ঢাকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২৫ নভেম্বর ঢাকায় চলে আসছেন বাংলাদেশ দলের নতুন কোচ জেমি সিডন্স। ক্রিকেটারদের নিয়ে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে তার নেমে পড়ার কথা ২৭ তারিখেই। প্রস্তুতি শুরুর আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বৃহষ্পতিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের একদিনের ম্যাচে ক্যাচ ধরার সময় বাম হাতের তালুতে ব্যথা পেয়েছেন তিনি। যা নিয়ে এখন ভীষণ দুঃশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "প্রার্থনা করছি, গুরুতর কিছু যাতে না হয়! তাহলে খুব ঝামেলা হয়ে যাবে।"
আশরাফুলের ইনজুরির অবস্থা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সকাল পর্যন্ত। বৃহষ্পতিবার রাতেই রাজশাহী থেকে রাজধানীর উদ্দেশে রওনা হয়ে গেছে ঢাকা বিভাগীয় দল। ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন টেলিফোনে সন্ধ্যা সাড়ে সাতটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে টেলিফোনে জানিয়েছেন, "আমরা একটু পরেই ঢাকার পথে রওনা হচ্ছি। ঢাকায় এসেই আশরাফুলের হাতে এক্সরে করানো হবে। এক্সরে রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাই ইনজুরির ধরন সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে ওর হাত ফুলে আছে।"
সকালে মোহাম্মদ শরীফের বলে ক্যাচ দিয়েছিলেন রাজশাহীর ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। সেটা ধরতে গিয়েই বিপত্তি। ক্যাচ ধরতে না পারলেও বল ঢাকা অধিনায়কের হাতে রেখে যায় ব্যথা। ব্যথা নিয়েই তবু ব্যাটিং করেছেন। ২১ রানে হারা ম্যাচে দলীয় সর্বোচ্চ ৫৫ রানও এসেছে তার ব্যাট থেকেই। এরপরই ব্যথা আরো বেড়ে যায়। ব্যথা যখন ছিলই, তখন ব্যাটিংটা না করলেই কী হতো না? এ প্রশ্নে আশরাফুল বললেন, "দলের দরকার ছিল। তাছাড়া আমার কাছেও মনে হয়েছিল ব্যাটিং করলে এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু ব্যাটিংটা করে আসার পরই দেখলাম ব্যথাটা বেড়ে গেছে। এখনো বেশ ভালোই ব্যথা করছে।"
অন্যরা তার ইনজুরি গুরুতর কিনা তা নিয়ে যখন দুঃশ্চিন্তায়, তখন বাংলাদেশ অধিনায়ক অবশ্য আশ্বস্তই করছেন সবাইকে, "এখন ব্যথা করলেও মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়নি। এক্সরে করলেই বোঝা যাবে। আশা করছি তেমন কিছুই হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.
bdnews24