ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর এবি ব্যাংকের কর্মকর্তারা ঘোষণা দিয়েছিলেন, "দল দ্বিতীয় রাউন্ডে গেলে আমরা ক্রিকেটারদের বোনাস দেব।" আশরাফুলরা দ্বিতীয় রাউন্ডে গেলেও গত তিন মাসে সেই বোনাস মানি ক্রিকেটারদের হাতে পৌছেছে বলে শোনা যায়নি। অর্থটা কী তারা আদৌ দিচ্ছেন? বুধবার বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের স্পনসর হিসেবে এবি ব্যাংকের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠলো। শুনে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর কাইজার এ চৌধুরী বললেন, "এই ইয়র্কারটি সামলানোর জন্য আমি প্রস্তুত ছিলাম।" সামলে নিয়েই বললেন বোনাস হিসেবে ক্রিকেটারদের দেওয়া হচ্ছে ৫ লাখ টাকা। যা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের স্পনসরশিপ মূল্যের অর্ধেক!
বোনাস মানি প্রদানে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবি ব্যাংকের ওই উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, "অর্থের অঙ্কটা আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। কিন্তু আমরা চাইছিলাম একটা অনুষ্ঠান আয়োজন করে একটু হইচই করে ক্রিকেটারদের হাতে টাকাটা তুলে দিতে। নানা কারণে সেটা আর হয়নি। তবে ওই ৫ লাখ টাকা বিসিবি চাইলে আমরা যেকোনা মূহুর্তে এটা টাকাটা তাদের দিয়ে দিতে পারি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24