কলম্বো, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডের উইকেট যথারীতি বোলারদের সঙ্গে বৈরি আচরণ করে গেছে। সুযোগটা নিয়েছে ইংল্যান্ডের টপ অর্ডার। তিনটি ফিফটিতে ব্যবধান ঘুচিয়ে লিড নিয়েছে তারা। এরপর বৃষ্টি সেরেছে বাকি আনুষ্ঠানিকতা। সুবাদেই ড্র হয়েছে কলম্বো টেস্ট। বৃহস্পতিবার পঞ্চম দিনের চা-বিরতির পর বৃষ্টিতে খেলা শুরু হতে পারেনি। তার আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৫০ রান। কেভিন পিটারসেন ৪৫ এবং পল কলিংউড ২৩ রান নিয়ে অপরাজিত ছিলেন।
৪৮ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। মাইকেল ভন ও অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটিতে রান এসেছে ১০৭। প্রথম ইনিংসে ১৩৩ রানের পর আরেকটি সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছে এই জুটি। একই টেস্টে ইংল্যান্ডের উদ্বোধনী জুটিতে দুই ইনিংসে শতরান সর্বশেষ এসেছিল ১৯৭১ সালে। ১০৯ বলে ৮টি বাউন্ডারিতে ৬১ রান করে ভন ফিরতি ক্যাচ দিয়েছেন দিলহারা ফার্নান্ডোর একটি স্লোয়ার বলে। মধ্যাহ্ন বিরতির পর কুক (৬২) আউট হয়েছেন চামারা সিলভার বলে মাহেলা জয়াবর্ধনের তালুবন্দী হয়ে। ইংল্যান্ডের হয়ে তৃতীয় ফিফটিটি করেছেন ইয়ান বেল। ৫৪ রান করে মুরালিধরনের শিকার হয়েছেন তিনি। তার আগে পিটারসেনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৫২ রান।
ম্যাচ সর্বোচ্চ ১৯৫ রানের ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। ক্যান্ডি টেস্ট জেতায় তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ১৮ ডিসেম্বর থেকে গলে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬৫০ঘ.
bdnews24