২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একরাশ আশঙ্কা নিয়ে অস্ট্রেলিয়ার রান পাহাড়ের সামনে ভারত

হাতে আছে পুরো দুই দিন আর ১০ উইকেট। তবু মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনশেষে আশঙ্কায় জর্জরিত ভারত। কারণ তাদের সামনে টার্গেট হচ্ছে ৪৯৯, যা করতে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাতে আছে পুরো দুই দিন আর ১০ উইকেট। তবু মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনশেষে আশঙ্কায় জর্জরিত ভারত। কারণ তাদের সামনে টার্গেট হচ্ছে ৪৯৯, যা করতে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড। শুক্রবার তৃতীয় দিন মাইকেল ক্লার্ক ও ফিল জ্যাকসের ফিফটির সুবাদে ৭ উইকেটে ৩৫১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থাকায় ভারতের সামনে রানের পাহাড়। বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ আছে বটে, তবে মেলবোর্নের উইকেট ক্রমশ ধীর হয়ে পড়ার আশঙ্কা থাকায় কাজটা 'টিম ইন্ডিয়া'র জন্য খুবই কঠিন। সেই সঙ্গে বিশ্ব রেকর্ড গড়ার চাপ তো আছেই। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ার পথে ৪১৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হলেও ভারত যে স্বস্তিতে নেই তা নির্দ্বিধায় বলা যায়! দিনশেষে বিনা উইকেটে ৬ রান করেছে তারা। সকালে বিনা উইকেটে ৩২ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিচ্ছিন্ন হয়েছেন দলীয় ৮৩ রানের সময়। প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করা ম্যাথু হেইডেনকে (৪৭) সৌরভ গাঙ্গুলীর ক্যাচ বানিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দিয়েছেন হরভজন সিং। প্রথম ইনিংসে ৪ রান করা রিকি পন্টিং এবারো ব্যর্থ। ৩ রান করা অস্ট্রেলীয় অধিনায়কও হরভজনের শিকার। তবে অল্প সময়ের ব্যবধানে দুই তারকাকে হারানোর ধাক্কা বুঝতে দেননি জ্যাকস ও মাইকেল হাসি। তৃতীয় উইকেটে দু জনে ৫০ রানের জুটি গড়ার পর আরপি সিংয়ের বলে জ্যাকস (৫১) রিটার্ন ক্যাচ দিয়েছেন কুম্বলেকে। জ্যাকসের টানা দ্বিতীয় ফিফটিতে বাউন্ডারি ৫টি। তার বিদায়ের পর হাসিও বেশিক্ষণ থাকতে পারেননি। ৩৬ রান করে আরপি সিংয়ের বলে তিনি ক্যাচ দিয়েছেন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৪ উইকেটে ১৬১ রান। সাইমন্ডসের সঙ্গে মাইকেল ক্লার্কের ৮২ রানের জুটিটার জন্ম এরপরই। সাইমন্ডস খেলেছেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতেই। তার ৫২ বলে ৪৪ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি ছাড়াও আছে দুটো বিশাল ছক্কা। সাইমন্ডসকে এলবিডব্লু করে জহির খান ভারতকে কিছুটা স্বস্তি দিলে মাইকেল ক্লার্ককে তা দমাতে পারেনি। কুম্বলের বলে স্টাম্পড হওয়ার আগে ৭৩ রানের দারুণ এক ইনিংস এসেছে তার ব্যাট থেকে। এর পর গিলক্রিস্ট (৩৫) ও ব্র্যাড হগও (অপঃ ৩৫) দায়িত্ব নিয়ে ব্যাট করায় প্রায় পাঁচ শ' রানের টার্গেট ছুড়ে দিতে পেরেছে অস্ট্রেলিয়া। ভারতের সেরা বোলার হরভজন। তবে ৩ উইকেট নিলেও সেজন্য ১০১ দিতে হয়েছে 'ভাজ্জি'কে। রান দেয়ায় 'সেঞ্চুরি' করেছেন প্রথম ইনিংসের বোলিং-হিরো কুম্বলেও। ১০২ রানে ২ উইকেট নিয়েছেন ভারত অধিনায়ক। ৪৯৯ রানের কঠিন লক্ষ্য তো আছেই, ভারতকে আশঙ্কায় ফেলতে পারে মাইকেল ক্লার্কের মন্তব্যও। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানের ধারণা, "বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে রিভার্স সুইং করতে পারে। আমরা ভাগ্যবান যে আমাদের তিনজন পেসারই রিভার্স সুইংয়ে বেশ দক্ষ। আরেকটা সুবিধা হলো তারা দুদিকেই সুইং করাতে পারে। পৃথিবীতে খুব বেশি বোলার এই কাজটা করতে পারে না।" অবশ্য প্রতিপক্ষের দুর্দান্ত ব্যাটিং লাইনআপের কথাও তার মাথায় আছে। তবে তারপরও মাইকেল ক্লার্কের বিশ্বাস, এই টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে তেমন সমস্যা হবে না অস্ট্রেলিয়ার, "ভারতের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। তারা ইতিবাচকভাবে খেলতে পারলে এই টেস্টে জিততেও পারে। তবে বাস্তবতা হলো হাতে দুই দিন নিয়ে ওদের আরো ৪৯৩ রান দরকার। আমি বিশ্বাস করি আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী বল করার পাশাপাশি সুযোগ কাজে লাগাতে পারলে আগামীকালই (শনিবার) ম্যাচটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩০ঘ.