২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ ওয়াহকে ছোঁয়ার অপেক্ষায় পন্টিং

সিডনি ক্রিকেট মাঠ অস্ট্রেলিয়ার জন্য যেমন আনন্দের তেমনি বিষাদময় এক ভেন্যুও। ঠিক এক বছর আগে, ২০০৭এর জানুয়ারিতে এখানেই ইংল্যান্ডকে ১০ উইকেটে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ইংলিশদের হোয়াইটওয়াশ করে আগের অ্যাশেজ পরাজয়ের প্রতিশোধও সম্পন্ন করেছিল নির্মমভাবে। কিন্তু সেই সিডনি টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা দুই বোলার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা এবং বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। চার বছর আগে এই সিডনিতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন স্টিভ ওয়াহ। বুধবার থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে অবশ্য গ্রেটদের বিদায়জনিত দুঃখের ভেন্যু হিসাবে নয়, রিকি পন্টিংয়ের দল মনে রাখতে চাইবে দুর্দান্ত এক রেকর্ড স্পর্শের জন্য। এবার সিডনিতে জিতলেই এটা হবে পন্টিংয়ের দলের টানা ১৬ জয়, সুবাদে তারা স্পর্শ করবে স্টিভ ওয়াহর দলের রেকর্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

সিডনি, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিডনি ক্রিকেট মাঠ অস্ট্রেলিয়ার জন্য যেমন আনন্দের তেমনি বিষাদময় এক ভেন্যুও। ঠিক এক বছর আগে, ২০০৭এর জানুয়ারিতে এখানেই ইংল্যান্ডকে ১০ উইকেটে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ইংলিশদের হোয়াইটওয়াশ করে আগের অ্যাশেজ পরাজয়ের প্রতিশোধও সম্পন্ন করেছিল নির্মমভাবে। কিন্তু সেই সিডনি টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা দুই বোলার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা এবং বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। চার বছর আগে এই সিডনিতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন স্টিভ ওয়াহ। বুধবার থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে অবশ্য গ্রেটদের বিদায়জনিত দুঃখের ভেন্যু হিসাবে নয়, রিকি পন্টিংয়ের দল মনে রাখতে চাইবে দুর্দান্ত এক রেকর্ড স্পর্শের জন্য। এবার সিডনিতে জিতলেই এটা হবে পন্টিংয়ের দলের টানা ১৬ জয়, সুবাদে তারা স্পর্শ করবে স্টিভ ওয়াহর দলের রেকর্ডকে। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত টানা ১৬ টেস্টে বিজয়ী অস্ট্রেলিয়ার গৌরব ভূলণ্ঠিত হয়েছিল ভারতের হাতেই। ২০০১ সালে ভারত সফরে প্রথম টেস্টে জিতলেও কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত পরের টেস্টে ভিভিএস লক্ষ্মণ আর হরভজন সিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স হারিয়ে দিয়েছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে। সেই দলের গৌরবময় অর্জন থেকে এখন ঢিল-ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে পন্টিংয়ের দল। মেলবোর্নে ভারতকে ৩৩৭ রানে উড়িয়ে দিয়ে টানা ১৫ জয় পাওয়া অস্ট্রেলিয়া সিডনি টেস্টেও যথারীতি ফেভারিট। সেটা শুধু দারুণ ফর্মে থাকার জন্যই নয়, সিডনি ক্রিকেট মাঠ বা এসসিজিতে তাদের পারফরম্যান্সের জন্যও। গত দশকে এসসিজিতে অস্ট্রেলিয়া মাত্র দুটো টেস্ট হেরেছে তারা। আর ভারতের কাছে টেস্টে এখানে হার মেনেছে এক বারই, ১৯৭৮ সালে। অর্থাৎ ভারতের বর্তমান দলটির সিডনিতে টেস্ট জয়ের কোনো অভিজ্ঞতা নেই। তবে সর্বশেষ সিডনি টেস্ট তাদের জন্য বড় এক অনুপ্রেরণার উৎস হতে পারে। ২০০৪ সালে সিডনিতে স্টিভ ওয়াহর বিদায়ী টেস্টে টেন্ডুলকারের অপরাজিত ২৪১ ও লক্ষ্মণের ১৭৮ রানের সুবাদে ৭ উইকেটে ৭০৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। বর্তমান অধিনায়ক অনিল কুম্বলে ৮ উইকেট নেয়ায় অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ৪৭৪ রানে। তবে সৌরভের দল স্বাগতিকদের ফলো অন করায়নি, ২ উইকেটে ২১১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। অস্ট্রেলিয়া অবশ্য ৪৪৩ রানের জয়ের লক্ষ্যে ছোটার চেষ্টা করেনি। স্টিভ ওয়াহর ৮০ আর সাইমন ক্যাটিচের অপরাজিত ৭৭ রানের সৌজন্যে ড্র করে সিরিজ পরাজয়ের লজ্জা থেকে বেঁচে গিয়েছিল কোনোরকমে। চার বছর আগের সেই টেস্ট ছাড়াও সিডনির স্পিন সহায়ক উইকেট ভারতকে অনুপ্রাণিত করবেই। তবে মেলবোর্নে বিশাল পরাজয়ের ধাক্কা তারা কতটা সামলে উঠতে পারবে সেটাও প্রশ্নসাপেক্ষ। যদিও দলের ম্যানেজার ও সাবেক ওপেনার চেতন চৌহান প্রথম টেস্টের পরাজয়কে ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী, "আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে পারি যে খারাপ সময় শেষ হয়ে গেছে। সেটা (মেলবোর্ন টেস্ট) ছিল একটা দুঃস্বপ্ন যা এখন শেষ। আমরা সেটাকে পেছনে ফেলে এসেছি। আমাদের দল এখন দৃঢ় প্রতিজ্ঞ ... এই সিরিজে আমরা ঘুরে দাঁড়াবোই।" এখনো কোনো দল একাদশ চূড়ান্ত না করলেও ভারতীয় দলে একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। ওপেনিংয়ে বীরেন্দর শেবাগকে ফিরিয়ে এনে বাদ দেয়া হতে পারে যুবরাজ সিংকে। অস্ট্রেলিয়ার অপরিবর্তিত দল নিয়ে নামার সম্ভাবনাই বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.