২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমন্ডসের ব্যাটিং আর লি'র বোলিং ঝড়ে উড়ে গেলো নিউজিল্যান্ড

প্রথমে অ্যান্ড্রু সাইমন্ডসের ঝড়ো ব্যাটিং। এর পর পেসারদের দুর্দান্ত বোলিং। দুটোর যোগফলে একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। পার্থের ওয়াকা মাঠে রিকি পন্টিংবিহীন অস্ট্রেলিয়া সহজেই ৫৪ রানে হারিয়েছে তাসমান-প্রতিবেশীদের। অধিনায়ক হিসাবে মাইকেল ক্লার্কের অভিষেকও দুর্দান্ত হলো এই জয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

পার্থ, অস্ট্রেলিয়া, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে অ্যান্ড্রু সাইমন্ডসের ঝড়ো ব্যাটিং। এর পর পেসারদের দুর্দান্ত বোলিং। দুটোর যোগফলে একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। পার্থের ওয়াকা মাঠে রিকি পন্টিংবিহীন অস্ট্রেলিয়া সহজেই ৫৪ রানে হারিয়েছে তাসমান-প্রতিবেশীদের। অধিনায়ক হিসাবে মাইকেল ক্লার্কের অভিষেকও দুর্দান্ত হলো এই জয়ে। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সূচনা কিন্তু মোটেই ভাল হয়নি। দলীয় ৫ রানেই মার্ক গিলেস্পির বলে অ্যাডাম গিলক্রিস্ট (১) আউট। গিলক্রিস্টের সঙ্গে ওপেন করতে নামা ক্লার্ক মাইকেল হাসিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে সামলে উঠেছেন প্রাথমিক ধাক্কা। হাসি করেছেন ২২ রান, আর ক্লার্ক ৩৩। হাসির বিদায়ের পর ক্রিজে এসেছেন সাইমন্ডস এবং এসেই কিউই বোলারদের ফেলে দিয়েছেন চাপের মধ্যে। মাত্র ৪৬ বলে ৮৫ রানে অপরাজিত থাকা সাইমন্ডসের ব্যাট থেকে তিনটি বিশাল ছক্কা ছাড়াও ৭টি বাউন্ডারি এসেছে। ম্যাচের সেরা সাইমন্ডসের জন্যই ৬ উইকেটে ১৮৬ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছাতে পেরেছে বিশ্ববিজয়ীরা। জবাব দিতে নেমে প্রথম বল থেকেই নিউজিল্যান্ডের বিপর্যয়ের সূত্রপাত। ব্রেট লি'র করা ইনিংসের প্রথম বলেই লু ভিনসেন্ট কট বিহাইন্ড! অন্য ওপেনার ব্রেন্ডন ম্যাককালামও এই গতি তারকার শিকার। ব্রেট লিকে কিউই ব্যাটসম্যানদের ওপরে ঝাঁপিয়ে পড়তে দেখে অস্ট্রেলিয়ার অন্য বোলাররাও উদ্দীপ্ত বোধ করে তাল মেলান তার সঙ্গে। কনুইয়ের ইনজুরির কারণে দীর্ঘদিন পর খেলতে নামা শন টেইটকে সর্বাগ্রে রাখতে হবে তাদের মধ্যে। নিজের প্রথম বলেই জেমি হাউকে গিলক্রিস্টের গ্লাভসবন্দী করেছেন তিনি। রস টেলরও তার শিকার। লি ও টেইটের মতো দুই উইকেট নিয়েছেন মিশেল জনসনও। অবশ্য তারা কেউ নন, অস্ট্রেলিয়ার সেরা বোলার মিডিয়াম পেসে ৩ দশমিক ৩ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেয়া অভিষিক্ত অ্যাশলে নফকে। চারজন এক সঙ্গে জ্বলে ওঠায় ৬৯ রানে ৮ উইকেট হারিয়ে এক শ'র নিচে গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত যে তারা ১৮ দশমিক ৩ ওভারে ১৩২ রান করতে পেরেছে তার পেছনে মূল অবদান জ্যাকব ওরামের। মাত্র ৩১ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। যদিও এই বিধ্বংসী ইনিংস পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি কিউইদের। তিন ম্যাচের চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজের আগে এটা ছিল দু দলের প্রস্তুতি ম্যাচ। আগামী শুক্রবার অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.