পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দিনশেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ১২২ রান। এর আগে শিবনারায়ণ চন্দরপলের ধৈর্য্য আর দৃঢ়তায় ভরা সপ্তদশ সেঞ্চুরির সৌজন্যে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪০৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
৩৯৪ মিনিট ক্রিজে থাকা চন্দরপলের ১০৪ রানের ইনিংসটা গড়ে উঠেছে ২৫৩ বলে, ১২টা বাউন্ডারিতে। টেস্টে এটা তার টানা তৃতীয় সেঞ্চুরি এবং টানা সপ্তম পঞ্চাশোর্ধ ইনিংস। এর আগে শুধু সাবেক ওয়েস্ট ইন্ডিজ 'গ্রেট' এভারটন উইকস এবং জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারই টানা ৭টি ফিফটি করার কৃতিত্ব দেখাতে পেরেছেন টেস্ট ক্রিকেটে। সপ্তম উইকেটে চন্দরপলের সঙ্গে পেসার ড্যারেন স্যামির ৫৭ রানের জুটি চার শ' রানের পথে এগিয়ে দিয়েছে ক্যারিবীয়দের। স্যামি করেছেন ৩৮ রান। মাখায়া এনটিনি ও আন্দ্রে নেলের শিকার তিনটি করে উইকেট।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই হার্শেল গিবসকে (০) হারিয়েছে স্বাগতিকরা। গিবসের পর হাশিম আমলা (২৯) ও অ্যাশওয়েল প্রিন্সকেও (২০) ফিরিয়েছেন ড্যারেন পাওয়েল। তবে পাওয়েলের চেয়ে একটি উইকেট কম পেলেও প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ (২৮) ও দারুণ ফর্মে থাকা জ্যাক ক্যালিসের (০) উইকেট দুটো জেরম টেলরের। দিনশেষে এবি ডি ভিলিয়ার্স ২২ ও মার্ক বাউচার ১৮ রানে অপরাজিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২২৩ঘ.
bdnews24