২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে ক্রিকেটার ১৫জন, কর্মকর্তা ১০ জন!

বিদেশগামী কোনো ক্রীড়া দলের সঙ্গে একগাঁদা কর্মকর্তা পাঠানোর মতো নেতিবাচক বিষয় বারবারই সংবাদ শিরোনাম হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেরকম কোনো রেওয়াজ চালু করে কিনা, এই প্রশ্নটা সোমবার উঠলো। যখন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার মাঝপথে এসে নিউজিল্যান্ডগামী বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণার সংবাদ সম্মেলনে এসে বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বললেন, "মোট ২৫ জন নিউজিল্যান্ড যাচ্ছে। এরমধ্যে খেলোয়াড় ১৫ জন। আর অফিশিয়াল ১০ জন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বিদেশগামী কোনো ক্রীড়া দলের সঙ্গে একগাঁদা কর্মকর্তা পাঠানোর মতো নেতিবাচক বিষয় বারবারই সংবাদ শিরোনাম হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেরকম কোনো রেওয়াজ চালু করে কিনা, এই প্রশ্নটা সোমবার উঠলো। যখন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার মাঝপথে এসে নিউজিল্যান্ডগামী বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণার সংবাদ সম্মেলনে এসে বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বললেন, "মোট ২৫ জন নিউজিল্যান্ড যাচ্ছে। এরমধ্যে খেলোয়াড় ১৫ জন। আর অফিশিয়াল ১০ জন।" নতুন কোচ জেমি সিডন্সের সহকারী হিসেবে যাচ্ছেন শন উইলিয়ামস। ফিজিও এবং ট্রেনার ড্যারেন লিফসন ও শেন ম্যাকডারমট। ফিল্ডিং কোচ সালাউদ্দিন ও কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুও অনেকদিন ধরেই দলের সঙ্গী। বোর্ডের ভেতরে আপত্তি থাকলেও শেষপর্যন্ত এই সফরেও যাচ্ছেন একজন নির্বাচক। তিনি নাঈমুর রহমান। মিডিয়া ম্যানেজার হিসেবে যাচ্ছেন রাবিদ ইমাম। তাহলে দলের ম্যানেজার কে? এখানেই বিতর্ক। এই দলের ম্যানেজার বোর্ড সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি। আর টিম অপারেশন্স ম্যানেজার সদরুল আমীন ভুইয়া। যিনি আবার বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজারও। ম্যানেজার ও অপারেশন্স ম্যানেজারের পার্থক্য বোঝাতে গিয়ে ইশতিয়াক বললেন, "ববি সাহেবই মূলত ম্যানেজার। তিনি টিম ম্যানেজমেন্টের অংশ। আর তাকে সহায়তা করার জন্য সদরুল থাকবেন।" মানে সদরুলের ভূমিকাটা সহকারী ম্যানেজারেরই। এভাবে দল ভারী করার মানেটা কী? এ প্রশ্নে ইশতিয়াকের জবাব, "আসলে নিউজিল্যান্ডে একটা কঠিন সফরে যাচ্ছে আমাদের দল। এই দলের অনেকেই আগে নিউজিল্যান্ডে যায়নি। তাছাড়া এই দলের অনেক কিছুই নতুন। নতুন কোচ, নতুন ফিজিও। তাই আমরা সভায় একজন বোর্ড সদস্যকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।" আগের বোর্ড দলের সঙ্গে বোর্ড সদস্যদের পাঠানোর বিষয়টাকে নিয়মই বানিয়ে ফেলেছিল। সেসময় এর সমালোচনায় মেতে ওঠা কেউ কেউ বর্তমান বোর্ডেও আছেন। এবার তাদেরও একজন বোর্ড সদস্যকে দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্তটা তাই প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। এটা নিয়ে প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত ইশতিয়াক এও জানাতে ভুললেন না, "এরকম সিদ্ধান্ত এটাই প্রথম এবং এটাই শেষ। বেশ কিছু কারণেই এরকম সিদ্ধান্ত এবার আমাদের নিতে হয়েছে।" প্রসঙ্গত, ২০০১ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে যাওয়ার কথা ছিল ববির। কিন্তু সেসময় রাজনৈতিক কারণে তাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিসিবি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.