মুম্বাই, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্যারি কারস্টেনের ভারতের কোচ হওয়া এখন প্রায় নিশ্চিত। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোচ কমিটির সামনে সাক্ষাতকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার। এ সপ্তাহের শেষ দিকেই কারস্টেনের 'টিম ইন্ডিয়া'র দায়িত্ব নেয়ার কথা ঘোষণা করতে পারে বিসিসিআই।
৪০ বছর বয়সী কারস্টেনই যে গ্রেগ চ্যাপেলের উত্তরসূরী হতে যাচ্ছেন সে কথা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহর এই মন্তব্যে, "এটা কম-বেশি নিশ্চিত হয়ে গেছে। (আমাদের তালিকায়) এই মুহূর্তে আর কোনো নাম নেই।" দায়িত্বটা নিতে যে তিনি আগ্রহী তার ইঙ্গিত পাওয়া গেছে কারস্টেনের কথাতেও, "সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা আমাকে অনুরোধ করেছেন। আমি তাদেরকে কোনো অনুরোধ করিনি। তাই এই দৃষ্টিকোণ থেকে আমার ধারণা আমাকে দলের দায়িত্ব দেয়ার কথাই মনে হয়েছে তাদের। এটা আমার জন্য বেশ উৎসাহব্যঞ্জক। আর ব্যাপারটা আমার মনে দারুণ আত্মবিশ্বাসও এনে দিয়েছে। বুঝতে পারছি যে বহু মানুষ আমার পেছনে আছে।"
সোমবার কারস্টেনের সাক্ষাতকারের সময় উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ার, নিরঞ্জন শাহ, কোষাধ্যক্ষ এন. শ্রীনিবাসন এবং তিন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী ও শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন। ছিলেন টেস্ট অধিনায়ক অনিল কুম্বলেও। কারস্টেন তাদের মুগ্ধ করতে পেরেছেন বলেই তার ভারতের কোচ হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।
ভারতের জন্যও এটা এক দারুণ সুখবর। নতুন কোচের খোঁজে বেশ কিছু দিন ধরেই তারা হন্যে হয়ে আছে। গত মার্চে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার পর গ্রেগ চ্যাপেল ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ান। তারপর থেকে কোচ ছাড়াই খেলছে ভারত। এর মাঝে চন্দ্রকান্ত পন্ডিত, রিচার্ড ডান, টিম বুন, কেপলার ওয়েসেলস, টেরি অলিভার, ডেভ নসওয়ার্দি এভং সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো ভারতের কোচ হওয়ার আগ্রহ জানিয়ে আবেদন করেছিলেন। কারস্টেনের স্বদেশী গ্রাহাম ফোর্ডের নাম তো নতুন কোচ হিসাবে ঘোষণাই করে দিয়েছিল বিসিসিআই। কিন্তু ফোর্ড ভারতের কোচ হতে অস্বীকৃতি জানানোয় বেশ বিপাকে পড়ে যায় তারা। এখন কারস্টেনের খবরটা নিশ্চিতভাবেই ভারমুক্ত করবে বিসিসিআই-কে।
কোচ হিসাবে অবশ্য তেমন অভিজ্ঞতা নেই দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্টে ২১ সেঞ্চুরিসহ ৭২৮৯ ও ১৮৫টি ওয়ানডেতে ১৩ সেঞ্চুরিসহ ৬৭৯৮ রানের মালিক কারস্টেনের। প্রায় ১১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ২০০৪ সালে অবসর নেয়ার পর কেপটাউনে নিজস্ব একটি ক্রিকেট একাডেমি চালাচ্ছেন তিনি। এছাড়া এ বছরের জুনে জিম্বাবুয়ে জাতীয় দলের জন্য একটি কোচিং ক্লিনিকও পরিচালনা করেছেন। নিরঞ্জন শাহ অবশ্য কোচ হিসাবে কারস্টেনের অনভিজ্ঞতাকে পাত্তাই দিতে চাননি, "তিনি এক জন অভিজ্ঞ ক্রিকেটার। দুর্দান্ত এক খেলোয়াড়ও ছিলেন তিনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/১৯৩৫ঘ.
bdnews24