কুইন্সটাউন, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ছাত্রত্ব শেষ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা তারা নিয়েছিল শেখার অংশ হিসেবে। অনেক কিছুই শেখা হয়েছে মোহাম্মদ আশরাফুলের দলের। তারা শিখেছে কিভাবে আত্মাহুতির মিছিলে সামিল হয়ে ৯৩ রানে অলআউট হতে হয়। শিখেছে ৩৮ ওভারে করা এই স্কোর কিভাবে মাত্র ৬ ওভারেই টপকে যেতে পারে প্রতিপক্ষ। বিধ্বংসী ব্যাটিং কাকে বলে শিখিয়েছেন ব্রেন্ডন ম্যাককুলাম। সোমবার কুইন্সটাউনে তার ২৮ বলে খেলা ৮০ রানের ইনিংসেই ১০ উইকেটে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তার আগে ৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে বাঁহাতি স্পিন বোলিংও শিখিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
ম্যাচ শেষে বিধ্বস্ত আশরাফুল কথা খুঁজে পাচ্ছিলেন না। এরপর যথারীতি ব্যাটসম্যানদের দিকে অভিযোগের তর্জনী আর ভবিষ্যতে ভালো করার প্রতিশ্র"তি। বলেছেন, "আমরা খুবই বাজে খেলেছি, বিশেষ করে ব্যাটসম্যানরা। উইকেট স্লো ছিল, কিন্তু আমরা খুবই খারাপ খেলেছি।" যোগ করেছেন, "টেস্ট ক্রিকেটে আমাদের রেকর্ড ভালো করতে হলে আরো পরিশ্রম করতে হবে। আশা করছি আমরা ভালোই খেলব। আমাদের ব্যাটসম্যানরা নেটে কিভাবে বল ছাড়তে হয় তা ভালোমতোই অনুশীলন করছে।" বিজয়ী অধিনায়ক ভেট্টরি এক কথায় সেরেছেন, "একদম মনের মতো আর নিষ্ঠুর এক জয়।" এরপর ছোট ব্যাখ্যা, "আগের দুটো ম্যাচ থেকে আরো ভালো পারফরম্যান্স আশা করেছিলাম দলের কাছে। সে বিচারে আমরা পরিপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছি।"
ভেট্টরির এই অহংকার খুবই সাজে। বছরটা এর চেয়ে ভালোভাবে শেষ করার কথা ঘুম ভেঙ্গে ভাবেননি নিশ্চয়ই। ৭ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। এর আগে একবারই ৫ উইকেট পেয়েছেন। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের বিনিময়ে। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের হাল ধরার পর এটিই তার প্রথম ওয়ানডে সিরিজ জয়। তাও আবার ৩-০ ব্যবধানের হোয়াইটওয়াশ। ৫ উইকেট নিয়ে ক্রিস হ্যারিসকে (২০৩) টপকে এখন নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটের মালিক ভেট্টরি (২০৭)। তার চেয়ে বড় অর্জন হচ্ছে ৪৩টি ওয়ানডে উইকেট নিয়ে ২০০৭ সালের সবচেয়ে সফল বোলারও তিনিই।
টস জিতে সৌভাগ্যের দিনটি শুরু করেছিলেন ভেট্টরি। বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। তৃতীয় ওভারেই জুনায়েদ সিদ্দিকীকে (১) বোল্ড করে ব্রেক থ্রু দিয়েছেন কাইলি মিলস। বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ জুটিটির জন্ম এরপর। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৮ রান যোগ করেছেন আরেক ওপেনার তামিম ইকবাল (১৩)। স্লিপে স্কট স্টাইরিসের তালুবন্দী হয়েছেন তামিম মাইকেল ম্যাসনের বলে। ৪৪ রানের মাথায় বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা আশরাফুলকে আউট করলেন ম্যাসন। সর্বোচ্চ ২৫ রান করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে জ্যাকব ওরামকে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ পর্যন্ত রানের জন্য কতখানি সংগ্রাম করেছে বাংলাদেশ আর কতখানি দাপুটে ছিলেন নিউজিল্যান্ড বোলাররা তার জন্য স্কোরবোর্ড দারুণ সহায়। আশরাফুল আউট হয়েছেন ১৮তম ওভারে। বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ৪৪ রান। মাত্র ৩টি বাউন্ডারি, সবগুলোই আশরাফুলের। তামিমের মতো মারকুটে ব্যাটসম্যান আউট হওয়ার আগে ১৩ রান করতে খেলেছেন ৫৬ বল, জুনায়েদের ১ রান এসেছে ১১ বলে। আর ২ রান পর তুষার ইমরানও (১) যোগ দিয়েছেন বিদায়ী মিছিলে। বোলার ওরাম, উইকেটের পেছনে ক্যাচ ম্যাককুলামের।
২৫ ওভার পর্যন্ত বল হাতে না নেওয়া ভেট্টরি নিজের ভাগ্য যাচাইয়ে নেমেছেন এরপর। ঠিক টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজিয়ে বোলিং করেছেন। ৬ ওভারের স্পেলে দুটো মেডেন ওভার, ৫ উইকেট ৭ রানে। তিন বলের ব্যবধানে একই ওভারে আফতাব আহমেদ (১৯), সাকিব আল হাসান (১০) দিয়ে শুরু। শিকার তালিকায় এরপর যোগ হয়েছেন মুশফিকুর রহিম (০), ফরহাদ রেজা (১২) ও মাশরাফি মুর্তজা (২)। শুরুর উইকেট পাওয়া মিলস বাংলাদেশের সংগ্রামী ইনিংসের যতি টেনেছেন আবদুর রাজ্জাককে (৬) আউট করে।
তখনও ম্যাচের ১২ ওভার বাকি বলে সঙ্গে সঙ্গেই ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তারপর ব্যাট হাতে নৃশংস তাণ্ডবে মেতেছেন ম্যাককুলাম। সনাৎ জয়াসুরিয়ার ১৭ বলে ফিফটির রেকর্ডটি মাথায় ছিল না বোধহয় তার। তবে ১৯ বলে ফিফটি করে নিজের রেকর্ড ভেঙ্গে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম হওয়ার রেকর্ড গড়েছেন। আর রেকর্ড তালিকায় নাম উঠিয়েছেন দ্বিতীয় স্থানে। ২৮ বলে ৮০ রান করেছেন ৯টি চার ও ৬টি ছক্কায়। একাই এতটা বিধ্বংসী যে অন্য প্রান্তে থাকা জেইমি হাও (৮ বলে ৭ রান) তাকে স্ট্রাইকই দিয়েছেন শুধু। অসহায় মাশরাফি, শাহাদত, সাকিব এবং রাজ্জাক তাকে বল যোগান দিয়ে গেছেন ইচ্ছেমতো পেটাতে। ৬ ওভারেই ম্যাচ শেষ। ম্যান অব দ্য ম্যাচ ভেট্টরি একেই বলছেন নিষ্ঠুর কিন্তু পরিপূর্ণ জয়। আর বাংলাদেশ? আচ্ছা শেখাই শিখল তারা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১০৫৮ঘ.
bdnews24