মাসুদ পারভেজ
ঢাকা, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ফতুল্লা স্টেডিয়ামটা জেমি সিডন্সের আগে থেকেই চেনা, এমনই মনে হয়েছিল অনেকের। "এই মাঠটা তো আপনার পরিচিতই হওয়ার কথা"- কেউ একজন এটা জিজ্ঞেস করতেই ভুলটা ভেঙ্গে দিলেন বাংলাদেশ দলের নতুন কোচ। ২০০৫ সালের মাঝামাঝি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব নিলেও গত বছর এপ্রিলে বাংলাদেশ সফরে আসা হয়নি তার, "ওই সফরে এসেছিলেন কিম হিউজ। ব্যক্তিগত কারণে আমি আসতে পারিনি।"
মাঠের মতো বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এখনো তার কাছে প্রায় অচেনাই। গত অক্টোবরে চুক্তি পাকাপাকি করতে ঢাকায় আসার পথে ব্যাংকক এয়ারপোর্টে যে দেখা হয়েছিল, সেটা শনিবার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী মনে করিয়ে দেওয়ার পরই তাকে চিনতে পারলেন সিডন্স। এতো কাছের স্মৃতিই যেখানে ধূসর, সেখানে ফতুল্লা স্টেডিয়ামে টেস্টে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের প্রায় হারিয়ে দেওয়া কিংবা শাহরিয়ার নাফীসের ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসটার কথা তার স্মৃতিসীমায় খুব সহজেই চলে আসার কোনো কারণ নেই। তাছাড়া ওই সফরে তিনি আসেনওনি অস্ট্রেলিয়ার সঙ্গে।
অথচ এর চেয়েও পুরনো ঘটনা তার বেশ ভালো মতোই মনে আছে। তখন সবে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন। সে সময়েই দেখলেন কার্ডিফে অস্ট্রেলিয়া বধকাব্য রচনা করে ফেলেছে বাংলাদেশ। ২০০৫ সালের জুলাইতে কার্ডিফের সোফিয়া গার্ডেনে যার ব্যাটে চড়ে জয়টা এসেছিল, মোহাম্মদ আশরাফুলের মহাকাব্যিক সেই ইনিংসটার কথাও পরিষ্কার মনে আছে তার। যে কোনো প্রথমই খুব ভালো মনে থাকে সবার। নিজ দেশের জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পরপরই ঘটে যাওয়া ঘটনাটা সিডন্সের এতো ভালো মনে থাকার কারণ বোধহয় এটাই!
ওয়ানডে ক্রিকেটে আশরাফুলের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটা এখনো চোখে লেগে আছে তার, "এক কথায় অসাধারণ ইনিংস ছিল ওটা।" তখন সিলেটের ২০৬ রান তাড়া করছে রাজশাহী। ভরদুপুরে টিভি চ্যানেলগুলোর দাবি মেটাতে প্রেসিডেন্ট বক্স থেকে মাঠেই নেমে আসলেন জাতীয় দলের প্রধান কোচ। ক্যামেরাবন্দী হওয়ার পরপরই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে আশরাফুলের ওই ইনিংস নিয়ে আলাপচারিতা। হাতে ব্যাট না থাকলেও ব্যাটিংয়ের ভঙ্গিতেই দেখালেন, "এরকম বেশ কিছু শট ছিল আশরাফুলের ওই ইনিংসে।" ক্রিকেটীয় পরিভাষায় 'স্কুপ প্যাডেল' হলেও ধারাভাষ্যকারদের সৌজন্যে এখন যেটা 'আশরাফুল শট' হিসেবেই পরিচিত হয়ে উঠতে যাচ্ছে। পাশ থেকে রাজশাহী বিভাগীয় দলের কোচ শাহনেওয়াজ শহীদ শানু এটা বলতেই সিডন্সও সায় দিয়ে ফেললেন, "ইয়েস, ইটস আশরাফুল শট।"
রোববার থেকে ক্রিকেটারদের নিয়ে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে নেমে পড়ছেন। তার আগে ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স দেখে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই শনিবার ফতুল্লায় গিয়েছিলেন রাজশাহী-সিলেটের ওয়ানডে ম্যাচ দেখতে। সঙ্গী সহকারী কোচ শন উইলিয়ামস। খুলনা-ঢাকার চারদিনের ম্যাচের প্রথম দুদিন তো খুলনাতে গিয়েই দেখে এসেছেন। সেখানে পেসার মাশরাফি বিন মর্তুজার বোলিং তার বেশ মনে ধরেছে বলেই মনে হলো। কারণ প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া বাংলাদেশ দলের সহ-অধিনায়ক দ্বিতীয় ইনিংসে কয়টা পেলেন, সেই খোঁজ নিচ্ছিলেন বারবার। অলরাউন্ডার ফরহাদ রেজাকে সামনে পেয়েও জেনে নিলেন, চলতি জাতীয় লিগে তার পারফরম্যান্স।
তবে এখনো সবাইকে না চেনার অক্ষমতা স্বীকার করে নিয়েই বললেন, "এখনো আমাদের সব ক্রিকেটারের সঙ্গে দেখা হয়নি আমার। আগামীকাল (রোববার) হবে। এর আগে এটা জেনে ভালো লাগছে যে ব্যাটসম্যানরা পারফরম করছে।" তার প্র্যাকটিসের ঢংও ভিন্ন হবে বলে জানা। সেটা কী রকম? এ প্রশ্নে ক্রিকেটারদের চাহিদাকেই প্রাধাণ্য দেওয়ার কথা বললেন তিনি, "কাল ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হবো। এরপর হবে ফিটনেস টেস্ট। প্র্যাকটিসের ধরণ কেমন হবে তা তো আপনারা দেখতেই পাবেন। আমি অবশ্যই নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো। তবে এর আগে আমি ক্রিকেটারদের কাছেও জানতে চাইবো তারা কী চায়।"
ক্রিকেটাররা নিশ্চয়ই নিউজিল্যান্ড সফরে ভালো কিছু করার রসদ নিয়ে যেতে চাইবেন! তার জোগান দেওয়া সম্ভব বলেই মনে হয় সিডন্সের, "নিউজিল্যান্ডে আমাদের প্রথম অফিশিয়াল ম্যাচের আগে অন্তত ২০ দিন সময় আছে। কয়েকটা প্র্যাকটিস ম্যাচও আছে সেখানে। আমার মনে হয় প্রস্তুতি খারাপ হবে না আমাদের।"
তত দিনে অচেনা ক্রিকেটারদের তার খুব ভালো করে চেনা হয়ে যাওয়ার কথা। ক্যাম্প শুরুর আগে তার খুব চেনা মুখ একজনই। তিনি কে? কে আবার? বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১০ঘ.
bdnews24