বেঙ্গালুরু, ভারত, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজ্য দল দিল্লীর সতীর্থ গৌতম গম্ভীরের ইনজুরি সৌভাগ্য বয়ে আনলো বীরেন্দর শেবাগের জীবনে। অস্ট্রেলিয়া সফরের প্রাথমিক দলে তার নামই ছিল না। কিন্তু গম্ভীর ইনজুরিতে পড়ায় বুধবার ঘোষিত ১৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়েছে খারাপ ফর্মের জন্য ইংল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে দুটো টেস্ট সিরিজ মিস করা 'বীরু'র।
অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখেই চার টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে ৫ জন পেসারকে রেখেছেন ভারতের নির্বাচকরা। ব্যাঙ্গালোর টেস্টে খেলা ইরফান পাঠান ও ইশান্ত শর্মার সঙ্গে এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা পঙ্কজ সিং। তলপেটের ইনজুরির কারণে পাকিস্তানের সঙ্গে পুরো টেস্ট সিরিজ মিস করলেও বাঁহাতি রুদ্রপ্রতাপ সিংয়ের ওপরে আস্থা রেখেছেন দিলীপ ভেংসরকার ও তার সতীর্থরা। সেই সঙ্গে জহির খান তো আছেনই। মেকশিফট ওপেনার হিসাবে প্রথম দুই টেস্টে সুবিধা করতে না পারলেও ব্যাঙ্গালোরে দ্বিতীয় ইনিংসে ৫২ রান করে নির্বাচকদের মন জয় করে নিয়েছেন ভারতের দ্বিতীয় উইকেট কিপার দীনেশ কার্তিক।
বিশ্বসেরাদের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট শুরু হবে 'বক্সিং ডে' অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে, মেলবোর্নে। বাকি তিন টেস্টের ভেন্যু সিডনি (২-৬ জানুয়ারি), পার্থ (১৬-২০ জানুয়ারি) ও অ্যাডিলেড (২৪-২৮ জানুয়ারি)। টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ার নিয়মিত আয়োজন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টের তৃতীয় দল শ্রীলঙ্কা।
ভারতের টেস্ট দল : অনিল কুম্বলে (অধিনায়ক), ওয়াসিম জাফর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, হরভজন সিং, জহির খান, রুদ্রপ্রতাপ সিং, ইশান্ত শর্মা, পঙ্কজ সিং ও দীনেশ কার্তিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.
bdnews24