২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিবসের সেঞ্চুরিতে হেসে খেলো জিতল দক্ষিণ আফ্রিকা

২১তম ওভারে এসে প্রথম বাউন্ডারিটি হাঁকিয়েছেন গ্রায়েম স্মিথ। নিউল্যান্ডসের দর্শক ততক্ষণে ৯টি চার ও ছয়টি ছক্কার দেখা পেয়ে গেছে তার ওপেনিং সঙ্গী হার্শেল গিবসের ব্যাটে। খানিক বাদেই সেঞ্চুরিও পুরোলেন। মাত্র ৭৭ বলে। স্মিথের রান তখন ত্রিশ পেরোয়নি! রোববার কেপ টাউনে গিবসের এই মারমুখী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

কেপ টাউন, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১তম ওভারে এসে প্রথম বাউন্ডারিটি হাঁকিয়েছেন গ্রায়েম স্মিথ। নিউল্যান্ডসের দর্শক ততক্ষণে ৯টি চার ও ছয়টি ছক্কার দেখা পেয়ে গেছে তার ওপেনিং সঙ্গী হার্শেল গিবসের ব্যাটে। খানিক বাদেই সেঞ্চুরিও পুরোলেন। মাত্র ৭৭ বলে। স্মিথের রান তখন ত্রিশ পেরোয়নি! রোববার কেপ টাউনে গিবসের এই মারমুখী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে তারা। গত সাত বছরে নিজেদের মাটিতে কোনো ওয়ানডে সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। আর এই অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তাদের ফাস্ট বোলাররা। রোববারের ম্যাচে আবারও রূদ্ররূপে দেখা দিয়েছিলেন তারা। টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করেছিল নিউজিল্যান্ড। শুরুটা করেছিলেন ডেল স্টেইন। প্রথম স্পেলেই ফিরিয়ে দিয়েছেন দুই ব্ল্যাক ক্যাপ ওপেনারকে। নিজের প্রথম ওভারের শেষ বলে হার্শেল গিবসের ক্যাচ বানিয়েছেন ব্রেন্ডন ম্যাককুলামকে (০)। ২৭ রানের মাথায় ধীরগতির এক ইয়র্কারে উপড়ে নিয়েছেন ল্যু ভিনসেন্টের (১৮) লেগ স্টাম্প। অন্য প্রান্তে নিয়ন্ত্রিত বোলিংয়ের অনুপম প্রদর্শনীতে মেতেছিলেন শন পোলক। ৭ ওভারের প্রথম স্পেলে দিয়েছেন মাত্র ১৮ রান। ১০ ওভার শেষ করেছেন ২৬ রান খরচায়, যদিও উইকেট পাননি কোনো। তারপরও নিউজিল্যান্ডের দুশো পেরুনো সংগ্রহের ভিত গড়েছেন ম্যাথু সিনক্লেয়ার ও স্কট স্টাইরিস। দুজনে পঞ্চম উইকেটে গড়েছেন ৪৯ রানের জুটি। ৯৪ বলে ৬০ রান করে আন্দ্রে নেলের দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন স্টাইরিস। ৩৮ বলে ৩৪ রানের ঝড়ো এক ইনিংস খেলে এরপর ৫৬ রানের জুটি গড়েছেন জ্যাকব ওরাম সিনক্লেয়ারের সঙ্গে। শেষ ১০ ওভারে ৭৭ রান তুলেছে নিউজিল্যান্ড মরিয়া মারমুখিতায়। ইনিংসের আর এক বল বাকি থাকতে আউট হয়েছেন সিনক্লেয়ার। তার আগে করেছেন নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান। এজন্য বল খেলেছেন ৭৮টি। প্রথম ম্যাচ মিস করেছেন ইনজুরিতে। দ্বিতীয় ওয়ানডেতে শুন্য রানেই আউট। শোধ নিতেই বুঝি শুরু থেকে উত্তাল গিবসের ব্যাট। ১৯তম সেঞ্চুরির পথে নিউজিল্যান্ডের কোনো বোলারই বাদ সাধতে পারেননি। তুলোধুনো করেছেন কমবেশী সবাইকেই। ১৭৩ রানের উদ্বোধনী জুটিটি ভেঙ্গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তবে তার আগে ক্যারিয়ারের ৩২তম ফিফটিটি আদায় করে নিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক স্মিথ। ৭৪ বল খেলে ৫১ রান করেছেন তিনি যাতে বাউন্ডারি মাত্র ৩টি। গিবসের আগ্রাসনেরও শেষ ভেট্টরির হাতেই। কাইলি মিলসের হাতে ধরা পড়ার আগে ১০১ বলে ১১৯ রান করেছেন গিবস। ১০টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ৭টি ছক্কাও। গিবসের আউট হওয়ার পর ছোটখাটো একটা ধ্বস নামিয়ে ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। অ্যাবি ডি ভিলিয়ার্স (২) ও জাঁ পল ডুমিনি (১) আউট হয়ে গেলে মাত্র ৪ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভিলিয়ার্সকে আউট করেছেন মিলস। আর ডুমিনি ভেট্টরির তৃতীয় শিকার। মার্ক বাউচারের সঙ্গে (২৬*) ৪৬ রানের এক জুটি গড়ে জয়ের থেকে দু'রান দূরে আউট হয়েছেন জ্যাক ক্যালিস (৩০)। পোলক জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জিতান প্যাটেলকে বাউন্ডারির ওপাশে তুলে মেরে। দুর্দান্ত সেঞ্চুরিটির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হার্শেল গিবস। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২১৪০ঘ.