ক্যান্ডি, শ্রীলঙ্কা, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার এটাই আমার জন্য সেরা সুযোগ। আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ টেস্ট"--- দৃঢ়তার সঙ্গেই ঘোষণাটা দিলেন সনাৎ জয়াসুরিয়া। গত বছরও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে ক্রিকেটের প্রতি ভালবাসা থেকে সিদ্ধান্তটা বদলাতে দেরি করেননি। এবার অবশ্য শুধু টেস্ট ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন তিনি, ওয়ানডেকে নয়।
আজ যে ওয়ানডে ক্রিকেটের শুরু থেকেই ব্যাটসম্যানদের আক্রমণাত্মক থাকার প্রবণতা, তার সূচনা জয়াসুরিয়ার হাত ধরেই। '৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচ ফিল্ডিং বাধ্যবাধকতার সুযোগ নিয়ে 'ওভার দ্য টপ' খেলার প্রবর্তন করলেও কৌশলটা জনপ্রিয় হয়েছে 'মাতারা হারিকেন'-এর মাধ্যমে। '৯৬ বিশ্বকাপে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর অনেকেই তার শরীরে 'ওয়ানডে স্পেশালিস্ট'-এর তকমা লাগিয়ে দিতে চেয়েছিলেন। অথচ তার পরের বছরই কলম্বোর প্রেমাদামা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩৪০ রানের এক মহাকাব্যিক ইনিংস এসেছিল জয়াসুরিয়ার ব্যাট থেকে। সেই টেস্টে রোশন মহানামার সঙ্গে তার ৫৭৬ রান গত বছর পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে কোনো জুটিতে সর্বোচ্চ রান ছিল। ২০০৬এর ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কারই মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারার ৬২৪ রান পেছনে ফেলে দিয়েছে সেই জুটিকে। কিন্তু ভারতের সঙ্গে সেই ম্যাচে শ্রীলঙ্কার ৯৫২ রান আজো টেস্ট ক্রিকেটে দলীয় সর্বোচ্চ ইনিংস।
৩৪০ রানের সেই ইনিংস ছাড়া টেস্টে জয়াসুরিয়ার আরো ১৩টা সেঞ্চুরি আছে। ১১০ টেস্টে ৪০ দশমিক ০৭ গড়ে ৬৯৭৩ রান, ১৪টা সেঞ্চুরি ও ৩১টা ফিফটিতে ব্যাট হাতে তার কার্যকারিতা প্রমাণিত। তার সঙ্গে বাঁহাতি স্পিনে ৯৭ উইকেট জানিয়ে দিচ্ছে ওয়ানডের মতো টেস্টেও তিনি এক জন ভাল অলরাউন্ডার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.
bdnews24