২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের সেঞ্চুরিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফি ফিরে পেল অস্ট্রেলিয়া

ফেব্র"য়ারির সিরিজে বিশ্রামে ছিলেন তারকাদের সঙ্গে। নিউজিল্যান্ড সেবার হোয়াইটওয়াশ করে জিতেছিল চ্যাপেল-হ্যাডলি ট্রফি। এবার সিরিজ শুরুর আগেই তা ফিরিয়ে আনার প্রত্যয় শুনিয়েছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান অধিনায়ক কথা রেখেছেন। তার দাপুটে সেঞ্চুরিতে বৃহস্পতিবার বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১১৪ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮২ রান করেছিল স্বাগতিকরা। জবাবে ৩৪ ওভারে মাত্র ১৬৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সিডনিতে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ২-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

মেলবোর্ন, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফেব্র"য়ারির সিরিজে বিশ্রামে ছিলেন তারকাদের সঙ্গে। নিউজিল্যান্ড সেবার হোয়াইটওয়াশ করে জিতেছিল চ্যাপেল-হ্যাডলি ট্রফি। এবার সিরিজ শুরুর আগেই তা ফিরিয়ে আনার প্রত্যয় শুনিয়েছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান অধিনায়ক কথা রেখেছেন। তার দাপুটে সেঞ্চুরিতে বৃহস্পতিবার বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১১৪ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮২ রান করেছিল স্বাগতিকরা। জবাবে ৩৪ ওভারে মাত্র ১৬৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সিডনিতে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ২-০ ব্যবধানে। শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৮৭ রানেই তারা হারিয়েছে তিন উইকেট। ওপেনিংয়ে নামা মাইকেল ক্লার্ক (৭) মার্ক গিলেস্পিকে ফিরতি ক্যাচ দিয়েছেন চতুর্থ ওভারেই। ১৬ রানেই প্রথম উইকেট। আরেক ওপেনার ম্যাথু হেইডেন (২৯) আউট হয়েছেন জ্যাকব ওরামের বলে। মাইক হাসি (৯) ওরামের দ্বিতীয় শিকার। এরপর অ্যান্ড্রু সায়মন্ডসকে নিয়ে চতুর্থ উইকেটে ১১৪ রানের জুটি গড়েছেন পন্টিং। ৫২ রান করে সায়মন্ডস এলবিডব্লু হয়েছেন কাইলি মিলসের বলে। রান আউটের শিকার ব্র্যাড হ্যাডিন (২৬) ও জেমস হোপসকে (২০) নিয়ে পন্টিং এরপর বলার মতো সংগ্রহে পৌছে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ১৩৩ বলে ১৩৪ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দুটো ছক্কার পাশাপাশি ১০টি বাউন্ডারি মেরেছেন তিনি। ১০৬ বলে পন্টিং তার ২৫তম ওয়ানডে সেঞ্চুরি পুরো করেছেন। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অ্যাডিলেডে দুদলের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৭ উইকেটের জয়ে খেলেছিলেন অপরাজিত ১০৭ রানের ইনিংস। জবাব দিতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে নিউজিল্যান্ডের। মাত্র ৮ রানেই তারা হারিয়েছে দুই ওপেনারকে, ৮৮ রানের মধ্যে ব্যাটিংঅর্ডারের সাতজনকে! শুরুটা করেছেন ব্রেট লি। পরপর দুওভারে ব্র্যান্ডন ম্যাককুলাম (৬) ও জেইমি হাওকে (২) তুলে নিয়েছেন দারুণ আউটসুইংয়ে। দুজনেই খোঁচা দিয়ে ক্যাচ দিয়েছেন উইকেট কিপার ব্র্যাড হ্যাডিনকে। ম্যাথু সিনক্লেয়ারকে (১৪) এলবিডব্লু করে এরপর মঞ্চে এসেছেন জেমস হোপ। একপ্রান্তে তখন প্রতিরোধ গড়েছেন স্কট স্টাইরিস। কিন্তু তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউই। রস টেলর (১৩), জ্যাকব ওরাম (২), গ্যারেথ হপকিন্স (৯) ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি (০) যোগ দিয়েছেন আসা যাওয়ার মিছিলে। মিলস (৭) ও গিলেস্পিকে (২৪) নিয়ে ৮ম ও ৯ম উইকেটে ৩০ ও ৪০ রানের জুটি গড়ে হারের ব্যবধান খানিকটা কমিয়েছেন স্টাইরিস। দুটো ছক্কা ও ৯টি বাউন্ডারিতে তার ৭৯ বলে খেলা ৭৫ রানের ইনিংসটি শেষ হয়েছে লির বলে এলবিডব্লু হয়ে। সিরিজে দুটো অপরাজিত সেঞ্চুরি। দুবারই ম্যান অব দি ম্যাচ এবং সুবাদেই ম্যান অব দ্য সিরিজ রিকি পন্টিং। পুরষ্কার নিতে গিয়ে সন্তুষ্টচিত্তেই বলেছেন, "সত্যি বলতে গত দুটো সপ্তাহ দারুণ কেটেছে। আমার মনের মতোই খেলেছি। আর গোটা সিরিজেই আমাদের দল ভালো খেলেছে।" প্রতিপক্ষ ভেট্টরি গলায় মাঠের মতোই অসহায় আত্মসমর্পণ, "আমাদের তুলনায় ওরা ছিল বেশি ভালো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮২০ঘ.