২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেট ২০০৭ অস্ট্রেলিয়ার চিরাচরিত দাপট আর কিংবদন্তীদের বিদায়ের বছর

ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্ণমালার ব্যতিক্রমটাই যা। নইলে 'এ' ফর 'অস্ট্রেলিয়া' আর সি ফর 'ক্রিকেট' না হয়ে, 'অস্ট্রেলিয়া ফর ক্রিকেট' বাক্যটাই বুঝি স্বরলিপি শেখায় ঠাই নিত। কাল্পনিক ব্যাপারটা অবশ্য বাস্তবে অনেকখানিই স্বতসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ সাল শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এক দাপুটেপনার বছর হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। মাঝে এক টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে ক্রিকেটের বাকিসব ঘরানায় নিরঙ্কুশ আধিপত্য রিকি পন্টিংয়ের দলের। ২০০৭ আরো স্মরণীয় ব্রায়ান লারা, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার মতো কিংবদন্তীর বিদায়ে। তালিকায় আছেন ইনজামাম-উল হক এবং সনাৎ জয়াসুরিয়াও। বিস্তারিত জানাচ্ছেন অমি রহমান পিয়াল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্ণমালার ব্যতিক্রমটাই যা। নইলে 'এ' ফর 'অস্ট্রেলিয়া' আর সি ফর 'ক্রিকেট' না হয়ে, 'অস্ট্রেলিয়া ফর ক্রিকেট' বাক্যটাই বুঝি স্বরলিপি শেখায় ঠাই নিত। কাল্পনিক ব্যাপারটা অবশ্য বাস্তবে অনেকখানিই স্বতসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ সাল শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এক দাপুটেপনার বছর হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। মাঝে এক টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে ক্রিকেটের বাকিসব ঘরানায় নিরঙ্কুশ আধিপত্য রিকি পন্টিংয়ের দলের। ২০০৭ আরো স্মরণীয় ব্রায়ান লারা, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার মতো কিংবদন্তীর বিদায়ে। তালিকায় আছেন ইনজামাম-উল হক এবং সনাৎ জয়াসুরিয়াও। বিস্তারিত জানাচ্ছেন অমি রহমান পিয়াল বর্ণমালার ব্যতিক্রমটাই যা। নইলে 'এ' ফর 'অস্ট্রেলিয়া' আর সি ফর 'ক্রিকেট' না হয়ে, 'অস্ট্রেলিয়া ফর ক্রিকেট' বাক্যটাই বুঝি স্বরলিপি শেখায় ঠাই নিত। কাল্পনিক ব্যাপারটা অবশ্য বাস্তবে অনেকখানিই স্বতসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ সাল শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এক দাপুটেপনার বছর হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। মাঝে এক টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে ক্রিকেটের বাকিসব ঘরানায় নিরঙ্কুশ আধিপত্য রিকি পন্টিংয়ের দলের। ২০০৭ আরো স্মরণীয় ব্রায়ান লারা, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার মতো কিংবদন্তীর বিদায়ে। তালিকায় আছেন ইনজামাম-উল হক এবং সনাৎ জয়াসুরিয়াও। ২০০৭ রেকর্ড বইয়ের অনেক পাতা নতুন করে লেখানোর বছর। আর এর শুরুটা করেছে অস্ট্রেলিয়া। ২০০৫ সালে ইংল্যান্ডের কাছে হারানো অ্যাশেজ কতটা নির্মমভাবে পুনরুদ্ধার করা যায়, তার এক প্রদর্শনী দেখিয়েছে তারা। ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড। সিরিজ শেষে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা- দুজনে ভাগাভাগি করেছেন ১ হাজার ২৭১ টেস্ট উইকেট। এবং ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। 'দ্য ব্লন্ড ব্যাড বয়' ওয়ার্ন বিশ্ব রেকর্ড ৭০৮টি টেস্ট উইকেটে থেমেছেন। অবশ্য বছর শেষে এই অর্জন আর তার থাকেনি। ছিনিয়ে নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫৬৩ উইকেট নিয়ে শীর্ষে থাকা ম্যাকগ্রা বিশ্বকাপ খেলে তবেই পুরোপুরি বিদায় দিয়েছেন ক্রিকেটকে। সে বিদায় আরো অসাধারণ করেছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতে। বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা তিনবার। মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ এখন পর্যন্ত সবচেয়ে বিতর্কিত আসর। সবচেয়ে বিতর্কিত ঘটনা পাকিস্তানের কোচ বব উলমারের মৃত্যু। হোটেলে তার মৃতদেহ আবিস্কার হয়। তার আগের দিন উত্তর আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। পুলিশি তদন্তে প্রথমে বলা হয় খুন হয়েছেন উলমার। অভিযুক্তদের তালিকায় পাকিস্তানী ক্রিকেটার থেকে শুরু করে বাজিকররাও ছিলেন। কিন্তু রাতারাতি এক বিবৃতিতে উলমারের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায় জ্যামাইকান পুলিশ। এ নিয়ে টানা হ্যাচড়া থামেনি। অক্টোবরে দীর্ঘমেয়াদি এক শুনানী বসায় জ্যামাইকা সরকার। কিন্তু মাসব্যাপী সে শুনানীতে পঞ্চাশেরও বেশি সাক্ষ্য নেওয়ার পরও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আদালত। নয়টি ক্যারিবিয়ান দ্বীপে চলা বিশ্বকাপ প্রথম রাউন্ডেই ভারত-পাকিস্তানের বিদায়ে কিছুটা বিবর্ণ হলেও, তাতে খানিকটা ঔজ্জ্বল্য দিয়েছেন হার্শেল গিবস ও লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকান ওপেনার গিবস নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মেরে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা ৪ বলে নিয়েছেন ৪ উইকেট। বৃষ্টিভেজা ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ও বিতর্ক এড়াতে পারেনি বোদ্ধাদের মাঝে। সে তুলনায় প্রথম আসরেই বাজিমাত করেছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। নতুন ঘরানার এই স্বল্পদৈর্ঘ্য ক্রিকেট দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তিন ঘণ্টার ক্রিকেটকে খুবই মানানসই মনে হয়েছে চলতিযাপনের ক্রিকেটপ্রেমীদের। আর দারুণ এক ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনীর ভারত। অস্ট্রেলিয়া তাদের মূল দল খেলিয়েছিল 'যারা জেতে তারা সব ঘরানায় অজেয়' তত্ত্ব নিয়ে। কিন্তু সেমিফাইনালেই থামতে হয়েছে তাদের। টুর্নামেন্টে গিবসের মতোই ছয় ছক্কা হাঁকিয়েছেন ভারতের যুবরাজ সিং। দুর্ভাগা বোলার ছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। বিশ্বকাপের ব্যর্থতা কাঁধে নিয়ে ক্রিকেট ছেড়েছেন অনেকেই। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা এবং পাকিস্তানের ইনজামাম-উল হক তাদের মধ্যে শীর্ষে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক লারার বিদায় হয়েছে তাৎক্ষণিক। ইনজামাম ওয়ানডে এবং নেতৃত্ব ছেড়েছেন। আর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের মাঠ মুলতানে খেলেছেন বিদায়ী ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে বিদায় নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। তবে টেস্টটি স্মরণীয় করে রেখেছেন মুরালিধরন। এ ম্যাচেই ইংল্যান্ডের পল কলিংউডকে আউট করে ওয়ার্নের বিশ্বরেকর্ড ভেঙ্গেছেন লঙ্কান এই অফস্পিনার। সে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট এবং ম্যাচে ১০ উইকেট শিকারের বিশ্বরেকর্ডকেও ব্যাপ্তি দিয়েছেন মুরালি। কিন্তু বোলারদের এই দাপটে ব্যাটসম্যানরাও কম যাননি। ভারতের শচীন টেন্ডুলকার অস্ট্রেলিয়ান গ্রেট অ্যালান বোর্ডারকে হটিয়ে উঠে এসেছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে। ব্রায়ান লারার পরেই। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে ৭ ইনিংসে করেছেন ৫টি সেঞ্চুরি। কম যাননি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। উইকেট কিপিং ছেড়ে ব্যাটিংয়ে পুরোপুরি মনযোগী হওয়ার ফল হাতেনাতে পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে টানা দুটো দুটো ডাবল সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯২ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছেন সাঙ্গাকারা। টানা চার ম্যাচে ১৫০-এর বেশি রান করা প্রথম ব্যাটসম্যান তিনি। সাঙ্গাকারা কিপিং ছাড়লেও অন্য দুই কিপারের লড়াইয়ে ওয়ার্ন-মুরালি গন্ধ পাচ্ছেন অনেকেই। ৪০৬টি ডিসমিসাল নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। ৩৯৯টি নিয়ে তার পেছনেই আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। এখনও খেলছেন এমন কেউ দুশো পেরুননি ডিসমিসালে। গিলক্রিস্ট ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে ৮টি ডিসমিসাল দিয়ে পেছনে ফেলেছেন স্বদেশী ইয়ান হিলিকে। তবে এই টেস্ট শুধু গিলক্রিস্টের নয়, বরং ২০০৭ সালকে অস্ট্রেলিয়ার শাসনের একটি জলছাপ হয়ে আছে। ভারতকে হারিয়ে টানা ১৫তম টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। পূর্বসূরী স্টিভ ওয়াহর টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ভাঙ্গতে মরিয়া পাল্লা দিচ্ছেন রিকি পন্টিং সদলে। আগামী বছর সেটা ভেঙ্গেই শুরু করতে চান নতুন একটি বছরের আধিপত্য। খুবই সম্ভব। ২০০৮ সালের সালতামামিটাও সম্ভবত লেখা হবে অস্ট্রেলিয়াকে কেন্দ্রে রেখেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৫৩০ঘ.