পোর্ট এলিজাবেথ, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেরে উঠেছেন গ্রায়েম স্মিথ। অসুস্থতার কারণে মাখায় এনটিনির 'বেনিফিট ম্যাচ' এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে খেলেননি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। আর তার নেতৃত্বেই ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে স্বাগতিকরা। রোববার আসন্ন সিরিজের জন্য ১২ জনের দল ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকান নির্বাচকরা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতা দলটিকেই রেখে দিয়েছেন তারা।
পাকিস্তান সফরে মরনি মর্কেলের ইনজুরির কারণে সুযোগ পেয়েছিলেন ডেইল স্টেইন। তারপরই রাতারাতি তারকাখ্যাতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ২০ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। মরনি সেরে উঠেছেন এবং দলের সঙ্গে যোগও দিয়েছেন। কিন্তু তাকে বিবেচনায় আনা হয়নি টেস্ট সিরিজে। একইভাবে দলে থেকেও একাদশে উপেক্ষিত শন পোলককেও হয়তো এই দু'টেস্ট পানি বইতে হবে স্টেইনের কারণে।
আগামী ২৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম টেস্ট খেলবে দু'দল। ২ জানুয়ারি থেকে কেপ টাউনে হবে শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), অ্যাশওয়েল প্রিন্স, হার্শেল গিবস, হাশিম আমলা, অ্যাবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, শন পোলক, আন্দ্রে নেল, পল হ্যারিস, ডেইল স্টেইন, মাখায়া এনটিনি।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24