২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ৩৩৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া

দাপুটে জয় দিয়েই বছরটা শেষ করলেন রিকি পন্টিং। শেষ করলো অস্ট্রেলিয়া। এমসিজির উইকেটে ফের পুনরাবৃত্ত হলো অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। এবারের শিকার ভারত এবং কাগজে কলমে অসাধারণ এক ব্যাটিং লাইনআপ। শনিবার মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের চা বিরতির ঘণ্টাখানেকের মধ্যেই তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৬১ রানে। সুবাদেই ৩৩৭ রানের বিশাল জয় দিয়ে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দাপুটে জয় দিয়েই বছরটা শেষ করলেন রিকি পন্টিং। শেষ করলো অস্ট্রেলিয়া। এমসিজির উইকেটে ফের পুনরাবৃত্ত হলো অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। এবারের শিকার ভারত এবং কাগজে কলমে অসাধারণ এক ব্যাটিং লাইনআপ। শনিবার মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের চা বিরতির ঘণ্টাখানেকের মধ্যেই তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৬১ রানে। সুবাদেই ৩৩৭ রানের বিশাল জয় দিয়ে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৪৯৯ রান করতে হতো ভারতকে জিততে হলে। সেটা হতো বিশ্ব রেকর্ড। উল্টো অস্ট্রেলিয়াই এগিয়ে গেছে তাদের দুর্দান্ত এক অর্জনের আরো কাছাকাছি। মেলবোর্নের জয় ছিল তাদের টানা ১৫তম টেস্ট জয়। নিজেদেরই ১৬ টেস্টের রেকর্ড ছুঁতে এবং ভাঙতে মরিয়া তারা। এবং ভারতের অসহায় হারে উজ্জীবিত হতে পারেই রিকি পন্টিংয়ের দল। আর এই জয়ে মূল ভূমিকা রেখেছেন দলের বোলাররা। আলাদা করে না বলে সম্মিলিত প্রয়াস বলাটাই সঠিক হবে। মিশেল জনসন তার বাঁহাতি পেসে ৩ উইকেট নিয়েছেন ২১ রান খরচায়। জনসনের মতোই ১৫ ওভার বোলিংয়ে ৯টি মেডেন ওভার নিয়েছেন ব্র্যাড হগ। পেয়েছেন ২০ রানে ২ উইকেট। ব্রেট লির ২ উইকেট এসেছে ৪৩ রানের বিনিময়ে। দুটো গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিয়েছেন অ্যান্ড্রু সায়মন্ডস এবং স্টুয়ার্ট ক্লার্ক। সেই সঙ্গে যোগ হয়েছে দুর্দান্ত ফিল্ডিং। আলাদা করে বলতেই হয় অ্যাডাম গিলক্রিস্টের কথা। প্রথম ইনিংসে চারটি ডিসমিসাল দিয়ে ইয়ান হিলির পাশে বসেছিলেন। দ্বিতীয় ইনিংসে আরো চারটি দিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল উইকেট কিপার হিসেবে ছাড়িয়ে গেছেন তাকে। ৩৯৯টি ডিসমিসাল নিয়ে এখন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের (৪০৬*) ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ছেন গিলক্রিস্ট। প্রতিটি ডিসমিসালের জন্য ১৮ হাজার ডলার করে তাকে দেবার প্রতিশ্র"তি দিয়েছিলেন স্পন্সররা। গোলাপী গ্লাভস হাতে সাবেক সতীর্থ ও পেস-গ্রেট গ্লেন ম্যাকগ্রার ক্যান্সার তহবিলের জন্য তুলে দিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ডলার। বিনা উইকেটে ৬ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। ওয়াসিম জাফরকে (১৫) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু দিয়েছেন ব্রেট লি। এই ক্যাচটি নিয়েই গিলক্রিস্ট ছাড়িয়েছেন হিলিকে। ওপেনিংয়ে প্রাণপাত করা রাহুল দ্রাবিড় (১৬) এলবিডব্লু হয়েছেন সায়মন্ডসের বলে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের ক্ষয়ক্ষতি এটুকুই। প্রথম বড় আঘাত হয়ে এল শচীন টেন্ডুলকারের বিদায়। গোটা ম্যাচে ভারতের পক্ষে একমাত্র ফিফটি হাঁকানো এই ব্যাটসম্যান ১৫ রান করে লির দ্বিতীয় শিকার। এবারও ক্যাচ নিয়েছেন গিলক্রিস্ট। সর্বোচ্চ ৪২ রান করে ভিভিএস লক্ষ্মণ আউট হয়েছেন স্টুয়ার্ট ক্লার্কের বলে। যুবরাজ সিং (৫) হগের বলে এলবিডব্লু। আর ১২৫ রানের মধ্যেই টপ অর্ডারের অর্ধেক হারিয়ে ভারতের হার অনেকখানি নিশ্চিত হয়ে পড়ে। চা-বিরতির পর মাত্র চার বলের মধ্যে তিন উইকেট পুরাপুরি নিশ্চিত করে দেয় তা। মহেন্দ্র সিং ধোনী (১১) জনসনের বলে গিলক্রিস্টের গ্লাভসবন্দী হয়ে বিরতির পর ধ্বসের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক অনিল কুম্বলে (৮) তাকে অনুকরণ করেছেন আউট হওয়ার ধরণে। পরের ওভারের প্রথম বলেই কোনো বল না খেলা হরভজন সিং রানআউট। লক্ষ্মণের পর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রচণ্ড গরমে কাহিল সাবেক অধিনায়ক দু'বল পর এলবিডব্লু হয়েছেন হগের বলে। তার আগে করে গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান। আরপি সিংকে (২) বোল্ড করে ভারতকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন জনসন। ম্যাচ সর্বোচ্চ ১২৪ রানের দারুণ ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পেয়েছেন ম্যাথু হেইডেন। ২ জানুয়ারি সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু'দল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫০০ঘ.