কোলকাতা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তাহও পেরোয়নি তসলিমা নাসরিনকে নিয়ে উত্তাল ছিল কোলকাতা। সে সহিংসতার রেশ না মিলাতে এবার নতুন হুমকি। প্রেক্ষিত ইডেন টেস্ট। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান ও ভারতের মধ্যেকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ বন্ধ করার জন্য ই-মেইলে হুমকি এসেছে। কোলকাতা পুলিশ ব্যাপারটা হালকাচালে না নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে লালবাজার পুলিশকে গত সোমবার একটি ই-মেইল পাঠানো হয়েছে। আর তাতে বলা হয়েছে পাকিস্তানী খেলোয়াড়রা ইডেন গার্ডেনসে ম্যাচ খেললে সারা কোলকাতা জুড়ে বোমা ফাটানো হবে। এরপর ভারতীয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসেন। পাশপাশি নগরীর সবক'টি সাইবার ক্যাফেতে নজরদারি বসানো হয়। মোবাইল ফোনের সংযোগদাতাদের নতুন সংযোগ না দিতে অনুরোধ করেছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সদস্যদের পূর্ণ পোষাকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কোলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী বলেছেণ, "সব নাজুক স্থানে আমরা কড়া নিরাপত্তা নিয়েছি।" পুলিশ জানিয়েছে ফরোয়ার্ড করা ই-মেইলটি পাঠানো হয়েছিল একটি প্রাইভেট টিভি চ্যানেলকে। সম্বোধনে কারো নাম উল্লেখ করা হয়নি। পাকিস্তানী খেলোয়াড়দের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেছেন, "পাকিস্তানী ক্রিকেটারদের শহরের কেন্দ্রে পাঁচতারা হোটেলে রাখা হবে এবং অনুরোধ করা হবে তারা যেন নিজেদের খেয়াল খুশীমতো বাইরে না যান। এর আগেও পাকিস্তানী ক্রিকেটাররা নিরাপত্তাবিধি ভেঙ্গেছেন, নিরাপত্তাকর্মীদের সাহায্য ছাড়াই ইচ্ছেমতো বাইরে গেছেন। ই-মেইলটা সত্যিও হতে পারে, রসিকতাও হতে পারে। কিন্তু আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।"
( প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩৩৫ঘ.
bdnews24