মুম্বাই, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আর কোনো ভয় নেই বলেই বোধহয় এখন এতটা মরিয়া দিলীপ ভেংসরকার! সম্ভবত ভারতের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বলেই ক্রিকেট কর্মকর্তাদের কড়া ভাষায় একটা ই-মেল পাঠিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি শারদ পাওয়ার এবং আরো চার জন কর্মকর্তার কাছে পাঠানো ই-মেলটিতে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের। ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'ইন্ডিয়ান এক্সপ্রেস' ফাঁস করে দিয়েছে ই-মেলটি।
ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা আসলে বোর্ডের শীর্ষ পর্যায়ের কয়েক জন কর্মকর্তা। ভেংসরকারের মতে 'অসার ও বাতিকগ্রস্ত' ব্যক্তিদের নিয়ে পরিচালিত হচ্ছে বলেই বোর্ডের এমন দুরবস্থা! বোর্ডের শাসক গোষ্ঠীদের মধ্যে বিভক্তি থাকারও ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
বিসিসিআই-এর সাবেক সভাপতি ও বর্তমানে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ইন্দরজিৎ সিং বিন্দ্রার ওপরেও তার ভীষণ ক্ষোভ । পত্রিকায় কলাম লেখা নিয়ে তার সঙ্গে বোর্ড কর্তাদের যে ঝামেলা তার সূত্রপাত নাকি বিন্দ্রার মাধ্যমে! বিসিসিআই-এর সভাপতি পদপ্রার্থী শশাঙ্ক মনোহর সে কথাই জানিয়েছেন ভেংসরকারকে, "গতকাল (সোমবার) মিস্টার শশাঙ্ক মনোহর যখন টেলিফোনে আমাকে বললেন যে নির্বাচকদের বিরুদ্ধে ঘটা সব ঘটনাগুলোর পিছনে মিস্টার (ইন্দরজিৎ সিং) বিন্দ্রা আছেন তখন আমি দারুণ অবাক হয়েছি। মিস্টার বিন্দ্রা শুধু বিসিসিআই-এর এক জন দায়িত্ববান কর্মকর্তাই নন, বোর্ডের সাবেক সভাপতিও।"
তবে এত ক্ষোভের পরও প্রধান নির্বাচকের দায়িত্ব চালিয়ে যেতে ভেংসরকার রাজি। যদিও তার সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি শর্ত, "নির্বাচন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমি খুশি মনে চালিয়ে যেতে পারি। তবে আমার ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। এবং ৫ ডিসেম্বর ব্যাঙ্গালোরে নির্বাচন কমিটির পরবর্তী মিটিংয়ের আগে কলাম না লেখার জন্য আমাকে ক্ষতিপূরণ দিতেও তাদের রাজি হতে হবে।"
এই ই-মেল লেখার আগে 'মুম্বাই মিরর' পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে বোর্ডের সমালোচনা করে ভেংসরকার বলেছিলেন, "এটা (প্রধান নির্বাচক) একটা অবৈতনিক বা সম্মানসূচক কাজ। কোনো প্রকৃতিস্থ মানুষ এ ধরণের শর্ত মেনে নিতে পারবে না। চুক্তিতে সাক্ষর করার সময় কোনো শর্তাবলী আমি দেখতে পাইনি। মাত্র কয়েক দিন আগে তারা (বিসিসিআই কর্মকর্তারা) এগুলো জুড়ে দিয়েছে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮২৫ঘ.
bdnews24