ঢাকা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যতোই দিন যাচ্ছে পাকিস্তান সফরে উন্নতিই করছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল! প্রথম ম্যাচে ১৪৪ রানের শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ৭৯ রানে হারকে তো উন্নতিই বলতে হয়!
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটাতে ২৫৭ রান তোলা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে বুধবার সাধ্যের মধ্যেই বেঁধে ফেলেছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে পাকরা ৯ উইকেটে ২১১ রানের বেশি তুলতে পারেনি। অধিনায়ক ও বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ২৭ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার। মাহমুদুল হাসান ২৮ রান খরচায় তুলে নেন দুটো উইকেট। এছাড়া রনি তালুকদার, নাসির হোসেন ও রুবেল পান একটি করে উইকেট।
কিন্তু ২১১ রান তাড়া করতে নামা বাংলাদেশ যুব দলের ব্যাটসম্যানরা আবারো ব্যর্থ। ৪২ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় তারা। প্রথম ওয়ানডেতে ১১৩ রানে শেষ হওয়ার পর এই ম্যাচে ১৩১, উন্নতিই তো!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24