কলম্বো ৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ বিকেলে হঠাৎই জ্বলে উঠলেন লাসিথ মালিঙ্গা। পরপর দু'বলে দুই উইকেট নিয়ে সেই সঙ্গে ম্যাচের পাল্লা খানিকটা ঘুরিয়ে দিলেন শ্রীলঙ্কার দিকে। রোববার সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে ইংল্যান্ড। পল কলিংউড অপরাজিত ৪৯ রানে। ম্যাট প্রিয়র ব্যাট করছেন ১০ রান নিয়ে।
কথা রেখেছেন মাইকেল ভন। শনিবার প্রত্যয়ভরেই জানিয়েছিলেন চামিন্ডা ভাস এবং মুত্তিয়া মুরালিধরনকে একটু সমঝে খেলে বাকিদের ওপর চড়াও হবেন। সেটা হাতে-কলমে দেখিয়েছেন ভন। এবং অধিনায়কের পথ অনুসরণ করেছেন বাকিরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবেই হয়েছে ইংল্যান্ডের। দুর্দান্ত লাইনে বল করা চামিন্ডা ভাসকে দেখেশুনে খেলার পাশাপাশি অন্যদের ওপর চড়াও হয়েছেন দুই ওপেনার ভন ও কুক। লাঞ্চে ৯৭ রানে অবিচ্ছিন্ন এই জুটি ভেঙ্গেছে ১৩৩ রানে। ভেঙ্গেছেন মুত্তিয়া মুরালিধরন। ৮৭ রান করে ভন শর্ট লেগে ক্যাচ দিয়েছেন জিহান মোবারককে।
চা-বিরতির পর ইয়ান বেল (১৫) ও কেভিন পিটারসেনকে (১) দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা। বেল মুরালির দ্বিতীয় শিকার, এবারও ক্যাচ নিয়েছেন মুবারক। আর পিটারসেন ভাসের বলে ক্যাচ দিয়েছেন কুমার সাঙ্গাকারাকে। ৯ রানে জীবন পাওয়া কুক এরপর চালিয়ে গেছেন লড়াই। কলিংউডের সঙ্গে ৬৬ রানের চতুর্থ উইকেট জুটি গড়ার পাশাপাশি চেষ্টা চালিয়েছেন ইনিংস মেরামতের। ৭ম টেস্ট ফিফটিটি ৭ম টেস্ট সেঞ্চুরিতে অনুদিত করার স্বপ্নে বাদ সেধেছেন মালিঙ্গা। নতুন বল হাতে তার দুরন্ত গতিতে কিছুই করার ছিল না কুকের। ৮১ রান করে এলবিডব্লু হয়েছেন। পরের বলেই মালিঙ্গা দারুণ এক ইয়র্কারে উপড়েছেন রবি বোপারার স্টাম্প।
২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সামাল দিচ্ছেন কলিংউড ও প্রিয়র। ক্যারিয়ারের ৭ম টেস্ট ফিফটি থেকে আর এক রান দূরে আছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক।
ইংল্যান্ড দলে এ ম্যাচে দুটো পরিবর্তন হয়েছে। ইনজুরিতে পড়া ম্যাথু হগার্ডের জায়গায় খেলছেন স্টিভ হার্মিসন। অভিষেক হয়েছে স্টুয়ার্ট ব্রডের। তাকে সুযোগ দিতে বাদ পড়েছেন জেমস অ্যান্ডারসন। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটাই পরিবর্তন। অবসরে যাওয়া সনাৎ জয়াসুরিয়ার জায়গায় দলে এসেছেন উপুল থারাঙ্গা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৫০ঘ.
bdnews24