২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে তামিমের সেঞ্চুরি, ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ

মন খারাপ হতেই পারে তামিম ইকবালের। ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। কিন্তু সেটা ব্যক্তিগত এক অর্জনই রয়ে গেছে। দল গেছে হেরে। শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে অকল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ওয়ানডেটি ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৪২ রানে অলআউট হয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 10:57 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

হ্যামিল্টন, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মন খারাপ হতেই পারে তামিম ইকবালের। ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। কিন্তু সেটা ব্যক্তিগত এক অর্জনই রয়ে গেছে। দল গেছে হেরে। শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে অকল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ওয়ানডেটি ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৪২ রানে অলআউট হয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। জবাবে অধিনায়ক রিচার্ড জোন্সের অপরাজিত ৮৫ রানে ৪ ওভার হাতে রেখেই জয় পেয়েছে অকল্যান্ড। অকল্যান্ডের হয়ে এ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামা ড্যারিল টাফি দিয়েছেন ব্রেকথ্রু। তৃতীয় ওভারেই এলবিডব্লু হয়ে ফিরে গেছেন জুনায়েদ সিদ্দিকী (১)। সেখান থেকে আফতাব আহমেদের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েছেন তামিম। ৪২ বলে ২৯ রান করে পল হিচককের শিকার হয়েছেন আফতাব। একটি ছক্কা ও দুটো বাউন্ডারিতে ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক আশরাফুল। সুবাদেই তৃতীয় উইকেট জুটিতে এসেছে আরো ৫৫ রান। কিন্তু তামিমের বিদায়ের পরই রীতিমতো মড়ক লেগে যায় বাংলাদেশের ইনিংসে। স্পিনার রোনীল হীরার বলে আউট হওয়ার আগে ১২২ বলে ১০৪ রান করেছেন তামিম। চারটি ছক্কার পাশাপাশি বাউন্ডারি মেরেছেন ১০টি। এরপর ৫৮ রানের মধ্যেই পড়েছে বাংলাদেশের বাকি ৬ উইকেট। সাকিব আল হাসান (১৮) ও মেহরাব হোসেন জুনিয়র (১৪) ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মিডিয়াম পেসার গ্রেগ মোরান। জবাবে ৮১ রানের এক উদ্বোধনী জুটি গড়ে অকল্যান্ড দুই ওপেনার পল হিচকক ও মার্টিন গুপ্তিলের সৌজন্যে। নাজমুল হোসেইনের বলে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়েছেন হিচকক। আর গুপ্তিলের উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের পক্ষে এছাড়া সাফল্যের মুখ দেখেছেন ফরহাদ রেজা। রব নিকোলকে (২১) বোল্ড করেছেন তিনি। বাকি সময় পুরোটাই হতাশায় কেটেছে বাংলাদেশের। আর সে হতাশায় তাদের ডুবিয়েছেন জোন্স এবং কলিন ডি গ্র্যান্ডহোম। চতুর্থ উইকেটে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের কিনারায় নিয়ে গেছেন দুজন ২৪ বল হাতে রেখেই। ৮৮ বলে ৮৫ রান করে অপরাজিত ছিলেন জোন্স যাতে হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি ও একটি ছক্কা। রোববার ঘুর্নিঝড় সিডরে ক্ষতিগ্রস্থদের তহবিল সংগ্রহে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি টুয়েন্টি টুয়েন্টি প্রদর্শনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৫০ঘ.