করে।”
