চট্টগ্রাম, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চম রাউন্ডে এসে অবশেষে প্রত্যাশিত জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। বুধবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সিলেটের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩ রানে হারিয়ে পঞ্চম রাউন্ড শেষেও চারদিনের ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিশ্চিত করেছে খুলনা। ওদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে হেরে গেছে ঢাকাও। ব্যবধান ৭০ রানের। ৩২৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা ঢাকা অলআউট হয়ে যায় ২৫২ রানে।
৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম রাউন্ড শুরু করা খুলনা বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং ও বোলিং থেকে সর্বোচ্চ ৮ বোনাস পয়েন্টই তুলে নিয়েছিল। সেই সঙ্গে সরাসরি জয়ে এই ম্যাচ থেকে সর্বোচ্চ ১৬ পয়েন্টই যোগ করে নিয়েছে তারা। ৬২ পয়েন্ট নিয়ে তারা আপাতত অন্যদের ধরাছোঁয়ার বাইরে। আর ৪২ পয়েন্ট নিয়ে ঢাকা ও রাজশাহীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থেকে শুরু করা বরিশালের (৪৬) ভাগ্যে এই রাউন্ড থেকে মাত্র ৪ বোনাস পয়েন্ট জুটেছে। সরাসরি জয় এবং বোনাসসহ মোট ১৩ পয়েন্ট যোগ করা রাজশাহী (৫৫) এখন পয়েন্ট তালিকায় এককভাবেই দ্বিতীয় স্থানে চলে গেছে। এই রাউন্ড থেকে ৫ বোনাস পয়েন্ট পাওয়া ঢাকা (৪৭) আছে তাদের ঠিক পরেই। এই রাউন্ড শুরুর আগে পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল সিলেট ও চট্টগ্রাম। এখনো তাই আছে। তবে সিলেটের বিপক্ষে সরাসরি জয়সহ ১৫ পয়েন্ট যোগ করে অনেকখানি এগিয়ে গেছে চট্টগ্রাম (৩৭)। প্রথম ইনিংসে চট্টগ্রামকে অলআউট করে ৪ বোনাস পয়েন্ট যোগ করা বরিশাল (২৫) শেষেই থেকে গেছে।
জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য ছিল ১৫৯ রানের। মাত্র ৪১.৫ ওভারেই ১৬১ রান তুলে নেয় তারা ৪ উইকেট হারিয়ে। দুই ওপেনার গাজী সালাউদ্দিন (২৫) ও নাফিস ইকবাল (৩৪) মিলে একটা ভালো শুরু দেওয়ার পরও চট্টগ্রাম মাঝে কিছুটা খেই হারিয়েছিল। নাজিমউদ্দিন (০) ও আফতাব আহমেদ (৬) দ্রুতই ফিরে যাওয়ার পর অবশ্য আর পা হড়কাতে দেননি অধিনায়ক এহসানুল হক সিজান (৪৭*) ও ফয়সাল হোসেন (৩৪*)। তাদের অবিচ্ছিন্ন জুটি প্রথম জয়ের আনন্দে ভাসায় চট্টগ্রামকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে এই জয়ের ভিত গড়ে দেওয়া ওপেনার গাজী সালাউদ্দিন পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
আগেরদিনই জয় একরকম নিশ্চিত করে রেখেছিল খুলনা। দেখার ছিল, বরিশাল ইনিংস হার এড়াতে পারে কিনা। তা এড়ানোর জন্য ৫৭ রান দরকার ছিল ফলোঅনে পড়া বরিশালের। কিন্তু ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করা শাহরিয়ার নাফীসের দল আর মাত্র ৫৪ রান যোগ করেই হারায় বাকি চারটি উইকেট। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৭ রানে। খুলনার পক্ষে সৈয়দ রাসেল ৩৩ রানে ৪টি এবং মাশরাফি বিন মর্তুজা ৬৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। তবে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তুষার ইমরানই।
শেষ দিনে ঢাকার বিপক্ষে প্রত্যাশিত সেঞ্চুরির দেখা পাননি ফরহাদ রেজা। তার ৯৮ এবং দলের ৯ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা রাজশাহীকে থেমে যেতে হয় ওই সংগ্রহেই। ৩২৩ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামা ঢাকাকে আল-শাহরিয়ার (৪৪) ও মাহমুদুল্লাহ রিয়াদদের (৪০) বিদায়ের পর টানছিলেন অধিনায়ক। লাঞ্চের আগেই ফিফটি করে ফেলা আশরাফুল ৫৮ রান করে আউট হওয়ার পরই ঢাকা শিবিরে দেখা দেওয়া হারের শঙ্কাটাই সত্যি হয়েছে শেষপর্যন্ত ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭১৫ঘ.
bdnews24