২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২ উইকেটের জয়

দক্ষিণ আফ্রিকার বিষন্ন ড্রেসিংরুমটা মুহূর্তেই আনন্দে ভাসিয়ে দিয়েছেন আন্দ্রে নেল। শেষ তিন বলে জয়ের জন্য ৯ রান দরকার। পরপর তিনটি বাউন্ডারিতে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দিয়েছেন তিনি। রোববার ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২ উইকেটের দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 06:08 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ডারবান, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিষন্ন ড্রেসিংরুমটা মুহূর্তেই আনন্দে ভাসিয়ে দিয়েছেন আন্দ্রে নেল। শেষ তিন বলে জয়ের জন্য ৯ রান দরকার। পরপর তিনটি বাউন্ডারিতে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দিয়েছেন তিনি। রোববার ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২ উইকেটের দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে স্বাগতিকরা। সিরিজে এই প্রথম অন্যরূপে দেখা দিয়েছিল নিউজিল্যান্ড। সেই আগবাড়িয়ে আত্মসমর্পণ নেই। বরং দারুণ লড়াকু। আর এর ভিতটা গড়ে দিয়েছেন জেইমি হাও। শুরুতে একরকম গুটিয়েই ছিলেন। প্রথম ১৫ ওভারের মধ্যে মাত্র ৩৩ বল খেলেছেন, করেছেন ৮। কিন্তু এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আউট হওয়ার আগে করেছেন ৯০। এটি ছিল হাওর ক্যারিয়ার সেরা ব্যাটিং। এর আগে ২০০৫-০৬ মৌসুমে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ রানই ছিল তার সর্বোচ্চ। টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করা ডেল স্টেইন শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন। কিন্তু মাখায়া এনটিনি ও শন পোলকের পুরানো জুটির সামনেই রান নিতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ব্ল্যাক ক্যাপস ব্যাটসম্যানদের। ২৫ ওভারে মাত্র ৮৯ রান এসেছে ২ উইকেট খরচায়। এরমধ্যে চতুর্থ ওভারেই এনটিনির বলে বোল্ড হয়েছেন ল্যু ভিনসেন্ট (৬)। দ্বিতীয় উইকেটে হাওর সঙ্গে ৭২ রানের জুটি গড়া ব্রেন্ডন ম্যাককুলাম (৪০) স্টাম্প হারিয়েছেন ইয়োহান বোথার বলে। সেখান থেকে আরো ৭৫ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেছেন স্কট স্টাইরিস ও হাও। ৪৫ বলে ৪০ রান করে আন্দ্রে নেলের বলে বোথার তালুবন্দী হয়েছেন স্টাইরিস। নিউজিল্যান্ডের রান সংগ্রহে গতি এনেছেন রস টেলর ও ম্যাথু সিনক্লেয়ার। ২২ বলে ২০ রান করেছেন টেলর একটি চার ও একটি ছক্কায়। ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থেকেছেন সিনক্লেয়ার। ৪৮তম ওভারে নেলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১২৪ বলে ১১টি বাউন্ডারিতে ৯০ রান করেছেন হাও। ৪৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার নেল। মিতব্যয়িতায় তাকে ছাড়িয়ে গেছেন শন পোলক। কোনো উইকেট পাননি, কিন্তু ৪টি মেডেনসহ ১০ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান। জবাব দিতে নেমে কাইলি মিলসের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯ রানের মধ্যেই তিনি তুলে নেন মরনি ফন উইক (০) ও জ্যাক ক্যালিসকে (১)। ঘুরে দাঁড়ানোর দারুন কাজটি এরপর সেরেছেন এবি ডি ভিলিয়ার্স। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ম্যাচসেরা অপরাজিত ৫২ রান করেছিলেন। এ ম্যাচে খেলেছেন ৮৭ রানের ইনিংস। তৃতীয় উইকেটে অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে ৯১ এবং চতুর্থ উইকেটে জাঁ-পল ডুমিনির সঙ্গে আরো ৭২ রান যোগ করেছেন ডি ভিলিয়ার্স। দারুণ এক ফিরতি ক্যাচে তার ইনিংসের যবনিকা টেনেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তার আগে স্মিথের (৪৪) উইকেট নিয়েছেন স্কট স্টাইরিস। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধ্বসের মুখে পড়ে এরপর। ফিরতি স্পেলে এসে এই ধ্বস নামিয়েছেন মিলস। ৪৬তম ওভারের প্রথম বলে ক্রিস মার্টিনের বলে ডুমিনি (৪৬) আউট হওয়ার পর মিলস একে একে তুলে নিয়েছেন শন পোলক (৬), অ্যালবি মর্কেল (০) ও ইয়োহান বোথার (৬) উইকেট। ২৫ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জয় প্রায় পাইয়ে দিয়েছিলেন মিলস। কিন্তু তা ব্যর্থ করে দিয়েছেন মার্ক বাউচার। অপরাজিত ৩৫ রানের এক ইনিংস খেলে এক প্রান্ত আগলেছেন এই উইকেট কিপার। বাকিটা সেরেছেন নেল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ডি ভিলিয়ার্স। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২২৩৫ঘ.