২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

বিফলেই গেলো শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরি। তার অপরাজিত ১২৭ রানের ইনিংসটি মাঠেই মারা গেছে। আর এই ব্যর্থতার পেছনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের চেয়ে জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংই রেখেছে মূল ভূমিকা। শুক্রবার হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান করেছিল স্বাগতিকরা। জবাবে ৮ উইকেটে ২৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

হারারে, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিফলেই গেলো শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরি। তার অপরাজিত ১২৭ রানের ইনিংসটি মাঠেই মারা গেছে। আর এই ব্যর্থতার পেছনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের চেয়ে জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংই রেখেছে মূল ভূমিকা। শুক্রবার হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান করেছিল স্বাগতিকরা। জবাবে ৮ উইকেটে ২৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের আর্দ্রতা দেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু এলোমেলো লাইন-লেংথে বল করে অধিনায়কের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধই করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। তারপরও ভুসি সিবান্দাকে (১৪) আউট করে প্রথম ব্রেক থ্রু দিয়েছেন ড্যারেন পাওয়েল। ৩০ বল খেলে ২৭ রান করে রান আউটের শিকার হয়েছেন আরেক ওপেনার ব্রেন্ডন টেলর। ৭৮ রানের মাথায় সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুকেও (১০) হারায় স্বাগতিকরা। এরপর হেনরি মাসাকাদজাকে নিয়ে চতুর্থ উইকেটে ৯০ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের ইনিংসকে টেনে তুলেছেন নড়বড়ে একটা শুরুর পর সামাল দিয়েছিলেন চামু চিবাবা। গেইলের বলে এলবিডব্লু হওয়ার আগে ৭৩ রান করেছেন তিনি। মাসাকাদজাকেও (৩৬) হুবহু একইভাবে আউট করেছেন গেইল। কিন্তু এলটন চিগুম্বুরা ও স্টুয়ার্ট মাৎসিকেনিয়েরির ৮৯ রানের জুটিতে দারুণ এক সংগ্রহে পৌঁছায় জিম্বাবুয়ে। ৪০ বলে ৫৫ রান করে জেরোমি টেলরের শিকার হয়েছেন মাৎসিকেনিয়ারি। চিগুম্বুরা করেছেন ৩৪ বলে ৩৮। তাদের মারকুটে ব্যাটিংয়ে শেষ ৯ ওভারে ৮১ রান তুলেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই ফিরে গেছেন গেইল (২)। চিগুম্বুরাকে ফিরতি ক্যাচ দিয়েছেন তিনি। ২ রানের মাথায় এই উইকেট পতনের পর আরেক ওপেনার ডোয়াইন স্মিথকেও (৫) ফিরিয়েছেন চিগুম্বুরা। এবার উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন টাইবু। এরপর চন্দরপলের সঙ্গে ৫৫ রানের এক জুটি গড়ে আউট হয়েছেন ডুয়াইন স্মিথ (২৫)। মাসাকাদজার বলে এবারও ক্যাচ ধরেছেন টাইবু। রুনাকো মর্টনকে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে এরপর সামাল দিয়েছেন চন্দরপল। মর্টনকে (৫৪) বোল্ড করে এই জুটি ভেঙ্গেছেন চিবাবা। ততক্ষণে ৪৬তম ওভার শুরু হয়ে গেছে আর ওয়েস্ট ইন্ডিজ তখনও ৮০ রানে পিছিয়ে। বলের সঙ্গে রানের গতির এই পার্থক্যটা ঘোচাতে পারেননি লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। বরং একে একে আত্মাহুতি দিয়েছেন। তালিকায় আছেন রড লুইস (১৪), ব্রাভো (০), দিনেশ রামাদিন (৮) ও রবি রামপল (০)। ১২২ বলে চন্দরপল পুরো করেছেন তার অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২১৩০ঘ.