২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই সিডন্স খুশি

মোহাম্মদ আশরাফুলকে একটু বেশিই অতীতচারী মনে হলো। সেই অতীতচারীতায় ওয়ানডের কথা যতোটা উচ্চারিত হলো, ঠিক ততোটাই অনুচ্চারিত থাকলো এখনো বাংলাদেশের ঠিক ধাতস্থ হয়ে উঠতে না পারা টেস্ট ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ কি নিউজিল্যান্ডে শুধু ওয়ানডেই খেলতে যাচ্ছে? রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে কারো মনে এমন প্রশ্ন উঁকিঝুঁকি দিয়েও থাকতে পারে। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যে অধিনায়কের বক্তব্যের অনেকটা জুড়েই থাকলো নিকট অতীতে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য এবং সম্ভাব্য সাফল্যের যতো কথা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুলকে একটু বেশিই অতীতচারী মনে হলো। সেই অতীতচারীতায় ওয়ানডের কথা যতোটা উচ্চারিত হলো, ঠিক ততোটাই অনুচ্চারিত থাকলো এখনো বাংলাদেশের ঠিক ধাতস্থ হয়ে উঠতে না পারা টেস্ট ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ কি নিউজিল্যান্ডে শুধু ওয়ানডেই খেলতে যাচ্ছে? রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে কারো মনে এমন প্রশ্ন উঁকিঝুঁকি দিয়েও থাকতে পারে। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যে অধিনায়কের বক্তব্যের অনেকটা জুড়েই থাকলো নিকট অতীতে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য এবং সম্ভাব্য সাফল্যের যতো কথা! কোচ জেমি সিডন্সের অবশ্য অতীতচারী হওয়ার সুযোগ নেই। কারণ তিনি মাত্রই দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই তার প্রত্যাশা মাত্রা ছাড়াচ্ছে না কিছূতেই, "ছেলেরা রাতারাতি খুব উন্নতি করে ফেলবে, এমনটা আমি আশা করছি না। বরং ওরা ওদের সামর্থ্য অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে পারলেই আমি খুশী।" ১২ ডিসেম্বর দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রস্তুতির জন্য অল্প সময়ই পেয়েছেন। তবে সেখানে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিনটি প্র্যাকটিস ম্যাচ খুব কাজে দেবে বলেই মনে করেন কিছুদিন আগেও অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বে থাকা সিডন্স। মিরপুরের 'হোম অফ ক্রিকেট'এ সপ্তাহখানেকের ক্যাম্পে ব্যাটসম্যানদের বেশিক্ষণ উইকেটে টিকে থাকার দীক্ষাই দেওয়ার চেষ্টা করেছেন। তাতে কাজ হয়েছে কতোটা? এর উত্তর দিচ্ছেন তার পাশে বসা অধিনায়কই, "উনি (কোচ) যেধরনের ট্রেনিং করিয়েছেন তাতে কাজ হবে বলে আশা রাখি। এই ক'দিনের ক্যাম্পে তার চোখেও একটা জিনিষ ধরা পড়েছে। যতো সময়ই গেছে, আমরা ততোই কম উইকেট খুঁইয়েছি। আর উইকেট হাতে থাকলে বড় স্কোর করা সম্ভব।" শুরু থেকেই ক্রিকেটারদের একথাটা বলে আসা সিডন্স তাই এমন সম্ভাবনাও দেখছেন, "রান করতে পারলে নিউজিল্যান্ডে কিছু ম্যাচ আমরা জিততেও পারি।" আশরাফুল এ কথাটারই সূত্র ধরলেন, "আপনারা তো শুনলেনই, রান করতে পারলে কিছু ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন কোচ। আমারও তাই মনে হয়।" এরপর নিকট অতীত থেকে উদাহরণ টেনে নিজেদের ভাবনাকে আরো যুক্তিগ্রাহ্য করার চেষ্টায় মাতলেন অধিনায়ক। তার কথায় একাধিকবারই আসলো এগুলো, "গত দেড়-দুই বছর ধরে ওয়ানডেতে আমরা খুব ভালো করছি। এমনকি গত শ্রীলঙ্কা সফরটা আমাদের খারাপ গেলেও ওয়ানডেতে দুটো ম্যাচ আমাদের হাতে ছিল। ব্যাটসম্যানরা আরো কিছুটা ভালো করলে ওখানে আমরা সিরিজও জিততে পারতাম।" কিন্তু বাংলাদেশের ভাবনাটা কী বড় বেশি ওয়ানডে কেন্দ্রিক হয়ে যাচ্ছে না? প্রশ্নটা প্রথমে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলেন অধিনায়ক, "আগে যেহেতু ওয়ানডে সিরিজ, তাই আপাতত আমাদের দৃষ্টি সেদিকেই।" অথচ ২০০১ সালের ডিসেম্বরে প্রথম নিউজিল্যান্ড সফরে বৃষ্টির বাগড়ায় চারদিনে গিয়ে ঠেকলেও বাংলাদেশের টেস্ট দুটো আসলে শেষ হয়েছিল দু'দিনেই! এটা মনে করিয়ে দিতেই আশরাফুল বললেন, "নিউজিল্যান্ডের কন্ডিশনে মুভমেন্ট বেশি। ঠান্ডাও পড়ে অনেক। সেখানে গিয়ে এশিয়ার দলগুলো খুব একটা সুবিধা করে উঠতে পারে না ঠিকই। তবে আমাদের চেষ্টা থাকবে উইকেট না হারিয়ে যতো বেশি সম্ভব টিকে থাকা।" ওয়ানডে আর টেস্টে ভালোর ব্যবধান এতোটাই! ২০০১ ও ২০০৭ এর বাংলাদেশ দলের পার্থক্য অবশ্যই অভিজ্ঞতা। সেবার মাত্র অল্প কয়েকটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে নিউজিল্যান্ড গিয়েছিল তারা। এবার যাচ্ছে ৪৯ টি টেস্টের অভিজ্ঞতা নিয়ে। তবুও দলটিকে আশরাফুলের নতুনই মনে হওয়ার কারণ, "২০০১ এর সফরের মাত্র চারজন এই দলে আছে। জাভেদ ওমর, মাশরাফি, তুষার ইমরান এবং আমি। এছাড়া আমাদের দলের বাকী ১১ জনই নতুন। এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে যাচ্ছে ওরা।" তবে যারা এই দলে আছেন তাদের মধ্যে অনেকেই সিডন্সের চোখে 'বিশেষ' খেলোয়াড়ের পর্যায়ভুক্ত। তবে এটা ঠিকই মনে করিয়ে দিচ্ছেন, "একজন কিংবা দুজনকে নিয়ে নয়, আমার কাজ সবাইকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য ভালো ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। এবং তাদের পারফরম্যান্সে ধারাবহিকতা আনা।" আগামী এক বছরে এই ধারাবাহিকতার খুবই দরকার। এই সময়ে যে ১২টি টেস্ট ও ৪০টি ওয়ানডে খেলার কথা আছে বাংলাদেশের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০৫ঘ.