২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালির রেকর্ডের পর লড়ে যাচ্ছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা

দিনের শুরুটা ছিল মুত্তিয়া মুরালিধরনের। আর শেষ দিকে পাদপ্রদীপের আলোর পুরোটা থাকলো সনাৎ জয়াসুরিয়ার ওপরে। আগে থেকে গুঞ্জন ছিল। সেটাকে বাস্তবে রূপ দিয়ে 'মাতারা হারিকেন' টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সোমবার, ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে। জীবনে শেষ বারের মতো টেস্টে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পাননি ঠিকই, কিন্তু খেলেছেন ৭৮ রানের এক মনোমুগ্ধকর ইনিংস। যার সুবাদে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে শ্রীলঙ্কা এখন বেশ স্বস্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ক্যান্ডি, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিনের শুরুটা ছিল মুত্তিয়া মুরালিধরনের। আর শেষ দিকে পাদপ্রদীপের আলোর পুরোটা থাকলো সনাৎ জয়াসুরিয়ার ওপরে। আগে থেকে গুঞ্জন ছিল। সেটাকে বাস্তবে রূপ দিয়ে 'মাতারা হারিকেন' টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সোমবার, ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে। জীবনে শেষ বারের মতো টেস্টে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পাননি ঠিকই, কিন্তু খেলেছেন ৭৮ রানের এক মনোমুগ্ধকর ইনিংস। যার সুবাদে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে শ্রীলঙ্কা এখন বেশ স্বস্তিতে। ২৮১ রানে অলআউট হওয়ায় ইংল্যান্ড প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়েছে। তবে জয়াসুরিয়ার ব্যাটিং নৈপুণ্যের সঙ্গে মাইকেল ভ্যানডর্ট ও কুমার সাঙ্গাকারার দৃঢ়তা যোগ হওয়ায় ২ উইকেট ১৬৭ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা, এগিয়ে গেছে ৭৮ রানে। একে তো ৯৩ রানের ঘাটতি, তার ওপরে ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস। ব্যাট করতে নামার সময় জয়াসুরিয়ার ওপরে বেশ চাপ থাকারই কথা ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শ্রীলঙ্কার বহু জয়ের নায়ক বুঝিয়ে দিয়েছেন এই ৩৮ বছর বয়সেও কেন তিনি দলের অপরিহার্য খেলোয়াড়। ভ্যানডর্টের সঙ্গে ১১৩ রানের উদ্বোধনী জুটিতে তার অবদানই ৭৮। মাত্র ১০৬ বলে খেলা ইনিংসটা সাজানো ১০টি বাউন্ডারি ও ম্যাথু হগার্ডকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারা এক বিশাল ছক্কায়। ভাগ্যের সহায়তাও অবশ্য পেয়েছেন জয়াসুরিয়া। ৩৫ রানের সময় প্রথম স্লিপে তার ক্যাচ নিতে পারেননি ইয়ান বেল। জেমস অ্যান্ডারসনের সেই ওভারে টানা ৬টি বাউন্ডারি মেরে আসগিরিয়া স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসিয়েছেন '৯৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। সেই তুলনায় অনেক সংযত ছিলেন ভ্যানডর্ট। ১৪৩ বলে খেলা তার ৪৯ রানের ইনিংসে বাউন্ডারি মাত্র তিনটি। অ্যান্ডারসনের বলে ভ্যানডর্ট বেলের হাতে ক্যাচ দেয়ার পর মাত্র এক ওভার খেলা হয়েছে। আলোর স্বল্পতায় আগেই খেলা শেষ হওয়ার সময় সাঙ্গাকারা ব্যাট করছিলেন ৩০ রান নিয়ে। সঙ্গে থাকা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে রানের খাতা খুলতে পারেননি। সকালে ৬ উইকেটে ১৮৬ রান নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। পল কলিংউড (৪৫) ও রায়ান সাইডবটম (৩১) সপ্তম উইকেট জুটিতে ৫৭ রান যোগ করার পর বিচ্ছিন্ন হয়েছেন। লাসিথ মালিঙ্গার বলে প্রসন্ন জয়াবর্ধনেকে ক্যাচ দিয়েছেন সাইডবটম। এরপর কলিংউডকে বোল্ড করে শেন ওয়ার্নের কাছ থেকে বিশ্ব রেকর্ড ছিনিয়ে নেন মুরালি। ম্যাথু হগার্ডকে (১৫) স্টাম্পড করিয়ে ৭১০তম টেস্ট উইকেট নিয়েছেন মুরালি এরপর। আর অ্যান্ডারসনকে এলবিডব্লু করে ইংল্যান্ডের ইনিংস গুটানোর কাজটি সেরেছেন ১০০তম টেস্ট খেলতে নামা চামিন্ডা ভাস। ডান হাতের কড়ে আঙুলে চিড় ধরায় শ্রীলঙ্কার ইনিংসে ফিল্ডিং করতে নামেননি কেভিন পিটারসেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করবেন বলে জানিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/২০১০ঘ.