নয়াদিল্লী, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সকালে দানিশ কানেরিয়ার তাণ্ডব। ১৪ রানে শেষ চার উইকেট হারিয়েছে ভারত। ২৭৬ রানেই থেমেছে তাদের প্রথম ইনিংস। এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে সতর্কতার সঙ্গেই। শনিবার দিল্লী টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১০৮ রান। ৯ উইকেট হাতে নিয়ে ভারতের চেয়ে ৬৩ রানে এগিয়ে তারা। সালমান বাট ব্যাট করছেন ৪৭ রান নিয়ে। তার সঙ্গী ইউনিস খানের রান ১৯।
সকালে শিশির ভেজা উইকেটের আদ্রতার সুযোগ নিয়েছিলেন কানেরিয়া। কিংবা এভাবে বলা যায় ফাস্ট বোলারদের জায়গায় নিজেই জ্বলে উঠেছিলেন এই লেগ স্পিনার। ১৫ বলের এক স্পেলে নিয়েছেন ভারতের ৩ উইকেট। ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। সপ্তম উইকেটে লক্ষ্মণ ও অনিল কুম্বলের ৫৪ রানের জুটিটি ভেঙ্গেই শুরু করেছেন কানেরিয়া। দারুণ এক লেগ ব্রেকে বোকা বানিয়েছেন কুম্বলেকে। ২৪ রান করে স্লিপে ইউনিস খানের তালুবন্দী হয়েছেন ভারত অধিনায়ক। পরের ওভারেই হরভজন সিংয়ের (১) লেগ স্টাম্প উপড়ে নিয়েছেন সোহেল তানভির। পরপর দু'বলে কানেরিয়া স্বাগতিক ইনিংসের যতি টেনেছেন জহির খান (৯) ও মুনাফ প্যাটেলকে (০) আউট করে। আগের বলেই কানেরিয়াকে ছক্কা মারা জহির মিড অফে শোয়েব আখতারের দারুণ এক ক্যাচের শিকার। মুনাফ হয়েছেন এলবিডব্লু।
পাকিস্তানের উদ্বোধনী জুটি লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকেছে ২৬ রানে। বাট এবং হামিদ দুজনেরই সংগ্রহ ছিল ১৩ রান করে। লাঞ্চের পর আরো ৪৫ রান যোগ করে আউট হয়েছেন হামিদ। ৩৬ রান করে কুম্বলের বলে লক্ষ্মণকে ক্যাচ দিয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৫০ঘ.
bdnews24