ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মূলত একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতেই দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তার আগে সফরসূচীতে একটাই তিনদিনের ম্যাচ। রোববার থেকে পচেফস্ট্রুমে স্বাগতিক অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে সোহরাওয়ার্দী শুভর দল। নিজেদের প্রথম ইনিংসে ৮০.৫ ওভারে অলআউট হয়ে গেলেও তারা করেছে ২৯৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার যুব দল ১ উইকেটে তুলেছে ৩৫ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান এসেছে অধিনায়ক সোহরাওয়ার্দীর ব্যাট থেকেই। আরো একটা ফিফটি করেছেন মাহমুদুল হাসান (৬৪)। ফিফটি না পেলেও রনি তালুকদার (৪৩) ও মিথুন আলীর (৩৯) ইনিংস দুটোও উল্লেখ করার মতো। মার্শাল আইয়ুব করেন ২৩ রান। শেষদিকে আশরাফুল আজিজের অপরাজিত ৩৩ রান তিনশোর কাছাকাছি নিয়ে যায় বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার পারনেল ৩৭ রানে নেন দুই উইকেট। জবাব দিতে নামা স্বাগতিকদের একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন রুবেল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২৩০ঘ.
bdnews24