নয়াদিল্লী, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চা-বিরতির খানিকবাদেই শোয়েব আখতারের স্টাম্প উপড়েছেন অনিল কুম্বলে। তারপর পাকিস্তানের লেজ গুটিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন ফিরোজ শাহ কোটলার দর্শকরা। তাদের অপেক্ষাতেই রেখেছেন মিসবাহ-উল হক ও মোহাম্মদ সামি। অষ্টম উইকেটে দুজনের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দিল্লী টেস্টের প্রথম দিনে অলআউট হওয়া ঠেকিয়েছে পাকিস্তান। চার ওভারের বেশি সময় থাকতে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেছে খেলা। দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২১০ রান। মিসবাহ ব্যাট করছেন ৭১ রান নিয়ে। সামি অপরাজিত আছেন ২০ রানে।
টস হারাটাকে বরং পয়মন্ত ভাবতে পারেন অনিল কুম্বলে। ভারতের নেতৃত্বে তার অভিষেক ওই অল্পের ওপর দিয়েই গেছে। এরপর যা ঘটেছে তাতে অনেকক্ষণ মুখের হাসিটা ব্যাপ্তিই পেয়েছে শুধু। ফিরোজ শাহ কোটলার উইকেট এমনিতে লো-বাউন্স। কিন্তু শুরুতে পিচের আদ্রতার পুরোটাই সদ্বব্যবহার করেছেন ভারতীয় পেসাররা। নির্দিষ্ট করে বললে জহির খান। ৩৫ রানের মধ্যেই তিনি ফিরিয়ে দিয়েছেন ওপেনার সালমান বাট ও ওয়ানডাউনে নামা ইউনিস খানকে। দিনের পঞ্চম ওভারেই জহিরের বলে বোল্ড হয়েছেন বাট (১)। ইউনিস (৭) হঠাৎ লাফিয়ে ওঠা বলে হুক করতে গিয়ে স্কোয়ার লেগ বাউন্ডারিতে তালুবন্দী হয়েছেন মুনাফ প্যাটেলের। অধিনায়ক কুম্বলে ১৬তম ওভারেই আক্রমণে এসেছেন। এসেই তুলে নিয়েছেন সাবলীল খেলতে থাকা ইয়াসির হামিদের উইকেটটি। দারুণ এক গুগলিতে বোল্ড হয়েছেন হামিদ ২৯ রান করে।
৩ উইকেটে ৭৪ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল পাকিস্তান। ফিরে এসে আবারও পড়েছে বিপাকে। আর দু'রান যোগ করেই সৌরভ গাঙ্গুলীর বলে এলবিডব্লু হয়েছেন মোহাম্মদ ইউসুফ (২৭)। অধিনায়ক শোয়েব মালিক ফিরে গেছেন কোনো রান না করেই। মুনাফের বলে উইকেটে পেছনে তার ক্যাচ নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর কুম্বলের আঘাত। ষষ্ঠ উইকেটে মিসবাহর সঙ্গে ইনিংস ৩৯ রানের জুটি গড়া কামরান আকমলকে (৩০) বোল্ড করেছেন। ২ রান করে বোল্ড হয়ে তার তৃতীয় শিকার শোয়েব আখতার। মাঝে হরভজন এলবিডব্লু করেছেন সোহেল তানভিরকে (৪)।
লাঞ্চের আগ থেকে একপ্রান্ত আগলে রেখেছেন মিসবাহ একাই। আকমল বাদে তেমন সঙ্গ দিতে পারছিলেন না কেউই। শেষ পর্যন্ত সঙ্গী পেলেন দীর্ঘদিন বাদে বোলার হিসেবে দলে ফেরা সামিকেই। দুজনে মিলেই কুম্বলের হাসিটাকে ম্লান করে গেছেন আম্পায়াররা বেইল তোলা পর্যন্ত। ১৪৮ বল খেলে ফিফটি পুরো করা মিসবাহ তার ৭১ রানের জন্য খেলেছেন ২০৪ বল। বাউন্ডারি মেরেছেন ৫টি, ছক্কা একটি। সামির ৭৭ বলের ইনিংসে দুটো বাউন্ডারি ও একটি ছক্কা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩০ঘ.
bdnews24