মুম্বাই, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ পর্যন্ত জয় হল বিসিসিআই-এর। দিলীপ ভেংসরকারের পত্রিকায় কলাম লেখা নিয়ে বেশ কিছু দিন ধরে আপত্তি জানিয়ে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সেই আপত্তিতে সাড়া না দিয়ে লেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি কয়েকটি পত্রিকায় সাক্ষাৎকারও দিয়েছিলেন ভারতের প্রধান নির্বাচক ভেংসরকার। ক্ষুব্ধ-অপমানিত ক্রিকেট বোর্ড তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর টনক নড়েছে ভারতের সাবেক অধিনায়কের। বোর্ডের কাছে পত্রিকায় আর কলাম না লেখার 'নিঃশর্ত নিশ্চয়তা' দিয়েছেন তিনি।
ভারতের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক সহ মারাঠি পত্রিকা 'সকাল' ও হিন্দি দৈনিক 'অমর উজালা'য় বেশ কিছু দিন ধরেই কলাম লিখছিলেন ভেংসরকার। তা নিয়ে আপত্তি করার পরও কোনো কাজ না হওয়ায় কঠিন সিদ্ধান্তটা নেয়ার কথা জানিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ, "আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবো। কারণ বোর্ড তার মনযোগ আকর্ষণ ও লেখার ওপরে নিষেধাজ্ঞা জারির পরও তিনি লেখা চালিয়ে গেছেন। "
বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা তো আরো আক্রমণাত্মক ভাষায় হুমকি দিয়েছিলেন ভেংসরকারকে, "বিসিসিআই-এর কথা হল কলামিস্টের কাজ চালিয়ে যেতে চাইলে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে পারেন।" বৃহস্পতিবার ভারত-পাকিস্তান দিল্লী টেস্টের প্রথম দিনশেষে সে-ই রাজিব শুক্লাই জানালেন প্রধান নির্বাচকের আত্মসমর্পণের কথা, "বোর্ড প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও বিসিসিআই-এর অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ মিটিং করেছেন ভেংসরকার। এর পর তিনি আর কলাম না লেখার নিশ্চয়তা দিয়েছেন।"
বছর খানেক আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর থেকেই ভেংসরকার কলাম লিখে আসছিলেন। পত্রিকায় কলাম লিখে ঝামেলায় পড়া তার জন্য নতুন ঘটনা নয়। ১৯৮৯ সালে পাকিস্তান সফরের আগে এই কারণে ৬ মাসের জন্য সাসপেন্ডও হয়েছিলেন ভেংসরকার। সেজন্যই বোধহয় এবার কোনো ঝুঁকি নিলেন না তিনি!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৫ঘ.
bdnews24