২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেলের বদলী হিসেবে নিউজিল্যান্ড যাচ্ছেন সাজিদুল

সৈয়দ রাসেলের বদলী হিসেবে নিউজিল্যান্ড যাচ্ছেন পেস বোলার সাজিদুল ইসলাম। রোববারের ওয়ার্ম আপ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন রাসেল, প্রাথমিক পরীক্ষায় জানা গেছে তা থেকে সেরে উঠতে সময় লাগবে বেশ কিছুদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সৈয়দ রাসেলের বদলী হিসেবে নিউজিল্যান্ড যাচ্ছেন পেস বোলার সাজিদুল ইসলাম। রোববারের ওয়ার্ম আপ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন রাসেল, প্রাথমিক পরীক্ষায় জানা গেছে তা থেকে সেরে উঠতে সময় লাগবে বেশ কিছুদিন। আর তাই টিম ম্যানেজমেন্ট জরুরী ভিত্তিতে তার বদলী চেয়ে পাঠিয়েছে। নির্বাচকরাও দেরি না করে বরিশালের বাঁ-হাতি পেসার সাজিদুল ইসলামকে নিউজিল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোববারের ওয়ার্ম আপ ম্যাচে ইনজুরিতে পড়ার পর হ্যামিল্টনেই ডাক্তার দেখানো হয়েছে রাসেলকে। চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার, কিন্তু প্রাথমিক পরীক্ষায় ডাক্তার মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি তার মাঠে ফেরার সম্ভাবনা কম। আর তাতেই ভাগ্য খুলেছে সাজিদুলের, প্রথমবারের মতো বাংলাদেশ দলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী এই তরুণ। তার বোলিংয়ের ধরনটাও অনেকটা রাসেলের মতোই। সেরকম গতি নেই, কিন্তু দু-দিকেই বল সুইং করাতে পারেন। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সুবাদেই নির্বাচকদের নজরে আসা এই তরুণ টেস্টের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। রাসেলের মতো সেই ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্যাটসম্যান তুষার ইমরানও, কিন্তু তার সমস্যা অতোটা গুরুতর নয়। মঙ্গলবারের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটিতে তিনি খেলবেন না, কিন্তু ২৩ ডিসেম্বরের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের আগে তিনি ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবারের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নর্দার্ন নাইটস। এই ম্যাচে মাশরাফি বিন মর্তুজাকেও বিশ্রাম দেয়ার কথা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। টাইগার ক্রিকেট ডটকমের সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৫৪০ঘ.