২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত ম্যাচেও বোলিং নিয়ে সিডন্সের সন্তোষ

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে বলে ব্যাটিং করার সুযোগ হয়নি বাংলাদেশের। তবে নর্দার্ন নাইটসের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ওয়ানডেতে বোলারদের পারফরম্যান্সে উন্নতির চিহ্ন দেখেছেন কোচ জেমি সিডন্স। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে প্রতিপক্ষের ইনিংসের প্রায় ইতি টেনে এনেছিলেন তার বোলাররা। একই দলের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারলেও এবার তাদের ৪১ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানের বেশি তুলতে দেননি তারা। হ্যামিল্টনের সেডন পার্কে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিট) খেলা পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর বোলিং নিয়ে সন্তুষ্টি গোপন করেননি কোচ, "আজ (মঙ্গলবার) আমরা অনেক ভালো করেছি। বেশ মুভমেন্ট ছিল এবং ফিল্ডিংটাও হয়েছে দারুণ। বোলাররা ওপরে বল ফেলেছে যেটা আমরা প্রথম ম্যাচে পারিনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে বলে ব্যাটিং করার সুযোগ হয়নি বাংলাদেশের। তবে নর্দার্ন নাইটসের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ওয়ানডেতে বোলারদের পারফরম্যান্সে উন্নতির চিহ্ন দেখেছেন কোচ জেমি সিডন্স। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে প্রতিপক্ষের ইনিংসের প্রায় ইতি টেনে এনেছিলেন তার বোলাররা। একই দলের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারলেও এবার তাদের ৪১ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানের বেশি তুলতে দেননি তারা। হ্যামিল্টনের সেডন পার্কে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিট) খেলা পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর বোলিং নিয়ে সন্তুষ্টি গোপন করেননি কোচ, "আজ (মঙ্গলবার) আমরা অনেক ভালো করেছি। বেশ মুভমেন্ট ছিল এবং ফিল্ডিংটাও হয়েছে দারুণ। বোলাররা ওপরে বল ফেলেছে যেটা আমরা প্রথম ম্যাচে পারিনি।" ব্যাটিংয়েও প্রথম ম্যাচের ভুলগুলো ব্যাটসম্যানরা শুধরে উঠতে পেরেছেন কিনা, তাও দেখার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল। ডাকওয়ার্থ-লুইস মেথড অনুযায়ী বাংলাদেশের টার্গেট ৪১ ওভারে দাঁড়িয়েছিল ২০১ রান। ওই লক্ষ্য তাড়া করার জন্য যখন উইকেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ দলের দুই ওপেনার, তখনই আবার বৃষ্টি নামে। ২২ মিনিট অপেক্ষা করে আম্পায়াররা জানিয়ে দেন, মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। সকাল থেকেই অবশ্য হ্যামিল্টনের আকাশ বৃষ্টির ইঙ্গিত দিচ্ছিল। তবুও নর্দার্ন নাইটসের অধিনায়ক জেমস মার্শাল টস জিতে ব্যাটিং করারই সিদ্ধান্ত নেন। প্রথম প্রস্তুতি ম্যাচের উইকেটেই হয়েছে এই ম্যাচটিও। মাশরাফি বিন মর্তুজাকে বিশ্রামে রেখেছেন কোচ। আর সৈয়দ রাসেলের তো নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে গেছে। তাই এদিন বাংলাদেশের হয়ে বোলিং ওপেন করেন শাহাদাত হোসেন এবং নাজমুল হোসেন। এবং শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন তারা। দু'জনেই নিয়েছেন দুটো করে উইকেট। এজন্য নাজমুলের খরচ ৩৭ আর শাহাদাতের ৩৮ রান। স্পিনার আব্দুর রাজ্জাককেই অবশ্য সফলতম বলতে হয় কারণ তার দুই শিকার মাত্র ২৬ রানে। তার ৫ ওভারের প্রথম স্পেলে মাত্র ৭ রান দিয়েছিলেন এই বাঁ হাতি স্পিনার। বৃষ্টির কারণে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ এই ম্যাচে হারালেও আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। ২৬ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ ২১ ডিসেম্বর। ওই দিন অকল্যান্ডে বাংলাদেশের প্রতিপক্ষ অকল্যান্ড এইসেস। যারা নিউজিল্যান্ডের চলতি ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগীতায় পয়েন্ট তালিকার শীর্ষে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.