২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না ইনজামামরা!

জাতীয় দলে আর কখনো না নেয়ার হুমকি দিয়েছিল আগেই। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিলো, 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দেয়া ক্রিকেটারদের কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলারও সুযোগ দেয়া হবে না। চলতি মৌসুম থেকেই শুরু হবে এই নিষেধাজ্ঞা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

করাচি, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতীয় দলে আর কখনো না নেয়ার হুমকি দিয়েছিল আগেই। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিলো, 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দেয়া ক্রিকেটারদের কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলারও সুযোগ দেয়া হবে না। চলতি মৌসুম থেকেই শুরু হবে এই নিষেধাজ্ঞা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক ছাড়াও সদ্য সমাপ্ত আইসিএল-এ অংশ নিয়েছেন জাতীয় দলের হয়ে খেলা শাব্বির আহমেদ, আব্দুল রাজ্জাক, ইমরান ফারহাত, তৌফিক উমর ও আজহার মেহমুদ। শুরু থেকেই তাদের আইসিএল-এ যোগ দেয়াকে ভালো চোখে দেখেনি পিসিবি। কিন্তু ইনজামামরা সত্যি সত্যিই আইসিসি এবং ভারত-পাকিস্তানসহ সবগুলো ক্রিকেট বোর্ডের স্বীকৃতিবিহীন টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নেয়ায় তাদেরকে কঠিন শাস্তি দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিসিবির ঘরোয়া ক্রিকেটের জেনারেল ম্যানেজার শফিক আহমেদ অবশ্য শাস্তিটাকে কঠিন বলতে নারাজ, "এটা আমাদের নৈতিক সিদ্ধান্ত যে স্বীকৃতিবিহীন লিগে অংশ নেয়া খেলোয়াড়দের পিসিবি আয়োজিত কোনো ঘরোয়া প্রতিযোগিতায় খেলার অনুমতি দেয়া হবে না। কারো জন্যই নিয়ম ভাঙ্গার অনুমতি দিতে পারি না আমরা। আমরা মনে করি না এটা কোনো কঠিন সিদ্ধান্ত।" পিসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্তটাকে কঠিন না বললে কি হবে, 'ক্ষতিগ্রস্ত' ক্রিকেটাররা এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ। ইমরান ফারহাত ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন, "তারা কিভাবে আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলা বন্ধ করতে পারে? আমাদের প্রতি এটা মোটেও ন্যায্য হচ্ছে না। ক্রিকেটই আমাদের রুটি-রুজি। এটা আমাদের মৌলিক অধিকার ভাঙ্গার মতোই ব্যাপার।" শাব্বির আহমেদ তো আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দিচ্ছেন, "আমরা আদালতে যাব আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ আদায় করবো। তারা আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলা বন্ধ করতে পারে না।" আর তৌফিক উমর মিনতির সুরে জানিয়েছেন, "ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষে আমাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমরা আর কি করতে পারি?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫১ঘ.