২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল : সম্ভাবনাময় ব্যাটসম্যান থেকে বিশ্বসেরাদের সারিতে

উচ্চতায় খাটো অথচ বোলারদের ওপর তান্ডবলীলা চালানোয় সিদ্ধহস্ত মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দেখে রীতিমতো গবেষণায় মেতেছিলেন মার্টিন ক্রো। ক্রিকেটের অতীত ইতিহাস এমন আর কাকে কাকে দেখেছে - এই ছিল নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানের গবেষণার বিষয়বস্তু। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডের সময় ধারাভাষ্যকার ক্রো'র মুখে চট করে চলে আসা দুটো নাম শুনলে অবশ্যই গর্বে ফুলে উঠবে বাংলাদেশ অধিনায়কের বুকের ছাতি। ওই দু'জনের নাম যে ডন ব্র্যাডম্যান ও শচীন টেন্ডুলকার। এদের মধ্যে ব্র্যাডম্যানের খেলা ক্রো দেখেনইনি। তবে দীর্ঘদিন ধরে দেখছেন শচীনকে। যারা শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে বিনোদনদায়ী ব্যাটিংয়ের শেষকথা হয়ে উঠেছেন। আশরাফুলও কী তেমন কিছুই হয়ে উঠবেন? তার ৫৭ বলে ৭০ রানের ইনিংসে মজে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেবল ওই দু'জনের কথা মনে করিয়ে দিয়েই থেমে গেছেন। উত্তরটা তো দেবে সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- উচ্চতায় খাটো অথচ বোলারদের ওপর তান্ডবলীলা চালানোয় সিদ্ধহস্ত মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দেখে রীতিমতো গবেষণায় মেতেছিলেন মার্টিন ক্রো। ক্রিকেটের অতীত ইতিহাস এমন আর কাকে কাকে দেখেছে - এই ছিল নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানের গবেষণার বিষয়বস্তু। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডের সময় ধারাভাষ্যকার ক্রো'র মুখে চট করে চলে আসা দুটো নাম শুনলে অবশ্যই গর্বে ফুলে উঠবে বাংলাদেশ অধিনায়কের বুকের ছাতি। ওই দু'জনের নাম যে ডন ব্র্যাডম্যান ও শচীন টেন্ডুলকার। এদের মধ্যে ব্র্যাডম্যানের খেলা ক্রো দেখেনইনি। তবে দীর্ঘদিন ধরে দেখছেন শচীনকে। যারা শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে বিনোদনদায়ী ব্যাটিংয়ের শেষকথা হয়ে উঠেছেন। আশরাফুলও কী তেমন কিছুই হয়ে উঠবেন? তার ৫৭ বলে ৭০ রানের ইনিংসে মজে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেবল ওই দু'জনের কথা মনে করিয়ে দিয়েই থেমে গেছেন। উত্তরটা তো দেবে সময়। সময় আশরাফুলকে এক সময়ের সম্ভাবনাময় এক ব্যাটসম্যান থেকে এখন প্রতিপক্ষের ত্রাসও বানিয়েছে। সেঞ্চুরি দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তার। শুধু তাই নয়, ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই সেঞ্চুরি দিয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বুকে নামও লেখা হয়ে যায় তার। তারপর থেকে বেশিরভাগ সময়ই প্রত্যাশার চাপে বিবর্ণ হয়ে থাকা এবং মাঝেমধ্যে ঝলসে ওঠা আশরাফুল নিজেকে এখন বদলে ফেলেছেন অনেকটাই। এখন প্রতিপক্ষ তাকে আতঙ্ক মেনেই মাঠে নামে। ডেনিয়েল ভেট্টোরির কথাতেও আছে তারই স্বীকারোক্তি। সেই সঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক তাকে দিচ্ছেন একজন বিশ্বমানের ব্যাটসম্যানের স্বীকৃতিও। নিজ দলের বোলারদের আশরাফুলের ব্যাটে ঠেঙ্গানি খেতে দেখার পর অপকপটেই বলে ফেলেছেন, "ওর ব্যাটিংটাকে এক কথায় অসাধারণ বলেই মনে হয়েছে আমার কাছে। যা আমাদের এই মুহূর্তের কয়েকজন বিশ্বমানের ব্যাটসম্যানের কথাই মনে করিয়ে দিয়েছে, যাদের কিনা ভালো বলেও হরহামেশা চার-ছক্কা মারার ক্ষমতা আছে।" একারণেই সিরিজের পরের দুটো ম্যাচেও আশরাফুলকে হুমকি হিসেবেই দেখছেন ভেট্টোরি, "ওর বল দেখার ক্ষমতা অসাধারণ। পুরো সিরিজেই আমাদের জন্য হুমকি হয়ে থাকছে সে।" মার্টিন ক্রো এবং ভেট্টোরিরা এমন সার্টিফিকেট দেওয়ার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের কথাগুলোকে বাড়াবাড়ি বলে মনে করার কোনো কারণ নেই, "আশরাফুল বিশ্বমানের ব্যাটসম্যান। উইকেটের চারধারে ও যে সমস্ত শট খেলে থাকে, সেসব খেলার ব্যাটসম্যান বিশ্বেই খুব বেশি নেই। আর আমাদের দেশে তো নেই-ই। এমন ব্যাটসম্যান প্রতিপক্ষের জন্য হুমকি হবে না তো কে হবে!" সময়ে আশরাফুলের রুপান্তরটা এভাবেই তুলে ধরছেন রকিবুল, "সেদিন নেমেই প্রথম বলটা যেভাবে ওভার দি টপ খেললো, এতেই প্রমাণিত হয় ওর আত্মবিশ্বাস ও স্কিল কতোটা। আগে উইকেটে সেট হতে সময় নিত। শুরুতে একটু নড়বড়েও মনে হত। কিন্তু প্রথম ওয়ানডের ব্যাটিং দেখে মনে হল, ও ৫০ রান করেই মাঠে নেমেছে বাকি ৫০ রান পূরণ করার জন্য। এমন ব্যাটসম্যানকে সব দলের গোনায় না ধরে উপায় কী!" তবে আশরাফুলের 'ক্রিকেট গুরু' ওয়াহিদুল গণি তার শিষ্যকে প্রশংসায় ভাসানোর ক্ষেত্রে বরাবরই খুব কৃপণ। বাংলাদেশ অধিনায়কের খুব ভালো একটা ইনিংস থেকেও গুরুসুলভ নজরদারিতে খুঁত বের করে আনেন তিনি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। এমনকি প্রতিপক্ষের ত্রাসে পরিণত হওয়ারও একটা জ্বালা আছে বলে মনে হয় তার, "যতোক্ষণ খেলছে ততোক্ষণ ও ত্রাস হয়ে থাকছে। আবার এটাও তো ওকে বুঝতে হবে যে দলগুলো ওকে নিয়ে পরিকল্পনা করেই নামে। মানছি যে আগের চেয়ে অনেকটা পরিণত হয়েছে ও। কিন্তু যে জিনিষগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, সেগুলো নিয়ন্ত্রণে আনার ব্যাপারটা এখনো ওর আয়ত্তে আসেনি। সেদিন যে বলটাতে আউট হলো সেটা তো নীচে মারলেও পারতো। আমি বলবো, ও শতকরা ৭০ভাগ পরিণত হয়েছে। আরো ৩০ ভাগ পরিণত হওয়া বাকি আছে ওর। আগে ভালো ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়ে অল্পতে উইকেট ছুঁড়ে দিয়ে আসতো। এখনও ছুঁড়ে দিয়ে আসছে। রানটা হয়তো একটু বেশি করছে। আশার কথা ওর উইকেটটা যে খুব দামী এটা আশরাফুলও বুঝতে শুরু করেছে। ২৫ বছর বয়সে এটা ওকে পুরোপুরি বুঝে উঠতে হবে। আর সেই বয়সটা কিন্তু এসেও যাচ্ছে।" শচীন টেন্ডুলকার এখন ক্যারিয়ারের সায়াহ্নে। আর আশরাফুল সবে ২৩। ব্যাটিং বিনোদনের শেষকথা হওয়ার সময় তার হাতে কিন্তু অনেক! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.