২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে সতর্ক করলেন ফ্লেমিং

প্রদর্শনী টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আবারও নেতৃত্বে ফিরেছিলেন স্টিভেন ফ্লেমিং। বাংলাদেশের বিপক্ষে চার উইকেটে হারা সেই ম্যাচে নিউজিল্যান্ডের জন্য বিপদ সংকেতই দেখতে পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। আর সে কারণেই আসন্ন সিরিজে দলকে সতর্ক করে দিয়েছেন ফ্লেমিং। সোমবার 'নিউজিল্যান্ড হেরাল্ড' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাতকারে বাংলাদেশকে হাল্কা চালে নিলে পস্তাতে হবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

হ্যামিল্টন, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রদর্শনী টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আবারও নেতৃত্বে ফিরেছিলেন স্টিভেন ফ্লেমিং। বাংলাদেশের বিপক্ষে চার উইকেটে হারা সেই ম্যাচে নিউজিল্যান্ডের জন্য বিপদ সংকেতই দেখতে পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। আর সে কারণেই আসন্ন সিরিজে দলকে সতর্ক করে দিয়েছেন ফ্লেমিং। সোমবার 'নিউজিল্যান্ড হেরাল্ড' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাতকারে বাংলাদেশকে হাল্কা চালে নিলে পস্তাতে হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগে এক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। সুপার এইটে যথারীতি জিতলেও ফ্লেমিংয়ের মনে আছে মোহাম্মদ আশরাফুলের দলের তান্ডব। সোমবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আবারও দেখা পেলেন তার। বলেছেন, "যদি আমরা অসতর্ক হই তাহলে ওরা সর্বনাশ ঘটিয়ে দেবে। দারুণ কিছু স্ট্রোক প্লেয়ার আছে ওদের। অনেক খেলোয়াড়কেই মনে হলো অকুতোভয়, কিছুরই পরোয়া করে না। আর নিজেদের দিনে ওরা কি হতে পারে, বিশ্বকাপে কয়েকটা ম্যাচে আমরা সেটা দেখেছি।" বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকে অবসর নিয়েছেন ফ্লেমিং। শুধু টেস্ট খেলছেন। দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র ফিফটিটি এসেছে তার ব্যাট থেকেই। আর দলের ব্যাটসম্যানদের এই ব্যর্থতা অস্ট্রেলিয়া সফরেও ব্যাপ্তি পাওয়ায় শঙ্কিত তিনি। সোমবারের ম্যাচের অভিজ্ঞতায় সে ভয় বেড়েছে আরো। বলেছেন, "দলের ব্যাটিং নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, সে কারণে সবার উপর চাপও খুব। তার প্রমাণ পেলাম এ ম্যাচেও। আমাদের অবশ্যই এটা কাটিয়ে উঠতে হবে এবং ব্যাট হাতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।" এ তুলনাতে ফের বাংলাদেশের ব্যাটসম্যানদের পুরো নম্বর দিয়েছেন ফ্লেমিং, "ওদের ব্যাটিং তো আমাদের একদমই বিপরীত মনে হচ্ছে। ওদের প্রচণ্ড আত্মবিশ্বাস, ভয়-ডরহীন। একটা বাজে শট খেলে আউট হওয়ার ভয়টা ওদের ওপর চেপে বসেনি।" আগামী ২৬ ডিসেম্বর অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ফ্লেমিং তাদের দেখা পাবেন ৪ জানুয়ারিতে। ডানেডিনে প্রথম টেস্ট ম্যাচে সেদিন থেকে খেলবে দুদল। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৪২ঘ.