সিডনি, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্লাভস হাতে দক্ষতা দেখানোর একটা সুযোগ অবশেষে পেয়েছেন ব্র্যাড হ্যাডিন। উইকেট কিপার হলেও অস্ট্রেলিয়া দলে খেলার সুযোগ পেয়েছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। কিন্তু নির্বাচকরা অ্যাডাম গিলক্রিস্টকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটা পেয়েছেন হ্যাডিন।
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে গিলক্রিস্টকে তরতাজা পেতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা। নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ এক বিবৃতিতে বলেছেন, "ফলাফল যাই হোক নির্বাচকরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ও প্রথম দুটো ওয়ানডেতেই শুধু খেলানো হবে গিলক্রিস্টকে। ভারতের বিপক্ষে আসন্ন চারটি টেস্ট এবং সিবি সিরিজের জন্য ওকে বিশ্রাম দেওয়া দরকার।" অবশ্য রোটেশন পদ্ধতিতে অনেকদিন ধরেই শীর্ষ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে আসছিল অস্ট্রেলিয়া। সেটা মাঝে থামলেও আবার জীবন পেয়েছে গিলক্রিস্টকে দিয়ে।
গত ফেব্র"য়ারিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে চ্যাপেল-হ্যাডলি ট্রফি হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সেক্ষেত্রে ট্রফি ফিরে পেতে শেষ ম্যাচে হারা চলবে না অস্ট্রেলিয়ার। গিলক্রিস্টকে বাদ দেওয়াটা তাই হঠকারী সিদ্ধান্ত কিনা এ নিয়ে সমালোচনা হচ্ছে। অস্ট্রেলিয়ান কোচ টিম নিয়েলসন তা মনে করেন না। বলেছেন, "এটাকে হঠকারিতা বলে মনে হচ্ছে না আমার... আমরা সবসময়ই সিনিয়র খেলোয়াড়দের ওপর চাপ কমাতে চাইছি। আর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আরো মাসখানেক আগে। সফরসূচি দেখেই চূড়ান্ত হয়েছিল তা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯০০ঘ.
bdnews24