ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতির প্রথম দিনটা ফিটনেস পরীক্ষাতেই কেটে গেছে। সোমবার থেকে শুরু হচ্ছে নেট প্র্যাকটিস। সেজন্য সবকিছু কতোটা প্রস্তুত আছে, তা জেনে নিতেই বারবার কিউরেটর বদিউল আলম খোকনের শরণাপন্ন হচ্ছিলেন জেমি সিডন্স। যেমন তিনি চারটি বোলিং মেশিন চেয়েছেন। কিন্তু নেট প্র্যাকটিসের প্রথম দিন থেকে দেওয়া যাচ্ছে মাত্র দুটো। অবশ্য বিসিবির আরো দুটো বোলিং মেশিনের চালান দুয়েকদিনের মধ্যেই ঢাকায় এসে পৌছাচ্ছে। এমনই কোনো এক প্রয়োজনের কথা জানাতে গিয়ে বাংলাদেশ দলের নতুন কোচ দেখলেন, কিউরেটর স্টেডিয়াম থেকেই উধাও! তখন যে তিনি হাতিরপুল ও বাংলামোটরের টাইলস মার্কেটে গ্রানাইট পাথরের স্ল্যাব খুঁজতে ব্যস্ত। আর তা সিডন্সের চাহিদা মেটানোর জন্যই।
আগেই জানা ছিল, সিডন্সের কোচিং পদ্ধতিতে ভিন্নতা থাকবে। গ্রানাইট পাথরের স্ল্যাব সেই ভিন্নতারই অংশ। একই সঙ্গে ব্যাটিং ও ফিল্ডিং প্র্যাকটিসে তিনি এটা কাজে লাগাতে চান। নিউজিল্যান্ডের কন্ডিশন কমবেশি সবারই জানা। এটাও জানা যে সেখানে ব্যাটসম্যানের বুক সমান উচ্চতায় ধেয়ে আসবে বল। তাই সিডন্স প্র্যাকটিসে ব্যাটসম্যানের সামনে বসিয়ে দেবেন ওই গ্রানাইট পাথরের স্ল্যাব। বোলিং মেশিন থেকে ছুটে আসা বল তাতে পড়ে লাফিয়ে উঠবে ব্যাটসম্যানের সামনে। এরকম কৃত্রিমভাবেই তৈরি করা হবে নিউজিল্যান্ডের কন্ডিশন।
আবার স্লিপ ক্যাচিংয়ের প্র্যাকটিসেও ওই গ্রানাইট পাথরের স্ল্যাব কাজে লাগাবেন ডেভ হোয়াটমোরের উত্তরসুরী। মাঠে স্ল্যাব বরাবর অদূরে কোনাকুনিভাবে বসানো থাকবে টেবিলের উপরিদেশ। বোলিং মেশিন থেকে ছোটা বল স্ল্যাব হয়ে টেবিলে লেগে যাবে স্লিপ কর্ডনের মতো করে সাজানো ফিল্ডারদের হাতে। টেবিলটা এখানে থাকবে ব্যাটসম্যানের ভূমিকায়। এধরনের প্র্যাকটিসে যেন ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়েই বল স্লিপে যাচ্ছে, এমন একটা পরিবেশই তৈরি করা হবে। অভিনব এই প্র্যাকটিসের জন্য সিডন্স চেয়েছেন চার ফুট বাই পাঁচ ফুটের স্ল্যাব। কিন্তু বাজারে ঠিক এই মাপের গ্রানাইট পাথরের স্ল্যাব পাওয়া যাচ্ছে না। যেকারণে কেনা হচ্ছে চার ফুট বাই আট ফুটের স্ল্যাব।
নতুনত্বের শেষ এখানেই নয়। নেট বোলারদের জন্য বাইশ গজ নয়, উইকেটের দৈর্ঘ্য আঠারো গজে নামিয়ে আনছেন সিডন্স। নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখেই এটা করছেন তিনি। নেট বোলাররা আরো সামনে থেকে বল করলে তা আরো গতি পাবে। এতে করে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের ব্যাটস্যশানদের জোরে বল খেলার প্রস্তুতিটাও হবে!
প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে ৪, ৮ ও ১০ ডিসেম্বর ম্যাচের পরিস্থিতি তৈরি করে ক্রিকেটারদের ম্যাচও খেলাবেন তিনি। নিউজিল্যান্ডগামী দলের ক্রিকেটাররা দু'দলে ভাগ হয়ে খেলবেন। এরমধ্যে একদল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আরেকদল নিউজিল্যান্ডের! মাঠে তাদের গায়ে নিউজিল্যান্ডের জার্সি পড়া দেখলে তো তা মনে করাই স্বাভাবিক হবে!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24