নেপিয়ার, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। নিউজিল্যান্ড ৫ উইকেটে ৩৩৫ রান তোলার পর নিশ্চয়ই এই রান তাড়া করার কথা ভাবেনি বাংলাদেশ। অনুমান করা যায়, ব্যবধান যতটা সম্ভব কমিয়ে এনে সন্মানজনক হারের লক্ষ্যই স্থির করেছিল টাইগাররা। কিন্তু আশাব্যঞ্জক শুরুর পর বাকিটা হতাশাজনক হওয়ায় বড় হারই অবধারিত ছিল। ৪ উইকেট হাতে রেখে ৪২ বলে ১৫৫ রানের অসম্ভব সমীকরণ যখন সামনে, তখনই বৃষ্টির বাগড়া। খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেটে ১৮১ হলেও তাদের হারের ব্যবধানটা বৃষ্টির জন্য নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুযায়ী। তাতে বাংলাদেশ হেরেছে ১০২ রানে। টানা দু ম্যাচ জেতায় এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
এই ম্যাচে প্রথম ওয়ানডেরই পুনরাবৃত্তি দেখা গেছে অনেকটা। পার্থক্য বলতে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ধ্বসটা নেমেছিল স্কোরবোর্ডে ১৫০ রান জমা হওয়ার পর । আর নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ম্যাচে সেটা নামলো আরো অনেক আগেই। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৬ রানের টার্গেট তাড়া করতে নামা বাংলাদেশ বিনা উইকেটে তুলে ফেলেছিল ৬৩ রান। আর সেখান থেকে ৬৮ রানে যেতেই তিন উইকেট নেই। দুই ওপেনার তামিম ইকবাল (৪৩) ও জুনায়েদ সিদ্দিকী (১৫) ছাড়াও সাজঘরে ফিরে যান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৩)। তিনজনকেই তুলে নেন পেসার কাইল মিলস। পরে সাকিব আল হাসানকে (১৫) নিজের চতুর্থ শিকার বানানোয় ম্যাচের সেরা বোলার তিনিই। কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড়? ৮৩ রান করে কিউইদের রান পাহাড়ে চড়ায় ভূমিকা রাখা পিটার ফুলটন।
প্রথম ওয়ানডের ম্যান অফ দি ম্যাচ আশরাফুল অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। কাভারে রস টেলর তার ক্যাচটি নেওয়ার পর মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত দিতে পারছিলেন না। তাই শরণাপন্ন হন থার্ড আম্পায়ারের। তিনি আউট দিলেও টিভি রিপ্লেতে বল আগে মাটি স্পর্শ করেছে বলেই মনে হয়েছে। এর আগে জুনায়েদ প্রথম ওয়ানডের মতো বল আকাশে তুলে দিয়ে আউট হওয়ার পরই বাংলাদেশের চটপট উইকেট হারানোর শুরু। ছয় বাউন্ডারির সঙ্গে মার্ক গিলেস্পিকে মিড উইকেট দিয়ে ছক্কা মারা তামিম ইকবালও জুনায়েদকে অনুসরণ করেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
দারুণ সূচনার পর হুট করেই পথ হারিয়ে ফেলা বাংলাদেশের ইনিংসটাকে এরপর একরকম একাই টেনে নিয়ে যাচ্ছিলেন আফতাব আহমেদ। তার ৫৪ রানের ইনিংসটাতে 'আফতাবসুলভ' স্ট্রোকের ঝলক কিছূটা থাকলেও বেশিরভাগ সময়ই নড়বড়ে মনে হয়েছে তাকে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আফতাব আউট হওয়ার পর শুরু হয় বড় হারের প্রহর গোনা।
বোলারদের ব্যর্থতায় সেটাই ভবিতব্য ছিল। জিম্বাবুয়েতে একবার শেষ ওভারে ১৮ রান দিয়ে বাংলাদেশকে হারিয়েছিলেন মাশরাফি। নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডেতে সেই একই ভুত তার মাথায় চেপেছিল কিনা কে জানে! ইনিংসের শেষ ওভারের প্রথম পাঁচ বলে দিয়ে দেন ১৭ রান। তবুও সান্ত্বণা, মাত্র ২৯ বলে ফিফটি করা জ্যাকব ওরামকে (৩১ বলে ৫৫) শেষ ডেলিভারিতে তুলে নিতে পেরেছেন। না হলে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ ইনিংসটা হয়তো টপকেই যেতো কিউইরা। ১৯৯০ সালে শারজায় অস্ট্রেলেশিয়া কাপ ম্যাচে ৪ উইকেটে ৩৩৮ রান করেছিল নিউজিল্যান্ড।
মূল স্ট্রাইক বোলার মাশরাফিই যেখানে ১০ ওভারে ৬৬ রান দিয়ে এমন বিবর্ণ, সেখানে অন্যদের কথা না বললেও চলছে। তবে আরেকজনের কথা আলাদা করে না বললেই নয়। অধিনায়ক তাকে পাওয়ার প্লে'তে আক্রমণে নিয়ে আসেন। আবার ব্যবহার করেন স্লগ ওভারেও। বেশিরভাগ সময়ই এই চ্যালেঞ্জটা নিতে জানা আব্দুর রাজ্জাক নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে এমন মার খেলেন যে ১০ ওভারে দিয়ে ফেললেন ৭৫ রান! যদিও এই বাঁ হাতি স্পিনারের সাফল্যও আছে দুটো। যেভাবে ব্যাটিং করছিলেন তাতে ওপেনার জেমি হাও এবং পিটার ফুলটনের সেঞ্চুরি পাওনা বলেই মনে হচ্ছিল। কিন্তু এই দু'জনকে রাজ্জাক সেঞ্চুরিবঞ্চিত করার আগেই তারা সর্বনাশ যা করার করে দিয়ে যান। একজনের ৭৪ ও অন্যজনের ৮৩ রানের ইনিংস দুটোই নিউজিল্যান্ডকে চিনিয়ে দেয় বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার পথ।
৮২,৬৫ ও ৮২। নাহ, এগুলো কারো ইনিংস নয়। আসলে প্রথম তিন উইকেটে কিউই ব্যাটসম্যানদের গড়া পার্টনারশিপ। এমন তিনটি পার্টনারশিপে তৈরি ভিতের ওপর দাঁড়িয়ে শেষদিকে রীতিমতো ঝড় তোলেন রস টেলর এবং ওরাম। শেষ ৫ ওভারে তারা তুলে নেন ৭২ রান। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকা টেলরের তুলনায় অনেক বেশি বিধ্বংসী ছিলেন ওরাম। তার ৫৫ রানের ইনিংসটায় চার বাউন্ডারির পাশাপাশি ছিল চারটি ছক্কাও।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন জেমি হাও। অকল্যান্ডে অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়া এই ওপেনারকে এবারো থামিয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে শুক্রবার প্রচন্ড মার খেতে থাকা আব্দুর রাজ্জাক থামান তাকে। এই বাঁ হাতি স্পিনার হাওকে লেগ বিফোরের ফাঁদে ফেলার আগেই বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই ওপেনার। ৭৭ বলে ৭৪ রান করাই শুধু নয়, দুটো কার্যকর জুটি গড়ায়ও নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১২৫৫ ঘ.
bdnews24