২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের সেই ব্যাটসম্যানের সঙ্গে দেখা করবেন মাশরাফি

মাসুদ পারভেজ, ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম উইকেটে ব্যাটসম্যানের রক্ত ঝরানোকে একজন ফাস্ট বোলারের খুনে মানসিকতার প্রকাশ বলেই ধরা হয় ক্রিকেট জগতে। মাশরাফি বিন মর্তুজার কাছে অবশ্য এটা নৃশংসতারই প্রতিশব্দ। কখনো কখনো তার নিজেকেও 'নৃশংস' বলে মনে হওয়ার কারণ ছয় বছরের পুরনো এমনই একটা ঘটনা। ঘটনাস্থল সেই নিউজিল্যান্ডে আবার যাওয়ার সময় দেশসেরা এই পেসারের স্মৃতির জানালায় বারবারই উঁকি দিয়ে গেছেন ঘটনার শিকার গ্র্যান্ট রবিনসন। যার রক্তে ভিজেছিল ওয়াঙ্গানুইয়ের ভিক্টোরিয়া পার্কের উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

মাসুদ পারভেজ, ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- উইকেটে ব্যাটসম্যানের রক্ত ঝরানোকে একজন ফাস্ট বোলারের খুনে মানসিকতার প্রকাশ বলেই ধরা হয় ক্রিকেট জগতে। মাশরাফি বিন মর্তুজার কাছে অবশ্য এটা নৃশংসতারই প্রতিশব্দ। কখনো কখনো তার নিজেকেও 'নৃশংস' বলে মনে হওয়ার কারণ ছয় বছরের পুরনো এমনই একটা ঘটনা। ঘটনাস্থল সেই নিউজিল্যান্ডে আবার যাওয়ার সময় দেশসেরা এই পেসারের স্মৃতির জানালায় বারবারই উঁকি দিয়ে গেছেন ঘটনার শিকার গ্র্যান্ট রবিনসন। যার রক্তে ভিজেছিল ওয়াঙ্গানুইয়ের ভিক্টোরিয়া পার্কের উইকেট। রক্ত ঝরলেও সময়মতো অস্ত্রোপচার করানোয় মাশরাফির বাউন্সার রবিনসনের বাঁ চোখের দৃষ্টিশক্তি শেষপর্যন্ত কেড়ে নিতে পারেনি। তবে ওই ধাক্কা সামলে এখন কেমন আছেন বাংলাদেশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেই ওপেনার? আর কিছুদিন পর মাশরাফির কাছ থেকেই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর। নিউজিল্যান্ডে যখন যাচ্ছেনই, তখন রবিনসনের সঙ্গে আবার দেখা করে আসার সুযোগটাও হারাতে চাইছেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন নিজের সেই ইচ্ছের কথাই, "গত কিছুদিন ধরেই রবিনসনকে দেখতে ইচ্ছে করছে। ও কোথায় আছে, কেমন আছে- এসবও জানতে ইচ্ছে করছে খুব। আমার কারণেই ওর বড় ক্ষতি হয়ে যেতে পারতো। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে যোগাযোগ করলে নিশ্চয়ই ওর খোঁজ পাওয়া যাবে। ওর সঙ্গে দেখা করার সময় এবং সুযোগও হয়তো হয়ে যাবে।" ২০০১ সালের ৭ ডিসেম্বরের সকালটা যে এখনো তার হৃদয়ে বেদনার রিনিঝিনি বাজিয়ে চলে, দেখা হলে তা হয়তো কমবে অনেকটা। টস জিতে নিউজিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর কে জানতো মুখোমুখি হওয়া ২২-তম বলটি রবিনসনকে মাঠ থেকে সোজা হাসপাতালে পাঠাবে! মাশরাফির বাউন্সারে হুক করতে যাওয়া এই ওপেনার বলের লাইন মিস করেন। বল তার হেলমেটের গ্রিলের ফাঁক গলে আঘাত হানে বাঁ চোখে। ভারসাম্য হারিয়ে উইকেটের ওপর পড়ে যান। ওই মুহুর্তটার কথা ভেবে মাশরাফি তো বটেই, এখনো শিউরে ওঠেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও, "উইকেট রক্তে ভেসে যাওয়া বলতে যা বোঝায় অনেকটা সেরকমই হয়েছিল। যে কারো ভয় পাওয়ার মতো দৃশ্য।" হাবিবুলই যেখানে ভড়কে গেছেন, সেখানে বোলার মাশরাফির অবস্থা না বললেও চলছে। আর এজন্য বুকের ভেতর ছটফটানিটা সবচেয়ে বেশি অনুভব করতে শুরু করেছিলেন ঘটনার দিন বিকেল থেকেই, "মাঠে সারাদিনই মন খারাপ ছিল এজন্য। আর যাই হোক ক্রিকেট মাঠে তো এর আগে রক্ত দেখিনি। বিকেলে কে যেন খবর দিলেন, রবিনসনের চোখটা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। অপরাধবোধে আমি সেদিন সারারাত ঘুমাতেই পারিনি।" ভুল খবরে মাশরাফি রাতের ঘুম হারাম করেছিলেন! আবার তা সত্যিও হয়ে যেতে পারতো দেরি হলে। ওয়াঙ্গানুই হাসপাতালে নিয়ে যাওয়ার পর রবিনসনের চোখের ওপরের হাড়ে চিড় ধরা পড়ে। সেখানে সুবন্দোবস্ত না থাকায় অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় ওয়াঙ্গানুই থেকে ৬০ কিলোমিটার দূরের এক হাসপাতালে। যেখানে ডাক্তারদের প্রানান্ত চেষ্টা সফল হয়, "অপারেশন করাতে আরেকটু দেরি হলে নাকি ওর চোখটা নষ্টই হয়ে যেত। পরে সিনহা ভাইকে (আফজালুর রহমান সিনহা, ২০০১ সালের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার) নিয়ে ওকে দেখতে গিয়েছিলাম। আমি 'সরি‌্য' বলার পর ও বিনয়ের সঙ্গেই বলেছিল, 'ইটস অ্যা পার্ট অফ ক্রিকেট।' আরো জেনেছিলাম, চোখের ওপরের হাড় জোড়া দিতে ওর কপালে বারোটি প্লেট বসাতে হয়েছিল।" স্বাভাবিকভাবেই রবিনসনকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। ওই সফরে আরেকজনকেও মাশরাফির মাঠের বাইরে পাঠানোর কথা মনে করিয়ে দিলেন হাবিবুল, "টেস্টে নাথান অ্যাস্টলও কিন্তু মাশরাফির বলে কব্জিতে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিল। অনেকদিন খেলতে পারেনি এরপর।" এটা মনে করতে একটু কষ্টই হলো মাশরাফির,"ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ।" তুলনায় একেবারেই অখ্যাত রবিনসনকে মনে রাখার কারণ তার চোখে রক্ত ঝরানোর মতো নৃশংসতা! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ওআরপি/১৫২০ঘ.