২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিকেলে মুরালি-জাদুতে শ্রীলঙ্কার নাটকীয় জয়

৩১-১০-৮০-০। বুধবার ক্যান্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে একটা সময় পর্যন্ত মুত্তিয়া মুরালিধরনের বোলিং ফিগার! ক্রিজে তখন ইয়ান বেল ও ম্যাট প্রায়র শেকড় গেড়ে বসেছেন, শ্রীলঙ্কানদের হতাশা বাড়িয়ে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে ইংল্যান্ডের ড্রয়ের স্বপ্ন। কিন্তু টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীর হাতেই সমাধি হল সেই স্বপ্নের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ক্যান্ডি, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৩১-১০-৮০-০। বুধবার ক্যান্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে একটা সময় পর্যন্ত মুত্তিয়া মুরালিধরনের বোলিং ফিগার! ক্রিজে তখন ইয়ান বেল ও ম্যাট প্রায়র শেকড় গেড়ে বসেছেন, শ্রীলঙ্কানদের হতাশা বাড়িয়ে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে ইংল্যান্ডের ড্রয়ের স্বপ্ন। কিন্তু টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীর হাতেই সমাধি হল সেই স্বপ্নের। প্রায়র ও বেলকে পর পর দু ওভারে বোল্ড করে মুরালিই ঝিমিয়ে পড়া স্বাগতিকদের আশাবাদী করে তুললেন। এই জোড়া ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ইংলিশরা। ৩৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস তাই ২৬১ রানেই শেষ। ৮৮ রানের জয়ের ফলে তিন টেস্টের সিরিজে শ্রীলঙ্কা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। এটি তার শততম টেস্ট। আর তা স্মরণ করিয়ে দিতেই বুঝি সাতসকালে জ্বলে উঠেছিলেন চামিন্ডা ভাস। পরে তার সঙ্গে যোগ দিয়েছেন দিলহারা ফার্নান্ডো। এই দুই সিমারের তোপে লাঞ্চের আগে পাল্লাটা পুরো হেলে ছিল স্বাগতিকদের দিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন। তাই জবাব দেওয়ার একটা তাগিদ ছিলই ভাসের। ১ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছেন দিনের চতুর্থ ওভারেই। অধিনায়ক মাইকেল ভন (৫) দারুণ এক অফ কাটারে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ভাসের পরের ওভারেই আউটসুইঙ্গারে অফ স্টাম্প হারিয়েছেন নাইট ওয়াচম্যান জেমস এন্ডারসন (১১)। ইংলিশ মিডল অর্ডারের দুই ভরসা কেভিন পিটারসেন (১৮) ও পল কলিংউডকে (১৬) আউট করেন ফার্নান্ডো। সেখান থেকে প্রতিরোধের শুরু বেলের। রবি বোপারাকে (৩৪) নিয়ে ৪৯ রান যোগ করেছেন ষষ্ঠ উইকেটে। বোপারাকে এলবিডব্লু করে জুটিটা ভেঙ্গেছেন বিদায়ী টেস্ট খেলতে নামা সনাৎ জয়াসুরিয়া। এরপরই প্রায়র আর বেলের যৌথ সংগ্রামের সূচনা। যে সংগ্রাম শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কপালে দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছিল, আর আশাবাদী করে তুলছিল ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভনকে। ভরসার সবচেয়ে বড় প্রতীক মুরালি ব্যর্থতা পীড়া দিচ্ছিল তার নিজের মাঠ আসগিরিয়া স্টেডিয়ামের দর্শকদেরও। দিনের ৮০তম ওভারে বেল-প্রায়রের ১০৯ রানে জুটি ভেঙ্গে শেষ পর্যন্ত মুরালিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। স্পিন-জাদুকরের ৩২তম ওভারের শেষ বলটি ছিল দুসরা। সেটা প্রায়রের ব্যাটকে ফাঁকি দিয়ে ভেঙ্গে দিয়েছে উইকেট। বোল্ড হওয়ার আগে ১৪৭ বলে ৮টি বাউন্ডারি সহ ৬৩ রান করেছেন ইংল্যান্ড উইকেট কিপার। বাঘ রক্তের স্বাদ পেলে যেভাবে জেগে ওঠে মুরালিরও তখন ঠিক তেমনই অবস্থা। নিজের পরের ওভারেই উইকেটে আঠার মতো সেঁটে থাকা বেলকে দারুণ এক লেগব্রেকে বোল্ড করেছেন তিনি। ২০৯ বলে মাত্র ৬টা বাউন্ডারিসহ ৭৪ রান করা বেলের বিদায়ের পর আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। রায়ান সাইডবটমকে (১) এলবিডব্লুর ফাঁদে ফেলে ইনিংসের তৃতীয় ও ম্যাচের নবম উইকেট তুলে নিয়েছেন মুরালি। শেন ওয়ার্নকে পেরিয়ে যাওয়া ম্যাচে ১০ উইকেট পাওয়ার আশাও করছিলেন। তবে তা হতে দেননি মালিঙ্গা। ম্যাথু হগার্ডকে (৮) বোল্ড করে দলকে উল্লাসে ভাসিয়েছেন এই ফাস্ট বোলার। তখনো ম্যাচের বাকি ৯ ওভার। মুরালির রেকর্ড আর জয়াসুরিয়ার বিদায়ী ম্যাচে এমন মধুর আর নাটকীয় জয়ে শ্রীলঙ্কানদের তো উল্লসিত হওয়ারই কথা! তবে ওয়ার্নকে পেরিয়ে যাওয়া এবং ৯ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখা মুরালি নন, ক্যান্ডি টেস্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুমার সাঙ্গাকারা। ৯২ ও ১৫২ রানের দুটো অসাধারণ ইনিংসের পর এটা তার প্রাপ্যই। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী রোববার, ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/১৮২৫ঘ.